সাক্ষীরা হাজির না হওয়ায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের বিরুদ্ধে দায়ের হওয়া আটটি মামলার বিচার থমকে আছে চট্টগ্রামের আদালতে। কয়েকটি মামলায় গত দেড় বছর ধরে ধার্য দিনে কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি পুলিশ।
এতে একদিকে মামলাগুলো ঝুলে যাচ্ছে, অন্যদিকে সাক্ষীর অভাবে জঙ্গিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা কঠিন হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
আটটি আলোচিত মামলা হলো—চট্টগ্রাম আদালতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলা, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিস্ফোরক উদ্ধার, দুই বিচারকের এজলাসে বোমা হামলার দুই মামলা, মুফতি ইজাহার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দুই মামলা এবং হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প আবিষ্কারের দুটি মামলা।
এই আটটি আলোচিত মামলার মধ্যে আদালত প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলা মামলার অন্যতম আসামি ছিলেন ২৩ ফেব্রুয়ারি ছিনতাই হওয়া জেএমবির জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান।
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম এ বিষয়ে বলেন, সাত বছরেও জঙ্গিদের মামলাগুলোর বিচার না হওয়া সত্যিই দুঃখজনক। বিষয়টি চাঞ্চল্যকর মামলা মনিটরিং কমিটির সভায় তুলে ধরা হবে।
সাক্ষীদের হাজির করতে না পারা প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, আগামী ধার্য তারিখে সাক্ষীদের হাজির করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বলা হয়েছে।
আদালতে আত্মঘাতী বোমা হামলা মামলা: ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেক পোস্টের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।
গত দুই বছরেও আদালতে হাজির হননি চট্টগ্রাম আদালতে বোমা হামলা মামলার কোনো সাক্ষী। এমনকি মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৮ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলেও সাক্ষীরা না আসায় নিষ্পত্তি হয়নি। মামলাটি বর্তমানে প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।
মামলায় ৭৭ জন সাক্ষীর মধ্যে গত সাড়ে পাঁচ বছরে মাত্র ২৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
কারাগারে বিস্ফোরক উদ্ধার মামলা: কারাগারে থেমে নেই জঙ্গিদের অপতৎপরতা। ২০০৮ সালের ৫ আগস্ট চট্টগ্রাম কারাগার থেকে বিস্ফোরক তৈরিতে সহায়ক বই ও জিনিসপত্র উদ্ধার করা হয় জঙ্গি শফিকুল ইসলামের কাছ থেকে।
এ ঘটনায় তৎকালীন জেলার গিয়াস উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ চার্জশিট দাখিল করে। মামলার আটজন সাক্ষীর মধ্যে মাত্র পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বর্তমানে মামলাটি প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। ধার্য দিনে মামলাটি সাক্ষী হাজির হচ্ছে না বলে রাষ্ট্রপক্ষের কৌসুলি জানান।
দুই বিচারকের এজলাসে বোমা হামলার মামলা: আট বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম আদালতের দুই বিচারকের এজলাসে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলার দুটি মামলার বিচার শেষ হয়নি। বর্তমানে মামলা দুটি মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন। কিন্তু সাক্ষীরা হাজির না হওয়ায় মামলা দুটি নিষ্পত্তি হচ্ছে না।
২০০৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে জেএমবি জঙ্গি শাহাদাত আলী ওরফে লাল্টু বোমা হামলা চালান। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
মুফতি ইজহারসহ আট হুজির দুই মামলা: চট্টগ্রাম জেলার রাউজান রাবারবাগান গোদারপাড় এলাকায় পাহাড়ের চূড়ায় আড়াই বছর আগে হরকাতুল জিহাদ (হুজি) সদস্যদের প্রশিক্ষণকালে জিহাদী বই ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে ইসলামী ঐক্যজোট একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামসহ আট হুজি সদস্যের বিরুদ্ধে র্যাবের দায়ের করা দুটি মামলার বিচার ঝুলে আছে সাক্ষীরা হাজির না হওয়ায়।
মামলার নথিতে দেখা গেছে, বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনের দায়ের করা দুটি মামলায় আটজন আসামী রয়েছেন। তাঁরা হলেন- মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, হুজি সদস্য মাহফুজুর রহমান, আবুল ফারাহ রুম্মান, আবুল কালাম, সালাউদ্দিন হোসাইন ভুইয়া, আবদুল্লাহ আল আমিন, মোহাম্মদ নোমান ও সাব্বির আহমেদ ওরফে আবদুল হান্নান। আসামীদের মধ্যে মুফতি ইজাহার উচ্চ আদালত থেকে জামিনে নিয়েছেন ২০১১ সালের ১০ নভেম্বর। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মোহাম্মদ নোমান। অন্য ছয় আসামী কারাগারে রয়েছেন।
মামলা দুটি বর্তমানে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। বিস্ফোরক মামলায় সাক্ষী রয়েছেন ২৫ জন। এরমধ্যে গত আড়াই বছরে সাক্ষ্য দিয়েছেন মাত্র চার জন। একই অবস্থা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার। এ মামলায় ৩০ জন সাক্ষীর মধ্যে তিনজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প মামলা: নয় বছর পেরিয়ে গেলেও হাটহাজারী ও রাঙ্গুনিয়া থানায় জঙ্গি ক্যাম্প আবিষ্কারের মামলা দুটি এখনো নিষ্পত্তি হয়নি। সাক্ষীরা ধার্য দিনে হাজির না হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে রাষ্ট্রপক্ষের কৌসুলি জানান। হাটহাজারীর দুর্গম পাহাড়ের মুলাতলী এলাকায় জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প আবিষ্কার ঘটনায় হওয়া মামলায় গত নয় বছরে ৪৪ জন সাক্ষীর মধ্যে মাত্র ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় আদালতে। গত এক বছর ধরে কোনো সাক্ষীকে হাজির করতে পারছে না পুলিশ।
হাটহাজারীর মতো রাঙ্গুনিয়া থানার রাষ্ট্রদ্রোহ মামলাটিও দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ঝুলে আছে। মামলার ১৫ জন সাক্ষীর মধ্যে মাত্র পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে।