সাক্ষী ইউরোপিয়ান ক্লাব
‘২৪ সেপ্টেম্বর, রাত তখন সাড়ে নয়টা হবে, ক্লাবঘর থেকে বিপ্লবী বন্ধু আক্রমণের নিশানা দেখাল। নেত্রী প্রীতিলতা নির্দেশ দিলেন আক্রমণের। বিপ্লবী ভাইয়েরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ক্লাবগৃহের ওপর। ঘন ঘন গুলি ও বোমার আওয়াজে চত্ব্বরটি কেঁপে উঠল। সাহেবদের নাচের আসরকে, গানের জলসাকে শ্মশানে পরিণত করে দিয়ে বিপ্লবীরা ফিরে এসেছিল। ফেরেনি শুধু একজন, সেদিনকার দুঃসাহসী অভিযানের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার।’১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর তৎকালীন ইউরোপিয়ান ক্লাবে হামলার এই বিবরণ দিয়েছেন বীরেশ্বর রায় তাঁর এক লেখায়। প্রীতিলতার নেতৃত্বে সেদিন তিনিও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এই অভিযানে।ব্রিটিশবিরোধী আন্দোলনের স্বর্ণযুগের সাক্ষী সেদিনকার ইউরোপিয়ান ক্লাব এখন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়।পাহাড়তলীর আমবাগান রেলগেট পার হয়ে মিনিট দশেক হাঁটলেই ইউরোপিয়ান ক্লাব বা রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়। টিনের ছাউনি দেওয়া বাংলো প্যাটার্নের বাড়ি। ফটক পেরোলেই চোখে পড়বে কার্যালয়ের নামফলক। ফলকের নিচে সাদা গ্রিলে ঘেরা মূল দরজা। এরপর টানা বারান্দাযুক্ত মিলনায়তন।গত মঙ্গলবার সকালে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে দেখা গেল, পাঁচ-ছয়জন কর্মকর্তা ফাইলপত্র নিয়ে কাজ করছেন সুপরিসর মিলনায়তনে। মোটা কাঠের পাত দিয়ে এই কক্ষের মেঝে তৈরি। জানা গেল এটি ছিল ক্লাবের নাচঘর। এই ঘরটির পর আছে আরও একটি ছোট ঘর। সেখানে বিলিয়ার্ড খেলা হতো। এখন এই ঘরটি কার্যালয়ের নকশা শাখা।কার্যালয়ের প্রধান সহকারী শফিকুর রহমান জানান, ঐতিহাসিক এই ভবন দেখতে প্রায়ই লোকজন আসেন। অফিস সহকারী বাদল চন্দ্র দে বলেন, ‘আমরা চাই ভবনটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। এতে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে।’ উপসহকারী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ‘সামনের প্রবেশপথে গ্রিল নির্মাণ করা ছাড়া মূল ভবনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। এ ছাড়া ভবনের চারদিকে সীমানাপ্রাচীরও তখন ছিল না। কাঠের বড় বড় পাল্লা দিয়ে তৈরি ছাদ মেঝে থেকে প্রায় ২০ ফুট উঁচু। সিলিংয়ে বড় লোহার পাতে ঝুলত হাতে টানা পাখা।’ ভবনের সামনের দেয়ালে একটি ফলকে সংক্ষিপ্তভাবে এখানে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে প্রীতিলতার আত্মাহুতির তারিখ উল্লেখ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। রাস্তার মোড়ের দুটি স্মৃতিফলকেও একই তারিখ লেখা আছে। অথচ সেই প্রীতিলতার সহযোদ্ধা বিপ্লবী কল্পনা দত্ত, বীরেশ্বর রায় ও পূর্ণেন্দু দস্তিদারের বইতে লেখা আছে, ২৪ সেপ্টেম্বর রাত নয়টা থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটেছে।এই ভবনের পাশেই পাহাড়তলী রেলওয়ে স্কুল। বিদ্যালয়টির ফটক থেকে রাস্তায় বের হলেই চোখে পড়ে এই স্মৃতিফলক। কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু চেনে প্রীতিলতাকে? বিদ্যালয়ে গিয়ে দেখা গেল, বিভিন্ন শ্রেণীর ক্লাস চলছিল তখন। অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রশ্ন করা হলে সবাই উত্তর দেয়, ‘প্রীতিলতাকে চিনি।’ কিন্তু কী কারণে প্রীতিলতা বিখ্যাত তা ঠিকভাবে বলতে পারল না কেউই।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদা জানান, প্রীতিলতার আত্মাহুতি দিবস সরকারি দিবস নয় বলে পালন করা হয় না। তবে শিক্ষার্থীদের প্রীতিলতা সম্পর্কে বিভিন্ন সময়ে জানানো হয়েছে।মুক্তিযুদ্ধের সংগঠক লেখিকা বেগম মুশতারী শফী এ প্রসঙ্গে বলেন, ‘তরুণ প্রজন্ম যে প্রীতিলতাকে চেনে না এর জন্য আমরাই দায়ী।’ তিনি আগামী প্রজন্মের স্বার্থে প্রীতিলতার স্মৃতিবিজড়িত ইউরোপিয়ান ক্লাবকে জাদুঘরে পরিণত করার দাবি জানান। এ জন্য সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।ইতিহাসবিদ ও গবেষক শামসুল হোসেন জানান, প্রীতিলতার স্মরণে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়কে জাদুঘরে পরিণত করা উচিত। এ জন্য যথাযথ জরিপ ও তথ্য সংগ্রহের কাজ শুরু করতে হবে।বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, ‘প্রীতিলতা আমাদের গর্ব। তাঁর স্মৃতি সংরক্ষণের ব্যাপারে রেলওয়ে সহযোগিতা করবে।’বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘প্রীতিলতার স্মরণে জাদুঘর করার বিষয়ে কোনো প্রস্তাব সরকারের পক্ষ থেকে আসেনি। এ ব্যাপারে প্রস্তাব দেওয়া হলে রেলওয়ে তা বিবেচনা করবে এবং সহযোগিতা করবে।’প্রীতিলতার স্মৃতি সংরক্ষণ কতটুকু জরুরি তা স্পষ্ট হলো চটপটি-বিক্রেতা মনির উদ্দিনের সঙ্গে কথা বলার পর। স্মৃতিফলকের পাশেই গত ছয় বছর ধরে চটপটি বিক্রি করছেন তিনি। প্রীতিলতার নাম শুনেছেন কিনা এমন প্রশ্ন করতেই হ্যাঁ-সূচক জবাব দিলেন তিনি। তাঁর দৃঢ় ও স্পষ্ট জবাব, ‘প্রীতিলতা আমেরিকার মেয়ে।’