সাক্ষী হাজিরে ও তদন্তে 'ঘুরপাক' খাচ্ছে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ৮ জুলাই। নগরের ডবলমুরিং থানার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৬ জন ব্যক্তিকে উদ্ধার করে র‍্যাব। মালয়েশিয়ায় পাচারের জন্য তাঁদের জড়ো করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ঝিনাইদহের আবদুল মজিদ বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ আইনে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পাচারকারী সুরুজ্জামান শামীম ও জহিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। গত বছরের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। কিন্তু মামলার ১৮ সাক্ষীর মধ্যে একজন সাক্ষীও ধার্য দিনে হাজির হননি। ফলে বিচারকাজ অনেকটাই থমকে আছে।

অন্যদিকে তদন্তাধীন মামলাগুলোর মধ্যে আলোচিত পতেঙ্গা থানার মামলাটি। গত বছরের ১৮ নভেম্বর বঙ্গোপসাগর হয়ে ট্রলারে করে মালয়েশিয়া যাত্রাকালে নৌবাহিনীর সদস্যরা ৬২৫ জনকে উদ্ধার করেন। এ ঘটনায় পতেঙ্গা থানায় দায়ের হওয়া মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। প্রায় বছর হতে চললেও মামলার তদন্ত শেষ হয়নি।

চট্টগ্রামে মানব পাচার প্রতিরোধ আইনে করা বেশির ভাগ মামলাই এখন সাক্ষী হাজিরে ও তদন্তে ঘুরপাক খাচ্ছে। অথচ আইন অনুযায়ী, ১৮০ কার্যদিবসের মধ্যে মামলার নিষ্পত্তি হওয়ার কথা। সরকারি কৌঁসুলিরাও সাক্ষী হাজির না হওয়ায় মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না বলে জানিয়েছেন। চট্টগ্রামে মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল না থাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই আইনে করা মামলার বিচারকাজ চলছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সাল থেকে নগর ও জেলায় মানব পাচার প্রতিরোধ আইনে ৬৭টি মামলা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র দুটি। বিচার শুরু হয়েছে ৫০টির। তদন্তাধীন রয়েছে ১৫টি মামলা।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর সরকারি কৌঁসুলি এম এ নাছের চৌধুরী প্রথম আলোকে বলেন, ধার্য দিনে সাক্ষীরা হাজির হলে নির্ধারিত সময়ের মধ্যে মানব পাচার আইনে করা মামলাগুলো নিষ্পত্তি হয়ে যেত। কিন্তু আদালত থেকে বারবার সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ সাক্ষীদের হাজির করতে পারছে না।

সাক্ষীদের হাজির করতে চেষ্টা চলছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। তিনি বলেন, ঠিকানা বদলের কারণে অনেক সাক্ষীকে পাওয়া যায় না।

পতেঙ্গা থানার মামলাটির তদন্ত সম্পর্কে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন প্রথম আলোকে বলেন, এ মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে পাঁচজন চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে জড়িত অনেক আসামির নাম উঠে এসেছে। তাঁদের গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত আছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ারও চেষ্টা রয়েছে।

মানব পাচারের মামলায় বিচারকাজ ধীরগতিতে হওয়ায় পাচারকারীরা উৎসাহিত হচ্ছেন বলে মনে করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, মানব পাচার প্রতিরোধ দমন আইনে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন এবং সর্বনিম্ন পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। আইনে রয়েছে, ১৮০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। এ ছাড়া মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রামকে পাচারকারীরা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে থাকেন। এ জন্য চট্টগ্রাম আদালতে মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল গঠন করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত।

আগে আশঙ্কাজনক হারে সমুদ্রপথে মানব পাচার হলেও এখন আকাশপথকেও ব্যবহার করছেন পাচারকারীরা। অবৈধভাবে লিবিয়ায় যাওয়ার সময় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দেড় বছরে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। সর্বশেষ ১২ অক্টোবর এই বিমানবন্দর থেকে ৩৯ জনকে উদ্ধার করে র‍্যাব।

আকাশপথে চট্টগ্রাম-দুবাই-তুরস্ক হয়ে লিবিয়ায় যেতে চেয়েছিলেন তাঁরা। ৩৯ জনকে জিজ্ঞাসাবাদ করে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ৩০ জন দালালের একটি তালিকা করেছে র‍্যাব। তবে তাঁদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার হওয়া যুবকেরা জানিয়েছেন, তাঁদের অনেক আত্মীয়স্বজন আকাশপথে লিবিয়া হয়ে ইতালি গেছেন। এ জন্য তাঁরাও উৎসাহিত হয়েছেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, ১২ অক্টোবর বিমানবন্দর থেকে ৩৯ জনকে উদ্ধারের ঘটনায় মানব পাচার আইনে থানায় দুটি মামলা করেছে র‍্যাব। দুই মামলায় শুধু নাম উল্লেখ করে ৩২ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জন দালাল এবং দুজন ট্রাভেল এজেন্সির মালিক। আসামি মানব পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদও জানালেন, মানব পাচারকারীদের মূল হোতাসহ দালালদের ধরতে র‍্যাবের একাধিক দল কাজ করছে।

এদিকে গত ১৬ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সভায়ও মানব পাচারকারীরা চট্টগ্রাম শহরকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে বলে উল্লেখ করা হয়। সভায় মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাক্ষী হাজির করানো, আসামি গ্রেপ্তার ও তদন্তাধীন মামলা দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যসচিব জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসীকল্যাণ শাখার সহকারী কমিশনার শারমিন আখতার প্রথম আলোকে বলেন, প্রতি তিন মাস অন্তর মানব পাচার প্রতিরোধ কমিটির সভা হয়। সভায় তদন্তাধীন ও বিচারাধীন মামলাগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া গত সভায় আকাশপথে মানব পাচার বন্ধের লক্ষ্যে বিমানবন্দরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য চাহিদা সাপেক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত হয়।