সাক্ষী হাজিরের উদ্যোগ, মামলার দ্রুত নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সাক্ষীর অভাবে বছরের পর বছর ঝুলে থাকত মামলা। ধার্য দিনে সাক্ষী হাজির করতে বেগ পেতে হতো। এভাবে বছরের পর বছর মামলা চললেও নিষ্পত্তি হতো না। এখন সেই চিত্র পাল্টাচ্ছে। জট কমানোর উদ্যোগ নেওয়ায় দ্রুত নিষ্পত্তি হচ্ছে মামলা।
গত দুই বছরে ৬৫ হাজার ৩৬৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৩২ বছর আগের পুরোনো মামলাও রয়েছে। ধার্য দিনে আদালতে সাক্ষীর হাজিরা নিশ্চিত করায় মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে আইনজীবীরা জানান। বর্তমানে এই আদালতে ১৭ হাজার ৭৪৮টি মামলা বিচারাধীন রয়েছে।
আইনজীবী ও বিচারপ্রার্থীরা জানান, সাক্ষীদের ধার্য দিনে আদালতে হাজির করতে সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তঁাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্ট থানার পুলিশ প্রতিবেদন দেয়। ফলে মামলা নিষ্পত্তি হতো না। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর যোগদান করার পর মামলা দ্রুত নিষ্পত্তি করতে নানা উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে তিনি প্রতি মাসে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায় সাক্ষী হাজির না হওয়া মামলাগুলোর তালিকা করে সংশ্লিষ্ট থানার পুলিশকে কড়া নির্দেশ দেন। পুলিশের পাশাপাশি সাক্ষীদের হাজির করতে সংশ্লিষ্ট বেঞ্চ সহকারীরাও যোগাযোগ শুরু করেন। এতে আদালতে হাজির হয়ে সাক্ষীদের আর ঘুরতে হয় না।
১৯৮৪ সালের ৪ নভেম্বর প্রবাসী নুরুল আজিমের কর্মচারী নুরুল ইসলাম বাজারে যাওয়ার পথে হামলার শিকার হর। তাঁকে মারধর করে জখমের অভিযোগে রাউজান থানায় মামলা করা হয়। দীর্ঘদিন ঝুলে থাকা এই মামলায় গত বছরের ১০ নভেম্বর রায় দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় রায়ের আদেশে ১০ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
একইভাবে ১৯৮৭ সালের ২৯ ডিসেম্বর বাঁশখালীর আবদুল মালেকের স্ত্রী মোস্তফা খাতুনকে মারধরের অভিযোগের মামলায় গত বছরের ৭ ডিসেম্বর ১৫ আসামিকে বেকসুর খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন বিচারক। এ ছাড়া ১৯৯০ সালের ২৯ ডিসেম্বর বাঁশখালীর চাম্বল বাজারে যাওয়ার পথে মোস্তফা আলী নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগে আসামি আবদুস সালামকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন বিচারক। এভাবে ১৫ থেকে ৩০ বছরের অনেক পুরোনো মামলা নিষ্পত্তি হয়।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৪ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা নিষ্পত্তি হয় ৬৫ হাজার ৩৬৬; যা গত দুই বছরের তুলনায় ১৮ হাজার ৭৬৪টি বেশি।
সাক্ষীদের হাজির করতে জেলার ১৮টি থানার প্রতিটি পরিদর্শনে বের হন জ্যেষ্ঠ বিচারিক হাকিম। কোনো কোনো থানায় একাধিকবার পরিদর্শন করেছেন এই বিচারক। থানায় গিয়ে সাক্ষীর সমন পর্যবেক্ষণ করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষীদের হাজিরা, গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা তামিলের নির্দেশ দেন। নিয়মিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি বৈঠকের ব্যবস্থা করে আলোচনার মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির পথে বাধা চিহ্নিত ও সমাধানের পথ বের করেন।