সাক্ষী হয়ে রইল প্রেমময় সোনালি দিনগুলো...
আসিফ রহমান (ছদ্মনাম) ও নাবিলা রহমানের (ছদ্মনাম) দাম্পত্য জীবনের ছেদ ঘটেছে সম্প্রতি। চট্টগ্রাম সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁদের বিচ্ছেদ ঘটান। বিয়ের আগে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেন। ছাত্রজীবনে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক ছিল পাঁচ বছর। পরে সফল পরিণতির দিকে গড়ায়। কিন্তু সামান্য ভুল-বোঝাবুঝি ও পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব থেকে দুজনার দুটি পথ আলাদা হয়ে গেল। সালিসি পরিষদে তাঁদের বক্তব্য এবং চেয়ারম্যানের দেওয়া আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো।প্রথমপক্ষ আসিফ রহমান বলেন, ‘স্যার, আমি আর সহ্য করতে পারছি না। এই সংসার আর চাই না। আমার তালাক কার্যকর করা হোক।’ দ্বিতীয়পক্ষ নাবিলা রহমান বলেন, ‘স্যার, বিনা কারণে ও তালাক চাচ্ছে। তালাক হওয়ার মতো কিছুই ঘটেনি।’আসিফ জবাবে বলেন, ‘স্যার, সবকিছুতেই ওর যত অভিযোগ। ও এখন কানাডায় থাকে। সেখানে পড়াশোনা শেষে চাকরি পাওয়ার পর ওর মাথা খারাপ হয়ে গেছে। এ দেশের কিছুই এখন আর ভালো লাগে না ওর। ধুলোবালি, যানজট থেকে শুরু করে দেশের সবকিছুই তার কাছে অস্বস্তিকর হয়ে গেছে।’নাবিলা কথা টেনে নিয়ে বলেন, ‘এসব কোনো কথা হলো নাকি।’ আসিফ বলেন, ‘স্যার, আমার মাসহ পরিবারের সব সদস্যের বিরুদ্ধে ওর যত অভিযোগ। আমার পক্ষে এই সংসার চালিয়ে যাওয়া সম্ভব নয়।’ আসিফের উদ্দেশে নাবিলা বলেন, ‘তোমার মা কিংবা পরিবারের অন্য সদস্যরা তো আমার জন্য কোনো ত্যাগ স্বীকার করেনি। ওরা দোতলায় থাকবে। আর আমি নিচতলায় থাকতে চেয়েছিলাম। এটা তো দোষের হতে পারে না।’ জবাবে আসিফ বলেন, ‘যাক, আমি আর অত কিছু বলতে চাই না। আমাদের মধ্যে আর হবে না।’নাবিলা কিছুটা আবেগতাড়িত হয়ে বলেন, ‘অত কিছু বলবে না কেন! সবকিছু খোলাসা হওয়া দরকার। তুমি অন্যায়ভাবে আমাকে তালাক দেবে, তা তো হতে পারে না।’ আসিফ বলেন, ‘স্যার, সে কানাডায় গিয়ে পারভেজ (ছদ্মনাম) নামের এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। আমি সব জানতে পেরেছি।’নাবিলা এ পর্যায়ে রেগে ওঠেন। বলেন, ‘আসিফ, সংসার করতে চাও না, ভালো কথা, কিন্তু মিথ্যা দোষারোপ করবে না।’ আসিফ এ সময় কোনো মন্তব্য না করে চুপচাপ একদিকে তাকিয়ে থাকেন।নাবিলা আবার বলেন, ‘আমি কানাডায় একাকী জীবন কাটিয়েছি। কত কষ্ট করেছি, একা একা থেকেছি, তুমি কি খবর রেখেছ? আমি অসুস্থ হয়ে মরতে বসেছিলাম। তিন মাস খেতে পারিনি। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তোমাকে কত অনুনয়-বিনয় করেছি। তুমি তো একটি বারের জন্যও আমাকে দেখতে যাওনি। তোমার কি টাকার অভাব? তুমি তো বহুজাতিক কোম্পানিতে চাকরি করো। এক লাখ টাকার ওপরে বেতন পাও। ধরলাম, টাকার সমস্যা, কিন্তু আমি নিজেই তো তোমাকে বিমান ভাড়া দিতে চেয়েছিলাম। আমার একাকিত্বে কারও কারও সহায়তা আমাকে নিতে হয়েছে।’নাবিলার কথা শেষ না হতেই আসিফ বলেন, ‘আমার কাছে প্রমাণ আছে।’ নাবিলা ভেজা কণ্ঠে অশ্রুভরা নয়নে আসিফকে প্রশ্ন করেন, ‘কী প্রমাণ আছে তোমার?’ আসিফ নিশ্চুপ তাকিয়ে থাকেন। অনেকটা শূন্য দৃষ্টি তাঁর চোখে। চেহারা ভাবলেশহীন।নাবিলার কথার জবাব না দিয়ে আসিফ সালিসি পরিষদকে বলেন, ‘স্যার, আমরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছি। উচ্চ শিক্ষার্থে নাবিলা কানাডা যাওয়ার পর থেকে বদলে যেতে থাকে। আমাদের পাঁচ বছরের প্রেম, পাঁচ বছরের সংসার। মোট ১০ বছরের সম্পর্ক তো স্যার এমনি এমনি ভাঙতে চাই না। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। ও আমাকে, আমার মাকে ও আমার পরিবারের অন্য সদস্যদের অনেক অপমান করেছে। ওর সঙ্গে সংসার করতে হলে আমি শেষ হয়ে যাব।’ নাবিলা এ পর্যায়ে আকুল কণ্ঠে বলেন, ‘স্যার, আমি সংসার করতে চাই।’ আসিফ বলেন, ‘স্যার, আমার প্রতি টান থাকলে ও তো ওর প্রাক্তন প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখতে পারত না।’নাবিলা অত্যন্ত আত্মবিশ্বাসের ভঙ্গিতে বলেন, ‘আসিফ, ওটা আমার অতীত। ওটা নিয়ে তুমি ঘাঁটাঘাঁটি করছ কেন? আমি তো তোমার কাছে কোনো কিছু গোপন করিনি। ওর সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে অনেক আগে। ও আমার আত্মীয়। আমার মায়ের অসুস্থতার সংবাদ জানাতে ও আমাকে ফোন করে।’আসিফ সরাসরি জবাব না দিয়ে সালিসি পরিষদকে বলেন, ‘স্যার, ওর মধ্যে কোনো দুর্বলতা না থাকলে ও বান্ধবীর নাম দিয়ে সেই ছেলের নাম মোবাইলে সেভ করত না। স্যার, আমার তালাক কার্যকর করা হোক।’আসিফের কথা শুনে নাবিলা বলেন, ‘আসিফ, আমার সঙ্গে সংসার করতে চাও না, ঠিক আছে। তাই বলে অত অজুহাত দাঁড় করাচ্ছ কেন?’ এ সময় নাবিলার কণ্ঠে প্রচণ্ড আত্মমর্যাদাবোধ। নাবিলা সালিসি পরিষদকে শান্ত ভঙ্গিতে বলেন, ‘স্যার, ওর সঙ্গে আমার হবে না। আপনি তালাক কার্যকর করে দেন।’ এটা বলেই তিনি সালিসি পরিষদের কক্ষ থেকে বেরিয়ে যান। আসিফ নীরবে দাঁড়িয়ে থাকেন। আসিফ ও নাবিলা পরস্পরের প্রতি যে অভিযোগ-অনুযোগ করেছেন, তা সালিসি পরিষদের বিচার্য বিষয় নয়। কার বক্তব্য সত্য, তা-ও এই পরিষদ নির্ধারণ করতে চায় না। তবে এ কথা বলা যায়, অসাধারণ মেধাবী দুই তরুণ-তরুণীর পরিণতি ঘটেছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস ও আস্থার অভাবে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ক্যাম্পাস তাঁদের প্রেমময় সোনালি দিনগুলোর নীরব সাক্ষী। সচেতন ব্যক্তিমাত্রই জানেন, তরুণ-তরুণীদের মধ্যে দুঃখজনকভাবে বিবাহবিচ্ছেদের হার বেড়েই চলেছে—যা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি বিচ্ছেদই বেদনাদায়ক। অনেক অশ্রুমালা জমা পড়ে জীবননদীর স্রোতে। হূদয়ের সূক্ষ্মতম অনুভূতিতে কষ্টের কাঁটা জনম জনম বিঁধতে থাকে। ভুক্তভোগী ছাড়া কেউই টের পায় না, কেউই বুঝতে পারে না। আশপাশের মানুষগুলোও না। কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতাও যেন সেই কথা বলছে। ‘যত দিন ভবে না হবে, না হবে, তোমার অবস্থা আমার সম,/ ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে, যাতনা মম।’বিধিবদ্ধ ৯০ দিন পার হয়েছে। মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী তালাক কার্যকর হলো।