চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে মামলা নিষ্পত্তির হার বাড়ছে। গত বছরে ৩২ হাজার ৮৯৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে বিচারাধীন রয়েছে ২০ হাজার ৫৭১টি মামলা। এর আগের বছর ২০১৪ সালে ২৫ হাজার ৫২০টি মামলা নিষ্পত্তি হয়েছিল। মামলার সাক্ষীদের দ্রুত আদালতে হাজির করে সাক্ষ্য গ্রহণের কারণে মামলার গতি এসেছে বলে আইনজীবী ও আদালতের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
চট্টগ্রাম আদালতের আইনজীবীরা জানান, সাক্ষীদের মামলার তারিখে হাজির করার বিষয়ে আদালতের তদারকি বাড়ানোর কারণে মামলায় গতি এসেছে। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। সাক্ষীদের আদালতে মামলার ধার্য দিনে হাজির করে সাক্ষ্যগ্রহণ করায় এবং বিচারিক কার্যক্রম দ্রুততার সঙ্গে হওয়ার কারণে মামলা নিষ্পত্তির হার বেড়েছে। বর্তমানে আদালতে কোনো সাক্ষী হাজির হলেই তাঁর সাক্ষ্য নেওয়া হচ্ছে। সমন ও পরোয়ানা থানার মাধ্যমে সাক্ষীদের কাছে পৌঁছেছে কিনা তাও নিয়মিত তদারকি করছেন চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম। কোনো সাক্ষীর সমন পড়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
আদালত সূত্র জানায়, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতসহ চট্টগ্রাম জেলার বিচারিক হাকিম আদালত রয়েছে ১২ টি। এই ১২টি আদালতে গত এক বছরে ১৩ হাজার ৫৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শুধু জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গত এক বছরে সাক্ষ্য নেওয়া হয়েছে দুই হাজার ২৯ জনের।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, সাক্ষ্য ছাড়া কোনো মামলা নিষ্পত্তি করা যায় না। বিচারিক হাকিম আদালতে সাক্ষীদের হাজির করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ধার্য দিনে সাক্ষীরা হাজির হচ্ছেন। কোনো সাক্ষী সাক্ষ্য না দিয়ে ফেরত যাচ্ছেন না। মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমছে। এ ধারা অব্যাহত থাকলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে।
আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো মামলায় সাক্ষীরা ধার্য দিনে হাজির না হলে বছরের পর বছর ওই মামলার বিচার ঝুলতে থাকে। আর সাক্ষীদের হাজির করার দায়িত্ব পুলিশের। কিন্তু অনেক সময় সমন ও পরোয়ানা জারি করা হলেও সেসব থানাতেই পড়ে থাকে। আবার কখনো কখনো সেসব থানায় পাঠানোই হয় না। কিন্তু এখন এই অবস্থার পরিবর্তন ঘটেছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণের পর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জেলার প্রত্যেকটি থানা পরিদর্শনে যান। সমন ও পরোয়ানাগুলো যথাসময়ে তামিলের জন্য নির্দেশ দেন পুলিশদের। আর সমন ও পরোয়ানা ধার্য দিনের আগে থানায় পৌঁছেছে কিনা তা নিয়মিত তদারকিও করছেন তিনি। মামলায় সাক্ষী হিসেবে পুলিশ ও সরকারি কর্মকর্তা থাকলে তাদেরও ধার্য দিনে হাজির হতে আদালতের পক্ষ থেকে সংশ্লিষ্টরা যোগাযোগ করেন। আর সাধারণ সাক্ষীদের মামলার তারিখে হাজির করতে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এখন ধার্য দিনে মামলার সাক্ষীরা হাজির হচ্ছেন।
সম্প্রতি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায় প্রত্যেক মামলার অভিযোগপত্রে সাক্ষীদের নাম-ঠিকানার সঙ্গে মুঠোফোন নম্বর দিতেও তদন্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। যাতে কোনো সাক্ষীকে হাজির হতে সমন জারির পাশাপাশি সরাসরি ফোন করা যায়। আর সাক্ষীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতেও তাগিদও দেওয়া হয় পুলিশ ম্যাজিস্ট্রেসি সভায়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সাক্ষীরা ধার্য দিনে হাজির হচ্ছেন কিনা নিয়মিত তদারকি করেন বিচারিক হাকিমরা। ফলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সাক্ষীদের হাজির করা হয়। কোনো সাক্ষী সাক্ষ্য দিতে এসে ফেরত যান না। এতে বিচারাধীন মামলার সংখ্যা কমছে। দ্রুত নিষ্পত্তি হচ্ছে মামলা।