সাক্ষীর অনুপস্থিতিতে বিচারে বিলম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালদীঘি মাঠের গণহত্যার ২৩ বছর পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিচারকাজ শেষ করা যাচ্ছে না। চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন কমিশনার মির্জা রকিবুল হুদাসহ আট পুলিশ সদস্য চাঞ্চল্যকর এ মামলার আসামি। তবে এ বছরের মধ্যেই মামলার কার্যক্রম শেষ করা সম্ভব বলে সরকারি কৌঁসুলি জানিয়েছেন। ১৯৮৮ সালের এই দিনে লালদীঘি মাঠে সমাবেশে পুলিশের নির্বিচার গুলিতে ২৪ জন মারা যান। এতে তৎকালীন আটদলীয় জোটের নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে যান। আদালত সূত্র জানায়, ঘটনার চার বছর পর ১৯৯২ সালের ৫ মার্চ চট্টগ্রাম আদালতে একটি মামলা হয়। চট্টগ্রাম বারের আইনজীবী মো. শহীদুল হুদা এই মামলার বাদী, যিনি এখন আর বেঁচে নেই। জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে ১৯৯৮ সালের ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন কমিশনার মির্জা রকিবুল হুদাসহ আটজনকে আসামি করা হয়। এর আগে ১৯৯৭ সালের ১২ জানুয়ারি প্রথম দফার অভিযোগপত্রে আসামি ছিলেন শুধু মির্জা রকিবুল হুদা। আদালত সূত্র জানায়, অভিযোগপত্রভুক্ত অন্য সাত আসামি হলেন—কোতোয়ালি থানার তৎকালীন টহল পুলিশ পরিদর্শক জে সি মণ্ডল, পুলিশ কনস্টেবল আবদুস সালাম, মুশফিকুর রহমান, প্রদীপ বড়ুয়া, বশির উদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ ও মমতাজ উদ্দিন। তদন্ত শুরু হলে জেসি মণ্ডল পালিয়ে যান। এদিকে গণহত্যার মামলাটি ১৯ বছর ধরে চট্টগ্রামের আদালতে বিচারাধীন আছে। এ মামলায় ১৬৮ জনের মধ্যে মাত্র ৩৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। চিকিৎসকসহ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে বারবার তাগাদা দেওয়ার পরও আদালতে হাজির করানো যাচ্ছে না বলে জানা গেছে। এ কারণে মামলার নিষ্পত্তি-প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে আইনজীবীরা জানিয়েছেন। চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) অশোক কুমার দাশ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বিএনপির আগের দুই মেয়াদে রাষ্ট্রপক্ষের আন্তরিকতার অভাব ছিল। এ কারণে চাঞ্চল্যকর মামলাটি নিষ্পত্তি করা যায়নি। আওয়ামী লীগের আগের শামসনামলে (১৯৯৬-২০০১) মামলাটির তদন্ত-প্রক্রিয়া সম্পন্ন করে অভিযোগপত্র দেওয়া হয়। পরে বিএনপি ক্ষমতায় এলে এটির আর অগ্রগতি হয়নি। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে আবার সাক্ষ্য নেওয়া শুরু হয়।’ অশোক কুমার বলেন, ‘মৃত্যুর আগে মামলার বাদী মো. শহীদুল হুদা আদালতে সাক্ষ্য দেন। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসককে আমরা আদালতে হাজির করাতে পারছি না। তাঁর অবস্থান সম্পর্কেও জানা যাচ্ছে না। তাই বিচারকাজ শেষ করতে বেশি সময় লাগছে। সিভিল সার্জনের মাধ্যমে আমরা তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি। এরপরও ২০১১ সালের মধ্যে আমরা মামলাটি নিষ্পত্তি করতে সক্ষম হব। কারণ যে ৩৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন তা মামলাটি প্রমাণের জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে।’ এরশাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়। তৎকালীন আটদলীয় জোটের নেত্রী শেখ হাসিনার সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল। তিনি লালদীঘি মাঠের উদ্দেশে যাত্রা করার পর পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে ২৪ জন মারা যান। অল্পের জন্য বেঁচে যান শেখ হাসিনা। পরে পুলিশ নিহতদের লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর না করে অভয়মিত্র শ্মশানে পুড়িয়ে ফেলে। নিহতদের মধ্যে কয়েকজন মুসলমানও ছিলেন। নির্মম এ ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে ওঠে দেশবাসী। আদালত সূত্র জানায়, গত নভেম্বরে সর্বশেষ শুনানির দিন আদালতে হাজির ছিলেন রকিবুল হুদা। আগামী ৯ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন ধার্য আছে। সংশ্লিষ্ট চিকিৎসকের সাক্ষ্য নেওয়া সম্ভব হলে মামলাটির কার্যক্রম শেষ হবে বলে কৌঁসুলিরা আশাবাদ ব্যক্ত করেছেন। আদালত সূত্র আরও জানায়, চাঞ্চল্যকর এই মামলায় আসামিদের বিরুদ্ধে প্রথম দফায় ১৯৯৭ সালের ৫ আগস্ট, দ্বিতীয় দফায় ২০০০ সালের ৯ মে ও তৃতীয় দফায় একই বছরের ২৪ জুলাই অভিযোগ গঠন হয়। আইনের বিধান মেনেই তা হয়েছে বলে সরকারি কৌঁসুলি জানিয়েছেন। আসামিদের বিরুদ্ধে ৩০২, ৩০৭, ৩২৫, ২০১, ৪২৭, ২৯৭ ও ৩৪২ ধারায় অভিযোগ গঠন হয়েছে। গণহত্যার তথ্য নিয়ে চট্টগ্রাম গণহত্যা-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নামের সংকলন প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নিরূপম দাশগুপ্ত। তিনি এ বিষয়ে প্রত্যক্ষদর্শী অনেকের সঙ্গে কথা বলেন, যাঁদের সাক্ষাৎকার বইয়ে স্থান পেয়েছে। নিরূপম দাশগুপ্ত এ প্রসঙ্গে বলেন, ‘১৯৮৮ সালের ২৪ জানুয়ারি ২৪ জনকে হত্যা করা হয়, যাঁদের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন ছিলেন। অথচ নিহত সবাইকে অভয়মিত্র শ্মশানে দাহ করা হয়। তৎকালীন পুলিশ কমিশনার ২৪ জনকে হত্যার আদেশ দিয়ে বর্বরতার পরিচয় দিয়েছেন। এরপর তাঁদের শ্মশানে দাহ করার আদেশ দিয়ে তিনি আবারও বর্বরতার পরিচয় দেন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’