সাক্ষীর অভাবে চট্টগ্রামে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা তিনটি মামলার বিচারকাজ এগোচ্ছে না। এর মধ্যে পাঁচ বছর আগে করা একটি মামলাও রয়েছে। এসব মামলার আসামিরা বেরিয়ে গেছেন জামিনে। তাঁদের অনেকে পলাতক হয়ে গেছেন। এ ছাড়া আরও একটি মামলার বিচার শুরুর অপেক্ষায় রয়েছে।
আদালত সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম আদালতে বিচারাধীন নগরের পাঁচলাইশ, জেলার ফটিকছড়ি ও বাঁশখালীর তিনটি মামলা সাক্ষ্য গ্রহণের জন্য রয়েছে। নগরের পাহাড়তলী থানার একটি মামলায় এখনো বিচার শুরু হয়নি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অ্যাসিড–সন্ত্রাস সমাজের মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব মামলার অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা উচিত। এ জন্য বিচারকাজ দ্রুত শেষ করতে সাক্ষীর হাজিরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।
সাড়ে চার বছর আগে ফটিকছড়ি উপজেলার একখুলিয়া এলাকায় সম্পত্তির বিরোধের জেরে অ্যাসিড ছুড়ে মারার মামলার বিচার আটকে আছে সাক্ষীর অভাবে। ২০১২ সালের ২৯ জানুয়ারি শফিউল আলম নামের এক ব্যক্তিকে অ্যাসিড ছুড়ে মারা হয়। এই ঘটনায় তাঁর ভাই মফিজুল আলম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২০ মার্চ ফটিকছড়ি থানার পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিরা হলেন সরওয়ার উদ্দিন, আমান উল্লাহ, বেলাল উদ্দিন ও মো. হারুন। ২০১৪ সালের ২৭ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এই মামলার বিচার শুরু হয়। কিন্তু ১৩ সাক্ষীর মধ্যে মাত্র পাঁচজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এর মধ্যে চারজন সাক্ষ্য দিয়েছেন গত ২৮ সেপ্টেম্বর। প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে আগামী বছরের ২ জানুয়ারি পরবর্তী সময়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
আদালত সূত্র জানায়, ফটিকছড়ির মামলাটির চার আসামির মধ্যে সরওয়ার, আমান ও বেলাল জামিনে গিয়ে এখন পলাতক। জামিনে রয়েছেন হারুন।
একইভাবে সাক্ষীর অভাবে আটকে আছে ২০০৮ সালের মে মাসে বাঁশখালীতে অ্যাসিড ছুড়ে মারার একটি মামলার বিচারও। আদালতের নথি থেকে জানা যায়, এই মামলাটিও এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
২০১০ সালের ২ অক্টোবর নগরের চকবাজারের জয়নগরে ঘুমন্ত দুই বোনের ওপর অ্যাসিড নিক্ষেপের মামলাটিরও সাক্ষ্য গ্রহণ চলছে। বিয়ে–সংক্রান্ত ব্যাপারে ঈর্ষাপরায়ণ হয়ে তাঁদের ওপর অ্যাসিড ছোড়েন খালাতো বোন শারমিন ফারজানা (২১)। নিজেকে সন্দেহের বাইরে রাখার জন্য নিজের মুখেও অ্যাসিড লাগান শারমিন। পরে তিন বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তাঁদের বাবা আনোয়ারুল মুবিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ শারমিন ফারজানা ও ইফতেখার লতিফীকে আসামি করে একই বছরের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। দুই আসামি বর্তমানে জামিনে রয়েছেন। ২০১১ সালের ১৩ জুলাই এই মামলার সাক্ষ্য শুরু হয়। সাড়ে পাঁচ বছরে মামলার ২৫ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য হয়েছে। বর্তমানে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচার চলছে। গত বছরের ২০ মে এই মামলায় সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হয়। আগামী ২৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অ্যাসিড অপরাধ দমন আইনে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে সাক্ষীদের ধার্য দিনে হাজিরের চেষ্টা করা হচ্ছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, অ্যাসিড–সন্ত্রাস মামলার সাক্ষীদের হাজির করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোরভাবে বলা হয়েছে। কিন্তু ঠিকানা বদলসহ নানা পারিপার্শ্বিক কারণে সাক্ষীদের খুঁজে পাওয়া যায় না। এ জন্য অনেক সময় ধার্য দিনে সাক্ষী হাজিরে বেগ পেতে হয়।
বিচারাধীন অ্যাসিড মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করতে প্রতি মাসে একবার চট্টগ্রাম অ্যাসিড অপরাধ মামলা মনিটরিং সেল কমিটি সভা করে। এই কমিটির সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। সদস্যসচিব হলেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (সদর) মো. জিয়াউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, তিন থেকে চারটি মামলা বিচারাধীন রয়েছে। সাক্ষীদের হাজির করে দ্রুত মামলাগুলো নিষ্পত্তির জন্য মনিটরিং কমিটি প্রতিটি সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের তাগাদা দিয়ে আসছে। সাক্ষীরা আদালতে এসে যাতে হয়রানির শিকার না হন, সে জন্য আদালতে সাক্ষী সহায়তা সেল খোলা হয়েছে। যেকোনো সাক্ষী ওই সেলে হাজির হলে পুলিশ সদস্যরা তাঁদের সংশ্লিষ্ট আদালতে পৌঁছে দেন।
এদিকে গত বছরের ১৭ মে নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় রিকশাচালক আবদুল গফুরকে তঁার বাসায় অ্যাসিড ছুড়ে মারার মামলার বিচার এখনো শুরু হয়নি। এই ঘটনায় তিনি বাদী হয়ে অ্যাসিড অপরাধ দমন আইনে পাহাড়তলী থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২১ সেপ্টেম্বর পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) শেখ মাহমুদ হোসেন গফুরের স্ত্রী পারুল আক্তার ও মো. রাশেদ নামের এক ব্যক্তিকে আসামি করে অভিযোগপত্র দেন। এর মধ্যে জামিনে গিয়ে গত ১১ মে থেকে পলাতক রয়েছেন পারুল। তবে ধার্য দিনে হাজির রয়েছেন আসামি রাশেদ। ১৭ অক্টোবর দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আবদুর রশিদের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরুর জন্য পরবর্তী দিন ধার্য রয়েছে।