সাক্ষীর অভাবে ৬৯০ হত্যা মামলার কিনারা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ২৪ বছর ধরে ঝুলে আছে ৬৯০টি হত্যা মামলা। যথাসময়ে সাক্ষী হাজির না হওয়ায় এ অবস্থা হচ্ছে। একইভাবে প্রায় ৭০০টি ডাকাতির মামলা আটকে আছে। ফলে মামলা-সংশ্লিষ্ট লোকজন (বিচারপ্রার্থী) হয়রানির শিকার হচ্ছেন। 
১৫ নভেম্বর দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এ তথ্য উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা হুসনে আরা বেগম। বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ, সরকারি কৌঁসুলি মমতাজ আহমদ, জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আলমগীর, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রমুখ।
সম্মেলনে জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেন, ‘কক্সবাজার আদালতে বিচারাধীন ৪১ হাজার ৭৫০টি মামলা দ্রুত নিষ্পত্তি করে এর (মামলার) সঙ্গে জড়িত লোকজনকে (বিচারপ্রার্থী) বাঁচানোর দায়িত্ব আমাদের।’
মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেন, বিচারকাজে সম্পৃক্ত পুলিশ, আইনজীবী, সরকারি কৌঁসুলিরা যদি সহযোগিতা না করেন, তাহলে কোনো বিচারকের একার পক্ষে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ বলেন, টেকনাফ থানায় ইয়াবা আর মানবপাচার মামলা বেশি। রিমান্ড আবেদনও বেশি হয় এ থানায়। কিন্তু রিমান্ডে আনা ব্যক্তির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয় না।
সরকারি কৌঁসুলি মমতাজ আহমদ বলেন, সুরতহাল রিপোর্ট না পাওয়ায় আসামিরা জামিন পেয়ে যাচ্ছেন। আবার ইয়াবা মামলায় আটক ব্যক্তিদের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ না করায় মূল হোতারা ধরা পড়ছে না।
জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মামলার এজাহার, সাক্ষ্য ও সুরতহাল রিপোর্টে নিহত ব্যক্তির মাথায় গুলির দাগ আছে। কিন্তু ডাক্তারি সার্টিফিকেটে আছে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে। সাত বছরের কিশোরী ধর্ষণের শিকার হয়ে মামলা হলেও ডাক্তারি পরীক্ষার কোনো কাগজ নেই। একে একে তিন ভাই, বাবা-চাচাসহ পুরো পরিবারের সদস্যরা ধর্ষণ মামলার আসামি হয় কী করে? এ রকম মামলাও সাক্ষীর অভাবে ২২ বছর ধরে ঝুলে আছে।
সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মহিউদ্দিন আলমগীর বলেন, কিছু চিকিৎসক টাকার বিনিময়ে মিথ্যা সার্টিফিকেট দেন, এ কথা সত্য। আবার প্রশিক্ষণ নেই, এমন চিকিৎসকের মাধ্যমে লাশের ময়নাতদন্তও করানো হয়। ফলে মামলা নিষ্পত্তিতে সমস্যা দেখা দেয়। এটা চিকিৎসকদের জন্য লজ্জার ব্যাপার।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, শত ব্যস্ততার মধ্যেও পুলিশ আসামিদের ধরার চেষ্টা করছে। মামলার তদন্ত প্রতিবেদন ও এজাহার লিখন এবং সাক্ষীদের আদালতে হাজির করতে পুলিশ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।