নগরের বহদ্দারহাটে ফ্লাইওভার ট্র্যাজেডির মামলার বিচার থমকে আছে। ২৮ জন সাক্ষীর মধ্যে মাত্র পাঁচজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সাক্ষী হাজির না হওয়ায় মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যাচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী।
২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনার দুই দিন পর চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে সিডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এজাহারভুক্ত আসামি ছিলেন। কিন্তু শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানের আটজনকে আসামি করে ওই বছরের ২৪ অক্টোবর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কাছ থেকে মতামত না নিয়ে তা জমা দেওয়া হয়। গত বছরের ১৮ জুন আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচার শুরু হয়।
মামলার আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের তৎকালীন ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, একই প্রতিষ্ঠানের মনজুরুল ইসলাম, আবদুল জলিল, আমিনুর রহমান, আবদুল হাই, মোশাররফ হোসেন, শাহজাহান আলী ও রফিকুল ইসলাম। তাঁরা সবাই জামিনে আছেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২৮ জন সাক্ষীর মধ্যে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য হয়েছে। সাক্ষীরা না আসায় ধার্য দিনে সাক্ষ্য হচ্ছে না। ১৯ নভেম্বর দিন ধার্য থাকলেও সাক্ষী না আসায় সাক্ষ্য হয়নি। আগামী বছরের ১১ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সাক্ষীদের হাজির করতে পুলিশকে বলা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, আলোচিত এ মামলার সাক্ষীদের ধার্য দিনে হাজির করতে পুলিশের চেষ্টা রয়েছে।