সাক্ষ্য হচ্ছে নিয়মিত বাড়ছে মামলা নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে ২০১৬ সালে মামলা নিষ্পত্তি হয়েছে ২৩ হাজার ৮০৩টি। সারা দেশের বিচারিক হাকিম আদালতের মধে৵ মামলা নিষ্পত্তির সংখ্যায় এটি সর্বোচ্চ। এই আদালতে বিচারাধীন মামলা ৩৮ হাজার ৮০৩ থেকে নেমে এসেছে ১৫ হাজারে।
মামলা নিষ্পত্তির এ ধারা অব্যাহত আছে চলতি বছরেও। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নিষ্পত্তি হয়েছে প্রায় চার হাজার মামলা। চট্টগ্রাম জেলার ১৬টি থানার ফৌজদারি অপরাধের মামলার বিচারকাজ চলে এই আদালতে।
বিচারপ্রার্থী ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত সাক্ষী হাজির না হওয়ায় মামলা দ্রুত নিষ্পত্তি করা যায় না। এ জন্য চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে সাক্ষীদের ধার্য দিনে হাজির করতে উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে জেলার প্রতিটি থানা পরিদর্শনে বের হন মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান। থানায় গিয়ে সাক্ষীর সমন পর্যবেক্ষণ করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) ধার্য দিনে সাক্ষীদের হাজিরা, গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা তামিলের নির্দেশ দেন। নিয়মিত পুলিশ ম্যাজিস্ট্রেসি বৈঠকের ব্যবস্থা করে আলোচনা মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির পথে বাধা চিহ্নিত করে সমাধানের পথ বের করেন। এ ছাড়া একই তদন্ত কর্মকর্তা ও চিকিৎসক সাক্ষীর একাধিক আদালতে সাক্ষ৵ থাকলে তা একই তারিখে রেখে সাক্ষ৵ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয় এই আদালতে।
প্রতিদিন আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে মুখ্য বিচারিক হাকিম প্রত্যেক আদালতে আসা সাক্ষীদের পরিসংখ্যান নেন। কোনো আদালতে সাক্ষীর সংখ্যা বেশি হলে, যে আদালতে সাক্ষী কম এসেছে, ওই আদালতের বিচারক সাক্ষ্য নেন। এ কারণে সাক্ষ্য দিতে এসে সাক্ষীকেও ফেরত যেতে হচ্ছে না। ২০১৬ সালে এই আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয় ২৫ হাজার ৬৮১ জনের।

৯ মার্চ সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে চারটায়ও এজলাসে বসে সাক্ষ্য নিচ্ছেন মুখ্য বিচারিক হাকিম ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মো. রেজা। আইনজীবীরা জানান, এটি ভালো উদ্যোগ।

নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধে৵ ২৭ বছর আগের, আবার এক বছর আগে করা মামলাও রয়েছে। ১৯৯০ সালের ১৯ জুন বোয়ালখালী উপজেলার সমর চৌধুরী বাদী হয়ে তাঁদের বসতঘর পুড়িয়ে দেওয়া ও মালামাল লুটের অভিযোগে বোয়ালখালী থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ তিন আসামি অরুণ কান্তি চৌধুরী, আশীষ চৌধুরী ও পিপুল চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত সূত্র জানায়, দীর্ঘদিন সাক্ষী হাজির না হওয়ায় মামলাটির বিচার ঝুলে ছিল। বছরের পর বছর তারিখ পড়লেও সাক্ষী আসেনি। পরে সাক্ষীদের হাজির করার উদ্যোগ নেওয়া হয়। এরপর ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। গত ২৬ জানুয়ারি এই মামলার রায় দেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান। রায়ের আদেশে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন।

২০১৫ সালের ২৭ ডিসেম্বর লোহাগাড়া উপজেলা সদরে ৩৫টি ইয়াবা বড়িসহ মো. আলম নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হলে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ইতিমধ্যেই জামিনে গিয়ে পলাতক হয়ে যান আসামি আলম। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে চলতি ৫ মার্চ চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান রায় দেন। রায়ের আদেশে আলমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

মামলাটির পরিচালনকারী সরকারি কৌঁসুলি জহির উদ্দিন বলেন, বিচার শুরু হওয়ার মাত্র আট মাসের মধে৵ এই মামলার রায় দেওয়া হয়েছে।

এদিকে ২০১৬ সালের ৭ নভেম্বর আবুল বশর পটিয়া থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে আবুল কাশেমসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে গত ২২ ফেব্রুয়ারি মুখ্য বিচারিক হাকিম রায় দেন। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৭ আসামিকে বেকসুর খালাস দেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় বলেন, সারা দেশে মামলাজট থাকলেও চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে জট কমছে। গত বছর এখানে সর্বোচ্চসংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমে আসছে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, একজন সাক্ষীও সাক্ষ্য দিতে এসে ফেরত যাচ্ছেন না। মুখ্য বিচারিক হাকিমের নির্দেশে ধার্য দিনে সাক্ষীদের হাজির করতে সংশ্লিষ্ট থানার ওসিদের নিয়মিত তাগাদা দেওয়া হয়। এ কারণে সাক্ষীরা নিয়মিত হাজির হন।