সাগর ও নদীর দ্বিমুখী ভাঙনের কবলে রায়পুর

বঙ্গোপসাগর ও শঙ্খের ভাঙনে আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের বিভিন্ন স্থানের ছয় কিলোমিটারের বেশি বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এর ফলে প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে। এতে এলাকাবাসীর ভোগান্তি বাড়লেও শুষ্ক মৌসুমের আগে পরিস্থিতির উন্নতি হবে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এলাকার বাসিন্দারা জানান, তিন মাস ধরে উপজেলার রায়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ও সাগরের ভাঙন বেড়েছে। ইউনিয়নের ঘাটকূল, বার আউলিয়া, দক্ষিণ গহিরা ও পূর্ব গহিরা এলাকার বেশ কয়েক স্থানে বেড়িবাঁধ পানির স্রোতে ভেসে গেছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতি অমাবস্যা-পূর্ণিমার সময় এলাকায় পানি প্রবেশ করছে। এর ফলে ওই এলাকার বাসিন্দারা জলাবদ্ধতার শিকার হচ্ছে।
এলাকা ঘুরে দেখা গেছে, বঙ্গোপসাগর ও শঙ্খ নদের দ্বিমুখী ভাঙনে রায়পুরের বিভিন্ন এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়নের ঘাটকূল ও বার আউলিয়া এলাকা ভাঙছে বঙ্গোপসাগর। আর পূর্ব গহিরা গ্রামটি পড়েছে শঙ্খের গ্রাসে।
ঘাটকূল এলাকার গৃহিণী সুফিয়া খাতুন (৪৩) বলেন, ভাঙা বাঁধ দিয়ে মাসে দুইবার পানি প্রবেশ করে গ্রামে। এ সময় রান্নাবান্নার কাজও করা যায় না। যে দুই-তিন দিন জোয়ারের পানি বেশি থাকে সে দিনগুলো শুকনো খাবার খেয়ে কাটাতে হয়।
রায়পুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইছমাইল প্রথম আলোকে বলেন, শঙ্খের ভাঙনে বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে, বাঁধ মেরামত না হওয়া পর্যন্ত এলাকাবাসীর কষ্ট কমবে না।
জানতে চাইলে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান ছাবের ইবনে মাহবুব বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ পানিতে ভেসে যাওয়ায় অমাবস্যা-পূর্ণিমায় লোকালয়ে পানি প্রবেশ করছে। বাঁধ সংস্কারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করা হয়েছে।
আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল আউয়াল প্রথম আলোক বলেন, গত তিন মাসে বিভিন্ন সময় আমরা ইউনিয়নের পানিবন্দী মানুষজনকে শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করেছি। তবে বাঁধ মেরামতের মতো বড় কোনো প্রকল্প হাতে নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, এলাকার সাড়ে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া ভালো হলে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদ আহমদ বলেন, রায়পুরের ভাঙনকবলিত এলাকাগুলোতে দ্রুততার সঙ্গে সংস্কারকাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হবে।