কুতুবদিয়া ও পেকুয়ার প্রায় পাঁচ লাখ মানুষ বিশেষ করে লেমশীখালী জেটি থেকে চরম ঝুঁকি নিয়ে সমুদ্র চ্যানেল পারাপার করছেন। বিশেষ করে কুতুবদিয়ার লেমশীখালী দরবারঘাট জেটি এবং পেকুয়ার মগনামা জেটিঘাট দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়। কয়েক বছর আগে তিন কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র চ্যানেল পারাপারের জন্য একটি ফেরি সার্ভিস চালু করা হয়েছিল, কিন্তু রহস্যজনক কারণে তা বন্ধ রয়েছে। কুতুবদিয়ার লেমশীখালী গ্রামের কলেজছাত্র রিদুয়ান আলী (২৩) জানান, উপজেলার প্রায় দুই লাখ মানুষের চলাচলের জন্য লেমশীখালীর দরবার ঘাটে রাখা হয়েছে মাত্র তিনটি ইঞ্জিনচালিত নৌকা। প্রতিটি নৌকায় ২০ জনের ধারণক্ষমতা থাকলেও ৫০ থেকে ৭০ জন বোঝাই করা হয়। কোনো লাইফ জ্যাকেট বা জীবনরক্ষার কোনো বয়া রাখা হয় না। অতিরিক্ত যাত্রী বোঝাই ছাড়াও ছোট ছোট এসব নৌকায় বিপুল পরিমাণ পণ্য বোঝাই করা হয়। এ রকম অবস্থায় নৌকাডুবির ঝুঁকি থাকে সবসময়। নৌকা উল্টে নারী-শিশুসহ অনেকেই আহত হওয়ার ঘটনা ঘটেছে বহুবার। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, এই উপজেলার ৮০ শতাংশ মানুষ কক্সবাজার ও চট্টগ্রামে যাতায়াত করার জন্য লেমশীখালী ঘাটে নৌকায় চড়ে প্রথমে পেকুয়া যায়। তারপর পেকুয়া থেকে সড়কপথে কক্সবাজার-চট্টগ্রাম চলাচল করে। কিন্তু আধুনিক নৌযান না থাকায় এই পথ তাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। বর্ষায় যখন সমুদ্র উত্তাল থাকে তখন ঝুঁকি আরও বেড়ে যায়। ১১ ফেব্রুয়ারি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কুতুবদিয়া পরিদর্শনে গেলে স্থানীয় লোকজন ফেরি সার্ভিসটি পুনরায় চালুর দাবি জানান। এ সময় মন্ত্রী দাবিটি বাস্তবায়নের আশ্বাস দেন। কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, লেমশীখালী-মগনামা নৌঘাটে ফেরি সার্ভিস খুবই দরকার। কয়েক বছর ধরে চেষ্টা-তদবির করেও কোনো কাজ হচ্ছে না। অতিরিক্ত ভাড়া আদায়: লেমশীখালী-মগনামা জেটিঘাটে যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করে ইজারাদারের লোকজন যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছে। কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রামের কৃষক নজির আহমদ (৪৫) জানান, ২০ কেজি ওজনের একটি কাপড়ের বান্ডিল মগনামা জেটিঘাট দিয়ে পারাপার করতে ২০০ টাকা আদায় করা হয়। অথচ দুই মণ ওজনের মালামালের বিপরীতে ১০ টাকা করে ভাড়া নির্ধারিত আছে। আরেক যাত্রী অভিযোগ করেন, একটি ছাগলের জন্য ২০ টাকা আদায় করা হয়েছে। কুতুবদিয়ার সমাজকর্মী আরিফুল ইসলাম, মর্যাস্য ব্যবসায়ী আবুল কালাম, বড়ঘোপ বাজারের মুদি দোকানদার মো. বাবুল জানান, ঘাট পারাপারে জনপ্রতি ১৩ টাকা নির্ধারিত থাকলেও আদায় করা হচ্ছে ১৫ টাকা। জেটিঘাটে এক টাকা ৫০ পয়সার বিপরীতে আদায় হয় তিন টাকা। কুতুবদিয়ার ব্যবসায়ীরা বেশির ভাগ মালামাল এই ঘাট দিয়ে খালাস করেন। মালামালের বিপরীতেও ইজারা আদায় করা হয় দুই থেকে তিন গুণ বেশি। ইজারাদার নুরুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, জেলা প্রশাসনের নির্দেশে জনপ্রতি টোলসহ ভাড়া ১৩ টাকার স্থলে ১৫ টাকা করা হয়েছে। মালামালের ভাড়া আগের নিয়মেই হচ্ছে।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই খাজা আলামীন বলেন, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের হয়রানি করা হচ্ছে কি না, অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।