সাগর থেকে উপকূল দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন শতশত পর্যটক সাগরে ভ্রমণে যাচ্ছেন। নতুন অভিজ্ঞতা অর্জন করছেন। এতদিন যাঁরা কূল থেকে দাঁড়িয়ে সাগর দেখেছেন, এখন তাঁরা গভীর সাগর থেকে উপকূল দেখার দুর্লভ অভিজ্ঞতা লাভ করছেন। একই সঙ্গে পাচ্ছেন ট্রলারে জেলেদের মাছধরা, সূর্যতাপে তাজা মাছ শুঁটকি করার দৃশ্য দেখার সুযোগ। কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের জন্য নতুন সংযোজন প্রমোদতরী কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। এখন থেকে পর্যটকেরা সমুদ্রসৈকত, পাহাড়-ঝিরি, ঝরনা দেখার পাশাপাশি বিশাল বঙ্গোপসাগর ভ্রমণের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি শহরের বাঁকখালী নদীর মোহনা নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাটে প্রমোদতরীর উদ্বোধন করা হয়। প্রমোদতরীটি প্রতিদিন সকাল ১০টায় ওই ঘাট থেকে ছেড়ে মহেশখালী, সোনাদিয়া সাগর চ্যানেল পেরিয়ে উখিয়ার ইনানী সৈকত পর্যন্ত আসা-যাওয়া করে। প্রায় ৩৫ কিলোমিটারের পথে যাওয়া-আসায় সময় লাগে সর্বোচ্চ দেড় ঘণ্টা। আবার ইনানী থেকে সৈকত উপকূল ধরে হিমছড়ি, বড়ছড়া, কলাতলী হয়ে বাঁকখালী নদীতে ফিরে আসতে জাহাজটির সময় লাগে আরও দেড় ঘণ্টা। মোট তিন ঘণ্টার সমুদ্রভ্রমণে উন্নতমানের খাবার, চা-কফি, নাশতাসহ পর্যটকদের মাথাপিছু ভাড়া দিতে হয় এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা। বেসরকারি ট্যুরিজম প্রতিষ্ঠান কেয়ারি ট্যুরস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কক্সবাজারে প্রথমবারের মতো সমুদ্র বিনোদনের প্রমোদতরীটি পরিচালনা করছে। কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের পরিচালক মোহাম্মদ মহসিন জানান, ৩১০ জন ধারণক্ষমতার অত্যাধুনিক প্রমোদতরীটি এখন দুবার আসা-যাওয়া করছে। তবে ভবিষ্যতে দৈনিক চারবার (সকাল, দুপুর, বিকেল ও রাত) যাওয়া-আসা করবে বাঁকখালী নদী থেকে ইনানী পর্যন্ত। অন্ধকার রাতে চালাচলের সমস্যা থাকায় এখন থেকে আপাতত কিছুদিন রাতের ভ্রমণ বাদ রাখা হয়েছে। জাহাজে করে সমুদ্রভ্রমণ শেষ করে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য লুত্ফুর রহমান জানান, ‘এত সুন্দর দৃশ্য সমুদ্রে লুকিয়ে রয়েছে, কল্পনা করা মুশকিল। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য লালন করে দেশের চেহারা পাল্টে দেওয়া যায়।’ তিনি জানান, জাহাজটিতে রয়েছে ২০০ জনের ধারণক্ষমতার আধুনিক মানের মিলনায়তন। শহরের হল কিংবা হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠান, আলোচনা, সম্মেলন করার চেয়ে জাহাজে করার মজাটা একটু আলাদা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।