সাগর দ্বীপ জিঞ্জিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অতিকায় একটি কলার মতো দাঁড়িয়ে আছে আকর্ষণীয় দ্বীপ জিঞ্জিরা—যাকে আমরা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বলেই জানি। তবে এখনো টেকনাফের ৮০ শতাংশ মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই ডাকে। অনেকে বলে, নারিকেল জিঞ্জিরা। সারি সারি নারকেল গাছে ভরপুর বলে দ্বীপের নাম নারিকেল জিঞ্জিরা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ বলে এ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। দেশ-বিদেশের এত মানুষ দলে দলে ছুটছে এই সাগর দ্বীপের সান্নিধ্যে। কিন্তু যারা নতুন, পথঘাট জানা না থাকলে তাদের জন্য এই সেন্ট মার্টিন নানা বিড়ম্বনা অথবা দুর্ভোগের কারণ হতে পারে। জোয়ার-ভাটার ছেঁড়াদিয়াসেন্ট মার্টিন দ্বীপের প্রধান আকর্ষণ ছেঁড়াদিয়া। সেন্ট মার্টিনের দক্ষিণে আরেক বিচ্ছিন্ন দ্বীপ এই ছেঁড়াদিয়া। পূর্ণ জোয়ারে চতুর্দিকের বিশাল অংশ ডুবে যায়। এক কিলোমিটার দূর থেকে তখন দ্বীপটি বড় একটি বেড়িবাঁধের মতো ঝাপসা দেখা যায়। অর্ধকিলোমিটার দূর থেকে মনে হবে লম্বা আকৃতির একটি জঙ্গল। কাছাকাছি গেলে মধ্যভাগে বেশ কিছু গাছপালা নজরে পড়ে। আর ভাটা যখন শুরু হয়, তখন দ্বীপের চারদিকে শামুক-ঝিনুক-প্রবালে ভরা সোনালি বালুচর ভেসে ওঠে। দ্বীপের পূর্ব-পশ্চিম, দক্ষিণ ও উত্তর অংশে বিশাল বিশাল প্রবালের স্তূপ চরের মতো ভেসে ওঠে। পূর্ণ ভাটা হলে এই দ্বীপের উত্তর অংশে ভেসে ওঠা প্রবাল পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে সেন্ট মার্টিন দ্বীপে আসা-যাওয়া করা যায়। অনেকটা হেঁটে দ্বীপ ভ্রমণ। এতে সময় লাগে কমপক্ষে তিন থেকে চার ঘণ্টা। অনেকে বলেন, ছেঁড়াদিয়ার আয়তন জোয়ারের সময় এক বর্গকিলোমিটার। আর ভাটার সময় প্রায় তিন বর্গকিলোমিটার। দ্বীপটি সরকারি মালিকানাধীন। প্রবাল শৈবালে ভরপুর বলে এই দ্বীপে পর্যটকের আনাগোনা অনেক বেড়ে গেছে। যাতায়াত: সেন্ট মার্টিন থেকে স্পিডবোট অথবা ট্রলারে করে ছেঁড়াদিয়া যেতে হয়। আসা-যাওয়ার ভাড়া ৮০ থেকে ২০০ টাকা। ছেঁড়াদিয়া ভ্রমণ করতে হলে সেন্ট মার্টিনে রাত কাটাতে হবে। রাত কাটানোর জন্য এই দ্বীপে ৩০টির বেশি হোটেল আছে। ভাড়া ২৫০ থেকে তিন হাজার ৫০০ টাকা। টেকনাফ থেকে জিঞ্জিরা: মিয়ানমার সীমান্ত ধরে টেকনাফ থেকে সাগর-নদী পেরিয়ে জিঞ্জিরা পৌঁছালে মনটা ভরে যাবে কাঁচের মতো স্বচ্ছ নীল জলের দ্বীপটি দেখে। প্রাণ জুড়িয়ে যাবে সাগর রানির উত্তাল রূপ দেখে। কিন্তু সাবধান, পানির নীচে ধারাল প্রবাল পাথর। কক্সবাজার সৈকতের মতো এই সাগর এত নিরাপদ নয়। নীল জলের পানিতে নামলে দেখা মেলে নানা রঙের নানা প্রজাতির সামুদ্রিক প্রাণীর। সৈকত রানির নরম এই বালুচরে সকাল-বিকেল খালি পায়ে হাঁটা-চলা, দৌড়ে রাজকাঁকড়া ধরার আপ্রাণ চেষ্টা, গভীর সাগর দিয়ে মাছ ধরে জেলেদের ফিরে আসার দৃশ্য, সাগরে নেমে শীতল জলে শরীরটা একটু ভিজিয়ে নেওয়ার মুহূর্ত আপনার ভ্রমণকে সার্থক করে তুলবে। সাগরতীরে উড়তে দেখা যাবে অসংখ্য সাদা গাংচিল, বালুচরে দৌড়-ঝাঁপ দিচ্ছে অসংখ্য রাজকাঁকড়া। সৈকত ভ্রমণের সময় দেখা যাবে বালুচরে শুঁটকি মাছের কারখানা। সাগর থেকে ধরে আনা রূপচাঁদা, লাক্ষ্যা, কোরাল, মাইট্যা, পোপা, চ্যাপা, লইট্যা, কামিলা কেটে কুটে শুঁটকি করা হচ্ছে। ইচ্ছে করলে হোটেল-রেস্তোরাঁয় বসে দুর্লভ প্রজাতির মা চিংড়ি, লবস্টার খেয়ে দেখতে পারেন। এটা সংরক্ষিত এলাকা। তাই জলজ প্রাণী, কাঁকড়া কিংবা অন্যান্য প্রাণী হত্যা বা ধরা যাবে না। প্রাণিকুলকে বিরক্তও করা যাবে না। এখানে বিচরণ করে বহু প্রজাতির অতিথি পাখি।যেভাবে যাবেন: টেকনাফ থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এই জিঞ্জিরা বা সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। ১৪ কিলোমিটারের নাফ নদী, তারপর বঙ্গোপসাগর অতিক্রম করে এই দ্বীপে যাতায়াত। এই নৌপথে চলাচল করে পর্যটকবাহী জাহাজ ও ট্রলার। ভাড়া ট্রলারে ১০০ থেকে ১৫০ টাকা। জাহাজে ৪৫০ থেকে ৭০০ টাকা। সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। টেকনাফ থেকে সকাল নয়টায় রওনা দিয়ে সন্ধ্যায় সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে পুনরায় টেকনাফ ফিরে আসা যায়।