সাগর মোহনার মুহুরী প্রকল্প
সমুদ্র সৈকত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মুহুরী প্রকল্প। ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই সীমান্তে এ মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে যায় মুহুরী প্রকল্প এলাকায়। কিন্তু উদ্যোগ আর পরিকল্পনার অভাবে এটি এখনো পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারছে না।ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই সীমান্তে থাক খোয়াজের লামছি গ্রামে ফেনী নদীর ওপর মুহুরী সেচ প্রকল্পটি নির্মিত হয়েছিল ১৯৮৪ সালে। সামুদ্রিক জোয়ার ঠেকানো ও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য এ প্রকল্প নির্মাণ করা হয়। মুহুরী প্রকল্প এলাকায় নির্মাণ করা হয়েছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র। এর ফলে মুহুরী প্রকল্পের সৌন্দর্যে যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রকল্পের উজানে মনোমুগ্ধকর ফেনী নদী, ভাটিতে নয়নাভিরাম সাগর মোহনা, উত্তরে দৃষ্টিসীমাজুড়ে মৎস্য প্রকল্প এলাকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করবে। এলাকাটিতে বর্তমানে বনায়নের ফলে এর সৌন্দর্য আরও বহু গুণ বেড়ে গেছে। শীতকালে প্রকল্প এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তোলে সাইবেরিয়ার অতিথি পাখিরা। ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি উড়ে এসে আশ্রয় নেয় নদীর জলে। পাখির কলরবে গোটা এলাকা মুখর হয়ে ওঠে।প্রকল্পের পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি মাত্র রেস্ট হাউজ ছাড়া আর কোনো বড় ধরনের স্থাপনা নেই। আছে শুধু কয়েকটি ছোট ছোট দোকানপাট, যা দর্শনার্থীদের সাময়িক চাহিদা মেটাতে পারে। এখানে আসা পর্যটকেরা বেশ কয়েকটি সমস্যার কথা বললেন। এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, রাতে অবস্থানের জন্য মোটেল, ভালো মানের খাবার জন্য হোটেল ও বিশ্রামের জন্য ছাউনি থাকা প্রয়োজন বলে তাঁরা মনে করেন। সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, ‘একটু উদ্যোগ নিলে সোনাগাজীর মুহুরী প্রকল্প এলাকাটিকে দেশের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।’ যেভাবে যাবেনচট্টগ্রাম থেকে বাসযোগে মিরসরাইয়ের জোরারগঞ্জ অথবা বারৈয়ারহাটে নামতে হবে। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা নিতে হবে। জোরারগঞ্জ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত জনপ্রতি ভাড়া ২৫ টাকা।