সাগরকন্যা কুয়াকাটা
বেড়ানোর জন্য টানা লম্বা ছুটি ঈদ ছাড়া পাওয়া মুশকিল। তাই যাঁরা বেড়াতে ভালোবাসেন, তাঁদের উচিত ঈদের ছুটিতে কোথাও না কোথাও বেড়িয়ে আসা। এই সময়ে বেড়াতে গেলে দুটো কাজ একসঙ্গে হবে। বেড়ানো এবং ঈদের সময় নিজের শহর ছেড়ে অন্য যেখানে যাচ্ছেন সেখানকার উৎসব-আমেজ উপভোগ করা। ঘুরে আসতে পারেন কুয়াকাটা থেকে। কুয়াকাটাকে বলা হয় বাংলাদেশের সাগরকন্যা। কুয়াকাটায় যাওয়ার পরিকল্পনা করার আগেই জেনে রাখুন যাওয়া-আসার রাস্তা কিন্তু মোটেই সুবিধার নয়। যাওয়ার সময় কষ্ট হবে। ফেরার সময় রাস্তাটা খুব একটা খারাপ লাগবে না। কারণ ততক্ষণে আপনি কুয়াকাটার সৌন্দর্য দেখে মুগ্ধ। আর এই রকমটা শুনেই আমরা রওনা হয়েছিলাম কুয়াকাটার উদ্দেশে। ঈদের দিনের হাজারও সামাজিকতা শেষে আমরা রাতে ঢাকার গাবতলী থেকে রওনা হলাম কুয়াকাটা। সরাসরি বাসে চেপে। দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট হয়ে আমরা খুব ভোরে গিয়ে পৌঁছালাম কুয়াকাটায়। বাসে উঠেই ঘুম। আর এক ঘুমে রাত কাবার।বাস থেকে নেমেই ঘরে ব্যাগ রেখে একটু সতেজ হয়ে বেরিয়ে পড়ুন। ঘুরতে বের হলে কুয়াকাটায় পথ হারানোর কোনো ভয় নেই। এখানকার চলাচলের জন্য সবচেয়ে উপযোগী বাহন হলো মোটরসাইকেল ও ভ্যানগাড়ি। একটা ভ্যানগাড়ি ভাড়া করে চলে যান সৈকতে। সৈকত দেখে মনটাই ভরে যাবে। কুয়াকাটা সৈকত মাত্র ২০ কিলোমিটার লম্বা। রাস্তা থেকে সৈকতে এসে নামলে ডানে লেবুরচর, ফাতরার বন আর বামে গেলে গঙ্গামায়ার চর। ডানে-বামে যেখানেই যান না কেন, আগে কিছুক্ষণ সৈকতে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করুন। ছোট্ট সৈকতে কোনো আভিজাত্য বা জাঁকজমক নেই। কিন্তু এই সৈকত যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে দিয়েছে। তাই কৃত্রিম ভাব নেই একদমই। আপন আপন মনে হয়। একদিকে যত দূর চোখ যায় সমুদ্র অন্যদিকে নারকেলগাছের সারি। তবে ঈদের ছুটি হওয়ার কারণে এখন পর্যটকের ভিড় থাকবে। সৈকতে গেলেই দেখতে পাবেন অনেক মোটরসাইকেল ভাড়ায় পাওয়া যায়। নিজে চালাতে পারলে মোটরসাইকেল নিয়ে চলে যান লেবুরচরে। আমরা তা-ই করেছিলাম। ভাটার সময় লেবুরচরে বাঁধ অথবা সৈকত ধরেই চলে যেতে পারবেন। লেবুরচর থেকে খুব কাছে ফাতরার বন। বলা হয়, এই ফাতরার বন থেকেই শুরু সুন্দরবনের সীমানা। আর তাই যাঁদের এখনো সুন্দরবনে যাওয়া হয়নি, তাঁরা ঘুরে আসতে পারেন ফাতরার বন থেকে। সেখানে যেতে চাইলে কুয়াকাটার মূল সৈকত থেকে ট্রলার ভাড়া করে যেতে হবে। ফাতরার বনে যাওয়া মানেই কিন্তু রোমাঞ্চকর অভিযান। দুই পাশে সাদা ঢেউ কেটে খোলা সমুদ্র দিয়ে ট্রলারে করে যাওয়া। যেন কোনো সিনেমার দৃশ্য।প্রথম দিনে লেবুরচর আর ফাতরার চর বেড়ানো শেষে আমরা পরের দিনটা রেখে দিয়েছিলাম গঙ্গামায়ার চরে যাওয়ার জন্য। সৈকতে নেমে বাঁয়ে গেলে গঙ্গামায়ার চর। তবে এখানে যাওয়ার আগে চেষ্টা করুন খুব ভোরবেলা সৈকতে এসে সূর্যোদয় উপভোগ করার। সৈকত থেকে মোটরসাইকেল ভাড়া করে মাঝখানে একবার বাহন এবং যাত্রীসহ নৌকা পারাপারে যেতে পারবেন গঙ্গামায়ার চরে। এই গঙ্গামায়ার চরে এসে একটা অদ্ভুত জিনিস দেখতে পারবেন। সেটা হলো সৈকতজুড়ে হাজার হাজার লাল কাঁকড়া। এত লাল কাঁকড়া সারা জীবনেও দেখবেন না, যতটা এখানে দেখতে পারবেন। এখানে সৈকতে ঘুরে-ফিরে এবার ভেতরের রাস্তা দিয়ে চলে যান কুয়াকাটার যেখানে আপনি চান, সেখানেই। আবার হোটেলে ফিরে বিশ্রাম নিয়ে বিকেলে চলে যেতে পারেন মিস্ত্রিপাড়ায়। এখানে বৌদ্ধমন্দিরে রয়েছে ৩০ ফুট উচ্চতার বুদ্ধমূর্তি এবং পবিত্র পানির কুয়া। এই মূর্তি দেখে ভালো লাগেনি এমন পর্যটকের সংখ্যা কমই। এই বৌদ্ধমন্দিরের পাশেই রয়েছে আদিবাসী জনগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের বসবাস। সেখানে ঘুরে দেখে নিতে পারেন তাদের জীবনযাত্রা। রাখাইনদের বিভিন্ন পণ্যের পসরা থেকে কিছু একটা বেছে নিতে পারেন স্যুভেনির হিসেবে। সন্ধ্যা নামার আগে আবার চলে আসুন সৈকতে। একটু পশ্চিম দিক ঘুরে এসে দাঁড়ালেই সূর্যাস্ত দেখতে পারবেন। সকালের সূর্যোদয় আর বিকেলে সূর্যাস্ত অবস্থানের খানিক হেরফের করে একই সৈকতে দেখতে পাচ্ছেন। এটা কি একটা বড় পাওনা নয়? এবার সৈকতে গিয়ে বসতে পারেন। আমরা বন্ধুরা আড্ডা দিয়ে ডাব খেয়ে আর পরিচ্ছন্ন আকাশে হাজার তারা গুনেই সময় পার করেছিলাম। পর্যটনের বাইরে কুয়াকাটায় যেকোনো হোটেলে বসেই দুপুর বা বিকেলের খাবার খেয়ে নিতে পারেন। এখানের সামুদ্রিক মাছের রান্না কিন্তু বেশ মজার। অন্য যেকোনো পর্যটন স্থানের চেয়ে কুয়াকাটায় খাবারের দাম তুলনামূলক কম। পরদিন সকালে খানিকক্ষণ সৈকতে কাটিয়ে দুপুরের দিকে আমরা লোকাল বাসে চেপে রওনা হয়েছিলাম পটুয়াখালীর উদ্দেশে। কারণ সেখান থেকে লঞ্চে চেপে ঢাকায় ফিরতে সময় লাগবে অনেকটা। তবে যাওয়ার সময় বাস আর আসার সময় লঞ্চ- ভ্রমণবৈচিত্র্য কিন্তু কম নয়। পরদিন সকালে সদরঘাটে নেমেও কিন্তু আমরা কুয়াকাটাতেই ডুবে ছিলাম। কীভাবে যাবেন কোথায় থাকবেনঢাকার গাবতলী থেকে কুয়াকাটায় সাকুরাসহ অন্যান্য বাস ছাড়ে প্রতিদিন। এ ছাড়া সদরঘাট থেকে লঞ্চে পটুয়াখালীতে গিয়ে তারপর লোকাল বাসে চেপে কুয়াকাটায় যাওয়া যাবে। আর নিজস্ব গাড়ি থাকলে সরাসরি ইচ্ছেমতো সময়ে রওনা হতে পারেন। বাস যেখানে নামিয়ে দেবে, তার ডানে-বাঁয়েই দেখা যাবে অসংখ্য গেস্ট হাউস এবং হোটেল। এ ছাড়া আছে পর্যটন মোটেল। আগে থেকেই বুকিং দিয়ে যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ এখন ঈদের সময় সবাই বেড়াতে যায়। আর তাই বুকিং দিয়ে না গেলে ভালো একটা হোটেল না পাওয়ার সম্ভাবনাই বেশি। কুয়াকাটায় ভালো থাকার জায়গার মধ্যে আছে পর্যটন মোটেল, সাগরকন্যা রিসোর্ট, গোল্ডেন প্যালেস, কুয়াকাটা ইন। এসব জায়গার ঘরভাড়া দিনপ্রতি ১২০০-২০০০ টাকা।