সাগরকন্যাও রক্ষা পেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ জানুয়ারি সাগরে নামার আগে পিঠে স্যাটেলাইট যন্ত্র লাগানো কচ্ছপ সাগরকন্যা
১১ জানুয়ারি সাগরে নামার আগে পিঠে স্যাটেলাইট যন্ত্র লাগানো কচ্ছপ সাগরকন্যা

শেষ পর্যন্ত সাগরকন্যাও রক্ষা পেল না। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীতে জেলেদের নিষিদ্ধ বিহিঙ্গি জালে আটকা পড়ে মারা গেল পিঠে স্যাটেলাইট যন্ত্র (ট্রান্সমিটার) বসানো অলিভ রিডলে প্রজাতির কচ্ছপটি।
গত ১২ জানুয়ারি বিকেলে কচ্ছপটির পিঠে স্যাটেলাইট যন্ত্র স্থাপন করে বেসরকারি গবেষণা সংস্থা মেরিন লাইফ অ্যালায়েন্স। এরপর সৈকতের সমিতিপাড়া পয়েন্ট দিয়ে কচ্ছপটি সমুদ্রে অবমুক্ত করা হয়। কচ্ছপটির নাম রাখা হয় সাগরকন্যা। আগের দিন ১১ জানুয়ারি ভোররাতে অলিভ রিডলে মা কচ্ছপটি গভীর সমুদ্র থেকে ডিম পাড়তে আসে সৈকতের ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্টে। ডিম পেড়ে সমুদ্রে নেমে যাওয়ার সময় মেরিন লাইফ অ্যালায়েন্সের কর্মীরা কচ্ছপটি ধরে ফেলেন। এটির দৈর্ঘ্য ৬৩ সেন্টিমিটার। ওজন ৩০ কেজি।

পাশে মৃত্যুর আগ পর্যন্ত কচ্ছপটির পরিভ্রমণ পথ।  প্রথম আলো
পাশে মৃত্যুর আগ পর্যন্ত কচ্ছপটির পরিভ্রমণ পথ। প্রথম আলো

মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ও জীববিজ্ঞানী জহিরুল ইসলাম জানান, ১২ জানুয়ারি থেকে তিন দিনে কচ্ছপটি মহেশখালী-সোনাদিয়া চ্যানেল অতিক্রম করে পশ্চিম সাগরের দিকে ২০ কিলোমিটার চলে যায়। ১৫ জানুয়ারি মুখ ফিরিয়ে কচ্ছপটি দক্ষিণ দিকে হিমছড়িতে অবস্থান করে। ১৯ জানুয়ারি উখিয়ার রেজু খালের মোহনা, ২৩ জানুয়ারি ইনানী সৈকতের দক্ষিণে পাটোয়ারটেক, ৪ ফেব্রুয়ারি সাগরকন্যা চলে যায় সেন্ট মার্টিন সাগর হয়ে টেকনাফের সর্বদক্ষিণ প্রান্তের শাহপরীর দ্বীপের পশ্চিম সাগরে। এরপর শাহপরীর দ্বীপের বদরমোকাম থেকে ৩ দশমিক ১৪ কিলোমিটার দক্ষিণে নাফ নদী ও মিয়ানমার উপকূল থেকে ২ দশমিক ২৫ কিলোমিটার পশ্চিমে সাগরকন্যা বিচরণ শুরু করে। এ সময় নাফ নদীতে পুঁতে রাখা বিহিঙ্গি জালে আটকা পড়ে সাগরকন্যার মৃত্যু হয়। ১১ ফেব্রুয়ারি শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া থেকে স্যাটেলাইট যন্ত্রটি উদ্ধার করা হয়।
জহিরুল ইসলাম বলেন, ৮ ফেব্রুয়ারি সাগরকন্যা থেকে সর্বশেষ সংকেত পাওয়া যায়। তখন তার অবস্থান ছিল নাফ নদীর উজানে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায়। ইন্টারনেট তথ্যের ভিত্তিতে মেরিন লাইফ অ্যালায়েন্সের সদস্যরা জালিয়াপাড়ার এক জেলের বাড়ি থেকে স্যাটেলাইট ট্রান্সমিটারটি উদ্ধার করেন। কিন্তু কচ্ছপটি পাওয়া যায়নি। নিষিদ্ধ বিহিঙ্গি জালে আটকা পড়ে কচ্ছপটির মৃত্যু হয়েছে।
এর আগে ঊর্মি ও বাসন্তী নামের আরও দুটি কচ্ছপের পিঠে একই রকম যন্ত্র স্থাপন করে সমুদ্রে অবমুক্ত করা হয়েছিল। ২০১১ সালের ২৩ মার্চ পর্যন্ত প্রায় এক বছর সময়ে ঊর্মি কক্সবাজার থেকে ভারত সাগর হয়ে এক হাজার ২৫০ কিলোমিটার দূরে শ্রীলঙ্কায় চলে যায়। সেখান থেকে আবার বাংলাদেশের দিকে আসতে শুরু করে। কক্সবাজার সৈকত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে থাকতে যন্ত্রটি অচল হয়ে পড়ে। এরপর ঊর্মির আর সন্ধান পাওয়া যায়নি।
দ্বিতীয় দফায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি স্যাটেলাইট যন্ত্র স্থাপন করে সমুদ্রে অবমুক্ত করা হয় বাসন্তী নামের আরেকটি কচ্ছপ। কচ্ছপটি কক্সবাজার থেকে ভারত হয়ে ৮২ দিনের মাথায় মাদ্রাজ সাগরে পৌঁছে ঘূর্ণিঝড় মহাসেনের কবলে পড়ে। এর পর থেকে বাসন্তীরও খবর নেই।
১৯ জানুয়ারি সাগরকন্যাকে নিয়ে প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, গভীর সাগরে মা চিংড়ি ধরার ট্রলিং জাল, উপকূল ও নাফ নদীর নিষিদ্ধ বিহিঙ্গি জাল, ভাসা জাল এবং বড়শিতে আটকা পড়ে প্রতিবছর হাজার হাজার মা কচ্ছপের মৃত্যু হচ্ছে। বাংলাদেশে সামুদ্রিক কচ্ছপ সাগরের কোথায় পরিভ্রমণ করে এবং কোন পথে পরিযায়ী হয়, সেটা জানা জরুরি। এই গবেষণার মাধ্যমে কচ্ছপের নিরাপদ ভ্রমণ এলাকা চিহ্নিতকরণ এবং সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ে তোলা সম্ভব হতো।