সাগরকন্যার কাছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈকতের বালুকায় দাঁড়িয়ে চোখে পড়বে দিগন্তজোড়া আকাশ আর সমুদ্রের রাশি রাশি নীল জল। নীল জলের ঢেউ সাদা ফেনা তুলে ভেঙে পড়ছে সৈকতে। উড়ে যাচ্ছে সাদা গাংচিলের দল এদিক-ওদিক। মাছ শিকারের জন্য জেলেরা ট্রলার ও নৌকায় ছুটে যাচ্ছে গভীর সমুদ্রে। আবার জেলেদের কেউ সৈকতের বেলাভূমিতে ব্যস্ত জাল মেরামতের কাজে। এ রকম মন ভোলানো অনেক দৃশ্য চোখে পড়বে ‘সাগরকন্যা’ কুয়াকাটায়। সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্যের জন্য যার খ্যাতি, এখানে শুধু সৈকতই নয়, ঘুরে দেখার আরও অনেক জায়গা রয়েছে।গাছের ছায়ায় হ্রদের ধারে সমুদ্রসৈকত কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে মাত্র দেড় কিলোমিটার পূর্বদিকে গড়ে তোলা হয়েছে পরিকল্পিত ইকোপার্ক। কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের আওতায় এর আয়তন প্রায় ৭০০ একর। নারকেল, ঝাউ, আমলকী, বকুল, অর্জুন, জারুল, হিজল, চালতা, পেয়ারা, জাম, হরীতকী, নিম, করমচা, মহুয়া, কামিনী, শেফালি ইত্যাদি গাছে ভরা এ পার্কটি। মেঠোপথ চলে গেছে বাগানের মধ্য দিয়ে। তৈরি করা হয়েছে পিকনিক শেড ও টয়লেট। বিশুদ্ধ পানির জন্য বসানো হয়েছে গভীর নলকূপ। বাগানটির সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে লেক। দুই ধারে পায়ে হাঁটা পথ আর মধ্য দিয়ে বেইলি সেতু থাকায় ঘুরে বেড়ানোর এক চমত্কার জায়গা বলা যায় একে।চরে অভিযানসমুদ্রসৈকত কুয়াকাটা থেকে একটু পশ্চিম দিকে রয়েছে সাগর মোহনার কাছে অবস্থিত বনাঞ্চল ‘ফাতরারচর’। অবশ্য কাগজপত্রে এর নাম টেংরাগিরি। এটি ম্যানগ্রোভ জাতের একটি বন। শীত মৌসুমে অতিথি পাখির সমাগমে মুখর থাকে এ বন। আর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে ১০ কিলোমিটার পূর্বদিকে রয়েছে নির্জন ‘গঙ্গামতিরচর’। এখানে যাওয়াটাই যেন একটা রোমাঞ্চকর অভিযান। একটু কষ্ট করে এখানে গেলে নির্জন প্রকৃতির মধ্যে মন ভালো হয়ে যাবে। নীল জলাধার আর সাদা বালুর বেলাভূমি রয়েছে এখানে। সবুজের ছায়া দিচ্ছে কেওড়া, গেওয়া, ছইলা, বাইনসহ নানা প্রজাতির বৃক্ষ।নারকেল বীথির হাতছানি কুয়াকাটার একেবারে কোল ঘেঁষে ষাটের দশকে ২০০ একর জায়গার ওপর গড়ে তোলা হয় নারকেল বাগান, যা ফার্মস অ্যান্ড ফার্মস লিমিটেড নামে পরিচিত। এ বাগানে নারকেল গাছ ছাড়াও পেয়ারা ও কাজু বাদাম গাছ রয়েছে। শীত মৌসুমে পিকনিক করার জন্য এটা চমত্কার জায়গা। রাতেরবেলায় নারকেলপাতার ফাঁক দিয়ে চুঁইয়ে আসা জ্যোত্স্নার আলোয় বসে যেন অন্য এক পৃথিবীতে চলে যাবেন।শুঁটকিপল্লিকুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পশ্চিম দিকে গড়ে উঠেছে এই শুঁটকিপল্লি। কুয়াকাটার জেলেরা বঙ্গোপসাগর থেকে আহরণ করা মাছ শুঁটকি করে থাকে। লইট্যা, ছুরি, ফালিসা, কোরাল, রূপচাঁদা, পোয়া এমনকি ভোল মাছও শুঁটকি করা হয়। শুঁটকি মাছের এই প্রক্রিয়াজাতকরণ দেখতেও বেশ মজা। চাইলে কিনেও আনতে পারেন নানা রকম মজাদার শুঁটকি। তবে শুঁটকিপল্লির গন্ধটা নাকে সয়ে নিতে হবে।এ ছাড়া কুয়াকাটায় গেলে দেখতে পাবেন বিচিত্র রাখাইন জীবন। সাংগ্রেং পোয়ে (জলকেলি উত্সব), লংগ্রেং পোয়ে (নৌকাবাইচ), ঞংরে লং পোয়ে (বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চন্দনের জল সঞ্চালন উত্সব), মহাপিন্নি নেট পোয়ে (দেবপূজা উত্সব), কঠিন চিবরদান উত্সব ও রথোত্সবে সারা বছরই মুখরিত তারা। কুয়াকাটার রাসমেলা আজ দেশের অন্যতম একটি উত্সবে পরিণত হয়েছে। প্রতিবছর পূর্ণিমার তিথিতে হিন্দু সমপ্রদায়ের এ উত্সব কুয়াকাটায় হয়ে থাকে।কীভাবে যাবেন, কোথায় থাকবেনঢাকা থেকে সরাসরি বাসযোগে কুয়াকাটা যাওয়া যায়। ঢাকা-কলাপাড়া বাস সার্ভিসও চালু আছে। এ ছাড়া ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে বরিশাল আসতে পারেন। তারপর বরিশাল থেকে বাসে সরাসরি কুয়াকাটা। বরিশালের লঞ্চঘাট থেকে প্রতিদিন বাস ছাড়ে, এক ঘণ্টা পরপর। এ ছাড়া বরিশালের লঞ্চঘাট থেকে প্রতিদিন সকালে বিআরটিসির পর্যটক স্পেশাল নামে একটি বাস কুয়াকাটায় আসে। আবার ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত লঞ্চে আসতে পারেন। ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চে আসার পর পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে বাসে করে কুয়াকাটা। জলপথে পাবেন নানা বিলাসবহুল লঞ্চ। কেউ ইচ্ছে করলে ঢাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়েও কুয়াকাটা চলে আসতে পারবেন।সমুদ্রসৈকত কুয়াকাটায় এখন আর থাকা-খাওয়ার কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে গড়ে উঠেছে সব রকম খরচের মধ্যেই অসংখ্য আবাসিক হোটেল-মোটেল। পর্যটন করপোরেশনের মোটেল হলিডে হোমসে থাকতে হলে ০১৭৩২০৯১৫৯৯ অথবা ০৪৪২৮-৫৬০০৪ নম্বরে আগে বুকিং করতে পারেন। এ ছাড়া আরও ৪০টির মতো আবাসিক হোটেল আছে। এগুলোর মধ্যে হোটেল কুয়াকাটা ইন, ফোন: ০১৭১৫০১৯১৮৬। বনানী প্যালেস, ফোন: ০১৭১৩৬৭৪১৪৯। হোটেল নীলাঞ্জনা, ফোন: ০১৭১২৯২৭৯০৪। সাগরকন্যা রিসোর্ট লি., ফোন: ০১৭১১১৮১৭৯৮। কুয়াকাটা গেস্ট হাউস, ফোন: ০১৭৩০১৮৯০৫২ অন্যতম।