সাগরতলের আজব জীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢুকতেই চোখে পড়ল দেয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখা বিশাল এক করাত। পাঁচ ফুট লম্বা এই করাতের দাঁতের সংখ্যা ১৭ জোড়া। কোথায় তৈরি, কী কাজে লাগে এই করাত? এমন প্রশ্নের উত্তর জানে এর মালিক করাতি হাঙর। প্রায় ৮০ ফুট লম্বা এই হাঙরটি ১৯৬৮ সালে ধরা পড়েছিল বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের মাছ ধরার জাহাজে।

কেবল করাতি হাঙর নয়, মেরিন ফিশারিজ একাডেমির মাছের জাদুঘরে সাগরতলের এমন সব বাসিন্দার দেখা মিলল, যাদের প্রতিটিকে নিয়ে ভিন্ন ভিন্ন বই লেখা সম্ভব।

নগরের সদরঘাটের লঞ্চ টার্মিনালের পাশে সাম্পান ঘাট থেকে ছোট যন্ত্রচালিত নৌকায় নদীর অপর পাড়ে ফিশারি ঘাটে পৌঁছাতে সময় লাগে মিনিট দশেক। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের মৎস্য বন্দরের পাশেই মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। আর মাছের জাদুঘরটির যাত্রা শুরু হয়েছিল এরও বেশ কয়েক বছর আগে। এখন একাডেমির শিক্ষার্থীদের (ক্যাডেট) শিক্ষা কার্যক্রমের জন্য এটি ব্যবহূত হচ্ছে। সম্প্রতি এই জাদুঘরে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

জাদুঘরের বিশাল হলঘরের এক অংশে আছে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার জন্য চেয়ার, টেবিল ও বোর্ড। অন্য অংশে সারি সারি আলমারি। ৩০টি আলমারির বিভিন্ন তাকে কাচের জারে ৩৫০ প্রজাতির মাছ ছাড়াও সংরক্ষণ করা হয়েছে সামুদ্রিক প্রাণী, শৈবাল ও প্রবালের নমুনা। কক্ষের মাঝামাঝি বড় একটি শোকেসে রাখা আছে ডলফিন ও তিমির কঙ্কাল, বিভিন্ন প্রজাতির শামুক, ঝিনুক ও কাঁকড়ার খোল।

বঙ্গোপসাগরে প্রায় ৪৫০ প্রজাতির মাছ রয়েছে। এর অধিকাংশই এই জাদুঘরে সংরক্ষিত আছে। পোয়া, ইলিশ, লইট্টা, দাতিনা, লাক্ষা, ছুরি, বাইলা, টুনা, রুপচাঁদা, বাইন ও হাঙরের মতো অতিপরিচিত মাছের পাশাপাশি এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে পটকা, ইল, রে, ও ঘোড়ার মতো স্বল্প পরিচিত মাছ।

এসব তথ্য দেন, জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মেরিন ফিশারিজ একাডেমির জ্যেষ্ঠ ইনস্ট্রাকটর সেলিনা সুলতানা। তিনি আরও জানান, বাংলাদেশের সামুদ্রিক মাছ ও জীববৈচিত্র্য সম্পর্কে জানতে প্রতিবছর প্রচুর দর্শনার্থী আসেন এই জাদুঘরে। দেশের বাইরে থেকেও গবেষকেরা আসেন তথ্য সংগ্রহের প্রয়োজনে।

সাগরে মাছের ভান্ডার: জাদুঘরের এক প্রান্তে রাখা আছে একটি বিশেষ মানচিত্র। সেটি দেখিয়ে সেলিনা সুলতানা জানালেন, বঙ্গোপসাগরে মূলত চারটি মৎস্যভান্ডার থেকেই মাছ ধরা হয়। এগুলো হলো কক্সবাজারের কুতুবদিয়ার কাছাকাছি সাউথ প্যাচ, তার কিছুটা দক্ষিণে সাউথ অব সাউথ প্যাচ, নিঝুমদ্বীপের কাছাকাছি মিডল গ্রাউন্ড ও সুন্দরবনের দুবলার চরের কাছে সোয়াচ অব নো গ্রাউন্ড। দেশের প্রায় ২০০টি বিশেষায়িত মৎস্য-নৌযান এসব এলাকায় মাছ শিকার করে।

কুকুর জিহ্বা, লণ্ঠন ও বাক্স মাছ: কুকুরের জিহ্বার মতো চ্যাপটা কুকুর জিহ্বা মাছ, প্রায় চারকোনা বাক্স আকৃতির বাক্স মাছ, শুঁড়ের আগায় বাতি জ্বেলে চলাফেরা করা লণ্ঠন মাছের মতো বিচিত্র সব মাছের দেখা মিলল জাদুঘরে। দেখা হলো শজারুর মতো শজারু পটকা মাছ, গিটার মাছ, টরপেডো স্কাড, পাইপ মাছ ও সার্ক সাকার বা রক্তচোষা মাছের সঙ্গে। এ ছাড়া ভয়ংকর বিষধর বাঁশিনাক সামুদ্রিক সাপ, অক্টোপাস, বাঘা হাঙর, বিদ্যুৎ ইল, স্পঞ্জ, লবস্টার, কচ্ছপ, চিংড়ি ও রাজ কাঁকড়াও দেখা গেল।

এ ছাড়া নানা জাতের শৈবাল, সামুদ্রিক ঘাস, উদ্ভিদ ও প্রবালও সাজানো রয়েছে জাদুঘরে। কক্ষের শেষ কোনার টেবিলে রাখা ১২ ফুট লম্বা একটি হাড়ের গায়ে লেখা আছে, ‘আই এম এ বোন অব হোয়েল’।

জানা গেল, বিশাল আকৃতির কোনো তিমির পাঁজরের হাড় এটি।