সাগরতীরে ঝুঁকিপূর্ণ বসবাস
বাড়ি তো নয়, যেন কবুতরের খোপ। বাঁশের ভাঙা বেড়ার ওপর ছনের ছাউনি। চারদিকে কাদা থিকথিক করছে, তারই পাশে বসে জাল বুনছিলেন মরিয়ম খাতুন (৬২)। শুরুতে বাড়ির বেহাল অবস্থার কথাই বললেন—‘বারিষা হালে ঝরর পানি বারে পরিবার আগে ঘরত পরে। কিন্তু এহন বরঅ চিন্তা সাগর লই, হন সমত আঁর ঘরগান হাই ফেলাই!’ (বর্ষাকালে বৃষ্টির পানি বাইরে পড়ার আগে ঘরে পড়ে। কখন আমার ঘরটা সাগর খেয়ে ফেলে সেই চিন্তায় আছি।)১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে স্বামী গোলাম ছোবহান, ছেলে মালেকসহ অনেক আত্মীয় হারিয়েছেন মরিয়ম। কিন্তু স্বামীর ভিটে ছেড়ে যাননি। সাগর ধেয়ে আসছে দেখেও ঘরছাড়ার কথা ভাবেন না তিনি। গত অক্টোবরে ঘূর্ণিঝড় গিরির প্রভাবে জোয়ারের পানি ভাসিয়ে নিয়ে গেছে ঘরের একাংশ। এরপরও বাড়ি ছাড়ার কথা ভাবতে পারেন না মরিয়ম। প্রশ্ন করলে বলেন, ‘কোথায় যাব? যাওয়ার জায়গা তো নেই।’কুতুবদিয়া দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নের কাহারপাড়ার বেড়িবাঁধের বাইরে কয়েক শ পরিবার বাস করে। ১৯৯১ সালের ঝড় ও জলোচ্ছ্বাসে তাঁরা সব হারান। এরপর থেকে তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে স্থায়ী পুনর্বাসনের আবেদন করলেও কাজ হয়নি।প্রসঙ্গত, এ দ্বীপে এরকম কত পরিবার আছে তার সঠিক তথ্য নেই উপজেলা প্রশাসনের কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান (ইনস্টিটিউট) বিভাগের প্রধান মুহাম্মদ কামাল হোছাইন প্রথম আলোকে বলেন, কুতুবদিয়ার ছয় ইউনিয়নে দ্বীপরক্ষা বাঁধের বাইরে এবং বেড়িবাঁধের ওপর হাজারের বেশি পরিবার মানবেতর জীবনযাপন করছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ এদের খড়ের মতো ভাসিয়ে নিয়ে যায়। এতে সর্বস্ব হারালেও তাদের ভাগ্যে জুটে কয়েক কেজি চাল। বর্তমানে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থ উপকূলীয় এলাকার দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগানো দরকার।’ উপজেলা চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, ‘উপজেলার মহাজনপাড়া, নাথপাড়া, মফজল ডিলারপাড়া, মতির বাপেরপাড়া, কাহারপাড়া, তেলিপাড়া, হাইদর বাপেরপাড়া, তাবলেরচর, কাইছারপাড়ায় বেড়িবাঁধের ওপর ও বাইরে কয়েক হাজার পরিবার বাস করছে। তাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে উপজেলা পরিষদ থেকে জরিপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কৈয়ারবিল ইউনিয়নের নাথপাড়ার পাখি বালা নাথ (৩৫) বলেন, ‘ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে আমাদের বাড়ির ক্ষতি হয়েছে। জীবনে আর শান্তি ফিরে আসবে না। টাকা না থাকায় অন্য জায়গায় ঘর করতে পারছি না।’ অজিতা বালা নাথ (৭০) বলেন, ‘১৯৯১ সাল থেকে এ পর্যন্ত আটবার জোয়ারে ঘর ভেঙেছে। সরকারের সামান্য ত্রাণ ছাড়া আর কিছুই পাইনি।’ পাখি বালা নাথের স্বামী ১২ বছর আগে মারা গেছেন, বর্তমানে পাখি বালা ও বিধবা অজিতা বালা নাথ চরের মধ্যে মাটির দেয়াল দিয়ে ঘর তুলে বাস করেন। ঘূর্ণিঝড় গিরির আঘাতে সেই ঘরটির অর্ধেক ভেঙে গেছে। কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধের বাইরে বঙ্গোপসাগরের তীরে ১২০-১৫০ গজ দূরে চরের মধ্যে শত শত পরিবার বসতি স্থাপন করেছে। ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা প্রচারিত হলে চরের ঝুপড়ি থেকে তাঁদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়। কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ এ এইচ এম হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ছিন্নমূল এসব মানুষকে স্থায়ী পুনর্বাসন করার জন্য সরকারি খাসজায়গা খোঁজা হচ্ছে। এ ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চরাঞ্চল পুনর্বাসন, আশ্রয়ণ প্রকল্প অথবা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় এদের পুনর্বাসন করা দরকার।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আলম বলেন, ‘পরিবারগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।’