সাগরপারে আই-জিনিয়াস উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টা। মঞ্চ থেকে ঘোষণা এল—এবার শুরু হচ্ছে আকর্ষণীয় সেই ‘আই-জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতা। সঙ্গে সঙ্গে উপস্থিত কয়েক হাজার শিক্ষার্থীর মুখে হর্ষধ্বনি, অজস্র হাততালি। সবাই বসল নড়েচড়ে। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব উপলক্ষে কক্সবাজার সরকারি মহিলা কলেজ মাঠে বসে জমজমাট এ আয়োজন। শহরের চারটি কলেজ ও সাতটি উচ্চবিদ্যালয়ের অন্তত পাঁচ হাজার শিক্ষার্থী উৎসবে যোগ দেয়। বেলা ১১টায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া নজরুলকে সঙ্গে নিয়ে উৎসবে আসেন শহরের ঘোনাপাড়ার বাসিন্দা মনজুর আলম। মঞ্চে তখন আই-জিনিয়াস প্রথম রাউন্ডের খেলা চলছিল। তৃতীয় রাউন্ড শেষে দর্শক গ্যালারি থেকে আই-জিনিয়াস সংগ্রহের ঘোষণা এল। বলা হলো, যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, সে মঞ্চে ওঠে আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। শুরু হলো প্রচণ্ড রকমের উত্তেজনা, হইচই। মঞ্চ থেকে যখন প্রশ্ন করা হলো, বলো তো, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?সঙ্গে সঙ্গে অনেকের সঙ্গে হাত তুলে পঞ্চম শ্রেণীর ওই ছাত্র নজরুল। নজরুল বলে ওঠে, ‘দীপু মনি’। কিন্তু নামের আগে ডাক্তার না বলায় সঠিক উত্তরদাতা হিসেবে কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র নিশানকে নির্বাচিত করা হলো। এই নিশানই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আই-জিনিয়াস নির্বাচিত হয়। শিশু নজরুলের বাবা মনজুর আলম (৩৪) বলেন, ‘উৎসবে না এলে ইন্টারনেট ব্যবহারের খারাপ দিকটা মাথায় নিয়ে সারা জীবন অন্ধকারে ঘুরে বেড়াতাম। এখন ইন্টারনেট কী জিনিস, বুঝে গেলাম। মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে ছেলেমেয়েদের জগৎ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ করে দেব।’ ‘দেখব এবার জগৎটাকে’ স্লোগানে অনুষ্ঠিত উৎসবের মূল আকর্ষণ আই-জিনিয়াস কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে মহা খুশি কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুবাহ রাইসা। রাইসা বলে, সুন্দর একটা উৎসব দেখে মুগ্ধ হলাম। এখানে না এলে অনেক কিছু থেকে বঞ্চিত হতাম। এই উৎসব প্রতিবছর করা উচিত। আই-জিনিয়াস কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিটি কলেজ ও উচ্চবিদ্যালয় থেকে সাতজন করে শিক্ষার্থী নিবন্ধন করে। এ ছাড়া বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর নিয়ে মাঠ থেকে নির্বাচিত করা হয় আরও কয়েকজন প্রতিযোগীকে। সর্বমোট ৯৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ১২ জন করে আট রাউন্ডের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি রাউন্ডের জন্য প্রশ্ন ছিল পাঁচটি। এরপর সঠিক উত্তরদাতা থেকে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে আই-জিনিয়াস নির্বাচিত করা হয়। শেষে আট রাউন্ডের নির্বাচিত আটজন আই-জিনিয়াস নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত রাউন্ডের খেলা। সর্বোচ্চ দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আই-জিনিয়াস নির্বাচিত হয় কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাই স্কুলের দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র ইফতিয়াজ নূর নিশান। দুপুর ১২টায় কক্সবাজার ল্যাবরেটরি স্কুলের একদল শিক্ষার্থী উৎসবস্থলে ঢুকে একেবারে মঞ্চের সামনে চলে আসে। তারপর নিচে মাটিতে বসে পড়ে। মঞ্চ থেকে কোনো প্রশ্ন করা হলে এই শিশুরা হাত তুলে উত্তর দেওয়ার চেষ্টা করে। কিন্তু আই-জিনিয়াস প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থান ছিল না। এই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ফারিহা, সুজলা ক্ষোভের সঙ্গে জানায়, ‘এত বড় উৎসব, অথচ আমাদের আমন্ত্রণও জানানো হয়নি। আমরা কি প্রথম আলো পড়ি না? আমাদের কি ইন্টারনেট বিষয়ে শেখার অধিকার নেই?’ প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক এই শিশুদের নিয়ে বসে গেলেন মাঠে। কয়েকটা ছবিও তুলে নিলেন শিশুদের সঙ্গে। তারপর তাদের বুঝিয়ে বলা হলো—উৎসবের মূল কারণ। শেষ সময় পর্যন্ত এই শিশুরা মাঠে বসে আই-জিনিয়াস প্রতিযোগিতা উপভোগ করে। চূড়ান্ত পর্বের খেলায় নিশানকে আই-জিনিয়াস ঘোষণা করা হলে এই শিশুরা হাততালি দিয়ে তাকে উচ্ছ্বসিত করে। নিশানের (১৬) হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক ও কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। উৎসবকেন্দ্র করার সুযোগ দেওয়ায় কলেজের অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরীকে গ্রামীণ ফোন ও প্রথম আলোর পক্ষ থেকে ইন্টারনেট সিমসহ একটি মডেম ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। তা ছাড়া আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯৬ প্রতিযোগীর প্রত্যেককে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।