সাগরপারে ছেলের লাশের অপেক্ষায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাছিম আলী (৬৫) এখন প্রায় সময় সাগরপারেই বসে থাকেন। বড় কিছু ভেসে আসতে দেখলেই দৌড়ে যান সেদিকে—এই বুঝি ভেসে এল ছেলে রফিকের (১৫) লাশ। কিন্তু বারে বারে হতাশ হন। তবু বসে থাকেন অপেক্ষায়। ১৪ ডিসেম্বর ১৩০ জন যাত্রী নিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে নিখোঁজ হন রফিক।দিনমজুরি করে অভাবের সংসারে মা-বাবাকে সাহায্য করতেন রফিক। বাবা বৃদ্ধ, আগের মতো কাজ করতে পারেন না। বড় ভাইও মারা গেছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। কিন্তু হাড়ভাঙা খাটুনির পরও অভাব রয়েই যাচ্ছে। এদিকে, রফিকের চোখে ছোট দুই ভাই—রিয়াজ (৬) ও করিমকে (৩) লেখাপড়া শেখানোর স্বপ্ন। এভাবে আর হবে না। তাই ভাগ্য ফেরানোর চিন্তায় অস্থির হয়ে ওঠেন। সেটাই কাল হলো। খপ্পরে পড়েন দালালের। পা বাড়ান মৃত্যুঝুঁকি নিয়ে অবৈধ পথে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে। মাঝদরিয়ায় উল্টে যায় ট্রলার। নিখোঁজ রফিকের এখনো সন্ধান নেই। ছেলে হারিয়ে পাগলপ্রায় মা রেহেনা বেগম। বিলাপ করে কেঁদেই চলেছেন। বুক চাপড়ে বলছেন, ‘আঁর বিয়াক শেষ অই গিয়ই। টিঁয়্যার লাই ফোয়ারে দইজ্জাত ফেলায় দিইয়ি (আমার সব শেষ হয়ে গেছে। টাকার জন্য ছেলেকে সাগরে ফেলে দিলাম)।’ টেকনাফের শাহপরীর দ্বীপের ডাঙরপাড়া গ্রামে রফিকের বাড়ি থেকে কিছুক্ষণ পর পর ভেসে আসছে রেহেনার আর্তনাদ—‘অ...ফুতরে...।’ শুধু রফিক নয়, এখনো নিখোঁজ ঝিনারপাড়ার মোস্তফা কামাল, রশিদ আলম, জাহেদ হোসেনসহ আরও অনেকে। অন্যরা জেলেদের সাহায্যে কূলে ফিরেছেন। রফিকের মা রেহেনা বেগম জানান, ‘ঘর বন্ধক দিয়ে ৩০ হাজার ও বিভিন্ন জনের কাছ থেকে সুদে আরও ৪০ হাজার টাকা নিয়ে মোট ৭০ হাজার টাকা দিয়েছি দালালচক্রের সদস্য ফিরোজ ও আলমকে। প্রথমে থাইল্যান্ড ও পরে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রলারডুবির পর তাঁরা এলাকা ছেড়ে পালিয়েছেন।’ বেঁচে আসা যাত্রী কোনারপাড়ার আবদুল সালাম (২৫) জানান, ১৪ ডিসেম্বর রাতে শাহপরীর দ্বীপে জড়ো হয় ৮৫ জন। উদ্দেশ্য ট্রলারে করে মালয়েশিয়ায় যাওয়া। দালালেরা পশ্চিমপাড়া ঘাট দিয়ে চারটি ছোট নৌকায় করে তাঁদের সাগরে নিয়ে যান। এরপর সেখানে অবস্থানরত ট্রলারে উঠিয়ে দেন। ট্রলার চলতে শুরু করে। প্রায় এক ঘণ্টা চলার পর গভীর সাগরে গেলে এক ব্যক্তি ফজরের নামাজ আদায়ের জন্য আজান দেন। লোকজন সাগরের পানি দিয়ে অজুর জন্য ট্রলারের এক পাশে গেলে ওই পাশ দিয়ে পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়।টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক মিয়া জানান, অধিকাংশ লোক বেঁচে ফিরেছে। তাদের মধ্যে মিয়ানমারের নাগরিকও রয়েছে। তবে প্রায় ২৫ জনের সলিল সমাধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।