সাগরপারে শিল্পচর্চা
পতেঙ্গা সৈকতে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ‘পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টস’ অরগানাইজেশনের দ্বিমাসিক আয়োজন ‘পোড়াপাড়া পারফরম্যান্স আর্ট ইভেন্ট-৪’। ক্যানভাস যখন সীমাবদ্ধতায় নাম লেখায়, ভাস্কর্য যখন নির্বাক, মানুষের ভাবালুতার সীমা যখন ছড়িয়ে যায় অন্য কোনো শিল্পমাধ্যমের গণ্ডি, তখন জরুরি হয়ে পড়ে সরাসরি ভাবাবেগে কথা বলে ওঠার। শিল্পীই হয়ে ওঠেন তখন শিল্পমাধ্যম, শিল্পীর ভঙ্গিমায়ই ফুটে ওঠে শিল্পকর্ম। আর এ শিল্পমাধ্যমকেই একটা মাত্রা দিতে প্রতি দুই মাস পর পর ‘পোড়াপাড়া’ এ আয়োজনটির মধ্য দিয়ে সমসাময়িক শিল্পকলার ধারা ‘পারফরম্যান্স আর্ট’-এর চর্চা করে যাচ্ছে এবং বাংলাদেশে একমাত্র পোড়াপাড়াই এই ভিন্ন ধারার শিল্পমাধ্যমটির নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছে।শহর ছাড়িয়ে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশে ‘পোড়াপাড়া পারফরম্যান্স আর্ট ইভেন্ট-৪’-এর শিল্পীরা নিজস্ব চিন্তা-ভাবনা, আবেগ-অনুভূতিকে ফুটিয়ে তোলেন বিভিন্ন ভঙ্গিমায়। সমুদ্রের পাড়ে বেড়াতে আসা দর্শকদের মধ্যে তা ছড়িয়ে দেয় এক অন্য রকম আমেজ এবং চিন্তার খোরাক। বিকেল সাড়ে চারটায় শুরু হয় এ আয়োজন। শিল্পী জয়দেব রোয়াজা মাথার ওপর তার নিজের তৈরি একটি গরুর মাথা বসিয়ে, গরুর ঘণ্টা ঝুলিয়ে বেশ কিছুক্ষণ বিভিন্ন কসরত করেন এবং তারপর একটি সার্টিফিকেট হাতে নেন, যাতে লেখা থাকে, ‘আমি (শিক্ষিত) গরু, আমি (ঘুষ) ঘাস খাই’ এ সার্টিফিকেট নিয়ে তিনি দর্শকদের সবার কাছে যান এবং যাঁরা তাঁর এ মতামতের সঙ্গে একমত, তাঁদের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করেন। শিল্পী মেহেরুন আকতার ‘সম্পর্ক ও ভালোবাসা’র প্রশ্ন নিয়ে সাধারণ দর্শকের মধ্যে যান এবং তাঁদের কাছ থেকে মতামত গ্রহণ করে ডায়েরির পাতায় লিপিবদ্ধ করেন। তারপর সতেজ ভালোবাসার উপহার হিসেবে পানি স্প্রে করে একটি করে লাল গোলাপ সবার হাতে দেন। শিল্পী ফারাহ নাজ পুরো শরীরে সুতো ও সাদা টেপ লাগিয়ে তাঁর ওপর মার্কার দিয়ে লিখে যান ‘ভালো হোক’, ‘পড়ুক’, ‘আসুক’, ‘সুখী থাক’ ইত্যাদি সব শুভ কামনার বাণী। সবার মাঝেই যেন ছড়িয়ে দিতে চান সেসব।শিল্পী নীলুফার চামান ঘণ্টা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে কাজ করেন তাঁর ‘বেতাল’ সিরিজের দ্বিতীয় পারফরম্যান্সে।শিল্পী হাসনাহেনা পরশ তাঁর ‘নতুন শেকড় ধারণ’ সিরিজের চতুর্থ কাজটি করেন। আফসানা শারমিন তার ‘নীল’ সিরিজের চতুর্থ পারফরম্যান্সটি করেন। নীল আঁচলের মধ্য থেকে নীল রং ছড়িয়ে দেন সমুদ্রের দিকে বয়ে চলা পানির ধারায়। এভাবে তিনি রং ঢেলেছেন মোহনা অবধি। তারপর আঁচলে ভরে রাখা নীল রং কোলের ওপর রেখে প্রার্থনার ভঙ্গিতে চোখ বুজে বসে থাকেন দেড় ঘণ্টার চেয়েও বেশি সময়।‘পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টস’-এর পরবর্তী আয়োজন ‘পোড়াপাড়া অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং ওয়ার্কশপ’ ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। এই কর্মশালা পরিচালনা করবেন ইতালীয় অ্যাবস্ট্রাক্ট পেইন্টার শিল্পী ফ্রান্সিসকো দিয়া মনে। আর ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে পোড়াপাড়ার সিটি স্পেস ‘সিনেমা প্যালেস’-এ রিপন সাহার বাড়িতে।