ধারণানির্ভর শিল্পজগতের এক বিশেষ মাধ্যম পারফরম্যান্স আর্টের নিয়মিত চর্চায় নিয়োজিত পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট ১৪ জুলাই সমুদ্রপাড়ে আয়োজন করেছে তাদের নিয়মিত আয়োজন। শিল্পের এই মাধ্যমে শিল্পী শারীরিক কসরতের মাধ্যমে মানুষের আবেগ, উচ্ছ্বাস, আনন্দ-বেদনার নান্দনিক বহিঃপ্রকাশ ঘটান। কখনো অনেক মাধ্যমের সংমিশ্রণ ঘটিয়ে অথবা কোনো মাধ্যম ছাড়াই শিল্পী নিজেকে শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে শিল্পী দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। উত্তাল সমুদ্রের বুকে নিজের অস্তিত্বের দামামা বাজিয়ে গেছেন এই ইভেন্টে অংশ নেওয়া ১০ জন শিল্পী। অন্তর্জগতের সঙ্গে সমাজের কোন্দলের প্রতিধ্বনি করতে ফুল চিবিয়ে খেয়েছেন শিল্পী মেহেরুন আকতার। মাকে উদ্দেশ করে চিঠি লিখে প্লাস্টিকের বোতলে ভরে ভাসিয়ে দিয়েছেন সমুদ্রের বুকে শিল্পী জাহেদ আলী চৌধুরী। মিরসরাইয়ে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকাহত শিল্পী আলপ্তগীন তুষার সার্বিক ব্যবস্থাপনার ওপর নিজের আক্রোশ ফুটিয়ে তুলেছেন। শিল্পী সঞ্জয় চক্রবর্তী ধর্ম এবং ধর্ম নিয়ে ভেদাভেদে মানুষের মানসিকতার যে অবরুদ্ধতা, তা ফুটিয়ে তোলেন স্পর্শকাতরতায়। শরীরে লাল-কালো কালিতে যোগ-বিয়োগ এঁকে সমুদ্রের বালির গণনা করে জীবনের অফুরান হিসাব-নিকাশকে তুলে ধরেন শিল্পী রিপন সাহা। শিল্পী জেসিকা তাসনীম চুড়ির রঙের ঘূর্ণিপাকে রঙিন টিপ বিলিয়ে যান চারপাশের দর্শক সারিতে। নারীর জীবন, দ্রোহ, আনন্দ নিয়ে কাজ করেন শিল্পী দিলারা বেগম। শিল্পী আফসানা শারমিন তাঁর একান্ত আবেগের জগতে জন্মের ক্ষণ উপস্থাপন করেন তাঁর কাজে। শিল্পী জিহান করিম হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজিয়ে সম্মোহিত করেন একদল মানুষকে। আর তাঁদের নিয়ে যান ওই বিশাল সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউয়ের ভাঁজে। শিল্পী নিলুফার চামান বেশ কিছু বাদ্যযন্ত্রের তাল ও বোতলের মুখোশ পরিয়ে সহশিল্পীদের নিয়ে তৈরি করেন অন্য রকম এক পরিবেশের। সমুদ্রতীরে বেড়াতে আসা দর্শকদের আন্দোলিত করে এই আয়োজন।