সাগরিকা ও বিবিরহাটে গরু বিক্রি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানথ্রাক্স-আতঙ্কে নগরের বড় পশুর বাজার সাগরিকা ও বিবিরহাটে গরু বিক্রি এক-চতুর্থাংশ কমে গেছে। গত ১৫ দিনে বিক্রি সবচেয়ে বেশি কমেছে বলে জানান সাগরিকা গরু বাজার বণিক কল্যাণ সমিতির নেতারা। বর্তমানে এখানে চিকিৎসকের সনদ দিয়ে পশু বিক্রি হচ্ছে। বিবিরহাটে প্রথম দিকে অ্যানথ্রাক্সের প্রভাব তেমন পড়েনি। তবে এখানেও গরু বিক্রি কমে গেছে বলে জানা যায়। গরুসহ অন্যান্য পশুর বেচাকেনা কমে গেলেও দাম তেমন কমেনি। তবে বিক্রি কমে যাওয়ায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, নগরের কাঁচাবাজারগুলোতে প্রায় অর্ধশত মাংস ব্যবসায়ী অ্যানথ্রাক্স রোগের কারণে মাংস বিক্রি করছেন না—এ অজুহাতে বকেয়া ফেরত দিচ্ছেন না। সামনের কোরবানির ঈদে পশু বিক্রি নিয়ে আতঙ্কে আছেন দুই বাজারের ব্যবসায়ীরা। জানা যায়, সাগরিকা গরু বাজারে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকসহ একটি দল ২০ সেপ্টেম্বর সকালে বাজার পরিদর্শনে যায়। এ সময় দলটি প্রায় ২০টি দেশি-বিদেশি গরু পরীক্ষা করে দেখে। তবে অ্যানথ্রাক্সে আক্রান্ত কোনো গরু পাওয়া যায়নি। বিবিরহাটে ক্রেতারাই পশুচিকিৎসক দিয়ে পরীক্ষা করে গরু কিনছেন বলে জানান ব্যবসায়ীরা। তবে সরকারি পশুচিকিৎসক নেই হাটে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তাহের মৃধা বলেন, ‘এক মাস ধরে গরুর অ্যানথ্রাক্স রোগ দেখা দিয়েছে। এ রোগ হলে গরু জবাই করা বা এর মাংস খাওয়া ঠিক হবে না। এমনকি রোগাক্রান্ত গরু বাজারে রাখা যাবে না। দেশি গরুতে অ্যানথ্রাক্স রোগ হওয়ার আশঙ্কা বেশি। কাঁচা ঘাস থেকে এ রোগ হতে পারে। গরুর অ্যানথ্রাক্স হলে মানুষের শঙ্কিত হওয়ার কিছু নেই। এ ক্ষেত্রে সচেতন হলেই চলে। সাগরিকা বাজার কমিটির সভাপতি মো. শওকত আলী বলেন, অ্যানথ্রাক্স-আতঙ্কে গরুর ব্যবসা বন্ধ হওয়ার পথে। যাচাই বাছাই করে গরু আমদানি করা হচ্ছে। চিকিৎসকের সনদ দিয়ে পশু বিক্রি করা হচ্ছে। যমুনা ও মেঘনা সেতু পার হওয়ার সময় প্রতিটি গরু চিকিৎসক দিয়ে পরীক্ষা করছে সরকার। প্রতিটি চালানের সঙ্গে প্রত্যয়নপত্রও রয়েছে। এর পরও কেন আতঙ্ক—তা বোঝা যাচ্ছে না। সাগরিকা ও বিবিরহাট গরু ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল ওসমান বলেন, ‘রাউজানের কসাইরা প্রতিদিন ২০-২৫টি গরু নিয়ে যেতেন। এখন একটাও নেন না। এ থেকে বোঝা যায় বিক্রি কেমন কমেছে।’ বাজারের ইজারাদার মো. আলী আজগর প্রথম আলোকে বলেন, ‘চারদিকে অ্যানথ্রাক্স-আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখানে পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়ে।’ বিবিরহাটে ক্রেতা আব্দুল আলীম জানান, ‘এ বাজারের গরুগুলো ভারত আর মিয়ানমার থেকে আনা হয়। সীমান্তে পরীক্ষার পর দেশে ঢুকছে। তাই আমরা রোগ নিয়ে খুব বেশি চিন্তিত নই। কিন্তু নগর ও গ্রামের ব্যবসায়ীরা মাংস বিক্রি করতে পারছেন না বলে তাঁরা গরু কিনছেন না।’ ১৪-১৫ বছর ধরে বিবিরহাটে গরুর ব্যবসা করেন আলমগীর ব্যাপারি। তিনি বলেন, ‘আমি রাজশাহী, যাত্রাপুর থেকে গরু কিনে আনি। গরুগুলোকে পশু চিকিৎসক দিয়ে পরীক্ষা করি এখন। তবুও অবস্থা খুব ভালো নয়।’বিবিরহাট বড়বাড়ির বাসিন্দা মো. তাজুল ইসলাম বলেন, ‘কোরবানির ঈদের আগে বিবিরহাটের গরুর বাজার মুরাদপুর থেকে বহদ্দারহাট পর্যন্ত বিস্তৃত হয়। এবার অ্যানথ্রাক্সের কারণে অন্য চিত্র দেখা যেতে পারে।’