সাগরিকায় টাইগারদের প্রাপ্তি-অপ্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ। সে পুরোনো কথা। কিন্তু সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম এলেই প্রসঙ্গটি না এসেই পারে না। অনেক আন্দোলন-সংগ্রামের পরই কিনা বিশ্বকাপের সাক্ষী হয়েছিল এই স্টেডিয়াম, সেই সুবাদে চট্টগ্রামবাসীও। তার পর তো ইতিহাস। ঢাকা থেকে শূন্য হাতে ফেরা বাংলাদেশ দল চট্টগ্রাম থেকে নিয়ে গেল শতভাগ সাফল্য। ইংলিশ ও ডাচদের বধ করে টাইগাররা দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন দেখিয়েছিল আমাদের। তাই সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটি টাইগারদের জন্য লাকি মাঠ হিসেবে পরিচিতি পায়। বলতে গেলে চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য অনুকূলে থাকে। এই চট্টগ্রামের অপর একটি মাঠ এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম টেস্ট জয়ের আনন্দে ভেসেছে জাতি। সেই চট্টগ্রামে আবার এসেছে টাইগাররা। এবারের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম বারের মতো খেলবে। ইতিমধ্যে সিরিজ খোয়ানো টাইগাররা কী লাকি ভেন্যুতে সান্ত্বনার জয়টি পাবে? এমন প্রশ্নই আজ সবার মনে ঘুরপাক খাচ্ছে।প্রেরণা হিসেবে কাজ করবে এই মাঠের সাফল্যগাথা। গেল মার্চে বিশ্বকাপের দুটি ম্যাচের আগে এই মাঠে গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচেও জিতেছিল বাংলাদেশ। সেই হিসেবে এই মাঠে স্বাগতিকদের টানা তিনটি জয়।সব মিলিয়ে সাগরপারের এই মাঠে ১১টি একদিনের ম্যাচ হয়েছে। তার মধ্যে ছয়টিতেই বাংলাদেশের জয়। প্রথম জয় আসে ভেন্যুর তৃতীয় ম্যাচে ২০০৬ সালের ১২ ডিসেম্বর, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল এই স্টেডিয়ামের। এই মাঠে অন্য দুটি জয় জিম্বাবুয়ের বিপক্ষে, ২০০৯ সালে। তবে প্রাপ্তি যেমন আছে, তেমনি অপ্রাপ্তিও কম নয়। অভিষেক ম্যাচসহ পাঁচ ম্যাচে হার জুটেছে স্বাগতিকদের। তার মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় জুটেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নয় উইকেটে। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৯, শ্রীলঙ্কার কাছে ৭৮ রানে পরাজয়ও রয়েছে। ১১ ম্যাচের বাইরে দুটি ম্যাচ বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়েছে। এবার চোখ ফেরানো যাক টেস্ট ক্রিকেটের দিকে। সাগরিকার আট টেস্ট ম্যাচের সাতটিতেই স্বাগতিকরা হেরেছে। তবে ২০০৭ সালে ভারতের বিপক্ষে একটি ম্যাচ ড্র করার সুখস্মৃতিও রয়েছে। আজ তৃতীয় একদিনের ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট খেলবে স্বাগতিকরা। লাকি ভেন্যুর ছোট-বড় এসব প্রাপ্তি এক্ষেত্রে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে—সেটা বলাই যায়।