প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে গত সোমবার ভোররাতে মাছ ধরার সময় জলদস্যুরা একটি মাছ ধরার নৌকায় (ফিশিং বোট) হামলা চালিয়ে ১৫ জেলেকে আহত করেছে। পরে দস্যুরা আহত জেলেদের অন্য একটি নৌকায় তুলে দিয়ে মাছ ও নৌকা নিয়ে যায়। এ ব্যাপারে নৌকার মালিক ছোট মহেশখালী ইউনিয়নের বাসিন্দা নুরুল আবছার মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। নৌকার মালিক নুরুল আবছার জানান, তাঁর এফবি আল্লাহ গণি-১ নামের মাছ ধরার নৌকাটি নিয়ে এক সপ্তাহ আগে ১৫ জন জেলে সাগরে মাছ ধরতে যান। সাগরে মাছ ধরার সময় জলদস্যুরা নৌকা ও মাছ লুট করে নিয়ে যায়। এতে তাঁর ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়া বলেন, ‘ফিশিং বোটটি উদ্ধারের ব্যাপারে বিভিন্ন স্থানে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’