সাগরে ফের দস্যুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে জলদস্যুরা ফের সক্রিয় হয়ে উঠেছে। সাগরে মাছ ধরতে গিয়ে ১০ থেকে ১৬ এপ্রিলের মধ্যে পাঁচটি মাছ ধরার নৌকা জলদস্যুদের কবলে পড়েছে। এ সময় ডাকাতেরা মাছ-জাল লুট করে নিয়ে যায়। এর পর থেকে স্থানীয় জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
কুতুবদিয়া উপজেলার বড়খোপ ইউনিয়নের আমজাখালী গ্রামের জয়নাল আবেদীন জানান, ১৬ এপ্রিল ভোর সাড়ে চারটায় সোনাদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে ১২ ভিউ নামক স্থানে মাছ ধরা অবস্থায় তাঁর মালিকানাধীন এফবি জয়নাল নামের নৌকাটি জলদস্যুর কবলে পড়ে। দস্যুরা হামলা চালিয়ে নৌকা ও ৩১ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় কৌশলে ওই নৌকার মাঝি মোহাম্মদ বাদশাহসহ এক জেলে সাগরে ঝাঁপ দিয়ে উপকূলে ফিরে এসে বিষয়টি নৌকার মালিককে জানান। পরে অপহরণের ১২ ঘণ্টা পর নৌকাসহ অপহৃত ২৯ জেলেকে দস্যুরা ছেড়ে দেয়। তিনি আরও জানান, মাছ,জাল ও বিভিন্ন সরঞ্জামসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা।
এদিকে একই স্থানে একই দিন ভোরে মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়ার মালিকানাধীন এফবি শেহজাদ নামের একটি মাছ ধরার নৌকায়ও ডাকাতি হয়। ডাকাতেরা মাছ, জাল ও নৌকার বিভিন্ন সরঞ্জামসহ ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই নৌকাটিও মাঝিসহ অপহরণ করে নিয়ে গিয়ে দুই দিন পর ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া ১০ এপ্রিল রাতে কুতুবজোমের তাজিয়াকাটার বাসিন্দা দেলোয়ার হোসেন ও বটতলীর দক্ষিণপাড়ার বাসিন্দা আনসারুল করিমের এবং ১৩ এপ্রিল রাতে ঘটিভাঙ্গার আজিজুল হকের মালিকানাধীন নৌকায় জলদস্যুরা হানা দিয়ে মাছ ও জাল লুট করে।
উপজেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণি বলেন, সম্প্রতি সাগরে জলদস্যুতা আবার বেড়েছে। এক সপ্তাহের মধ্যে পাঁচটি নৌকা দস্যুদের হামলার শিকার হয়েছে। সাগরে জলদস্যুতা বন্ধের জন্য সোনাদিয়া ও কুতুবদিয়া চ্যানেলে কোস্টগার্ডের ক্যাম্প স্থাপন করা জরুরি হয়ে পড়েছে।
এদিকে বঙ্গোপসাগরে দস্যুতার অভিযোগ এনে এফবি শেহজাদের পরিচালক নুর হোসেন কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল গফুরসহ ১৬ জনের বিরুদ্ধে ১৮ এপ্রিল মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। থানায় অভিযোগ করে বাসায় ফেরার পথে নুর হোসেন ও পৌর মেয়র উপজেলা পরিষদের সামনে আবদুল গফুরকে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আটক করে থানায় সোপর্দ করেন।
এ প্রসঙ্গে আবদুল গফুরের ছেলে ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘আমার বাবা ডাকাতির সঙ্গে জড়িত নন। এসব তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আবদুল গফুরসহ ১৬ জনের বিরুদ্ধে সাগরে জলদস্যুতার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। আর চট্টগ্রামের বঁাশখালী থানায় একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ১৯ এপ্রিল পুলিশ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার চিহ্নিত দস্যুদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।
এ প্রসঙ্গে কোস্টগার্ডের কক্সবাজার সদরের কন্টিনজেন্ট কমান্ডার এম এ নেওয়াজ বলেন, ‘১৬ এপ্রিল দুটি ট্রলার অপহরণের খবর শুনে বঙ্গোপসাগরে কোস্টগার্ড সদস্যরা তৎপরতা চালান। পরে আমাদের তৎপরতার কারণে ফিশিং ট্রলার দুটি ছেড়ে দিয়ে জলদস্যুরা পালিয়ে যায়। এর পরও দস্যুদের গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতি প্রতিরোধে সাগরে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।’