সাগরে হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হওয়ায় প্রচুর ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। কিন্তু মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর ভয়ে মাছ ধরতে সাগরে যেতে পারছেন না টেকনাফের অনেক জেলে। বাংলাদেশের জলসীমায় ঢুকে নাসাকা বাহিনী জেলেদের ওপর বেপরোয়াভাবে গুলিবর্ষণ, হামলা ও লুটপাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন জেলে জানান, বঙ্গোপসাগরের পচাখালী বাতিরদিয়া নামক স্থানে বাংলাদেশি জেলেদের নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে নাসাকা বাহিনী। এ ছাড়া নাসাকা বাহিনী জেলেদের আহরিত মাছ ও জাল লুট করেছে বলে তাঁরা অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র ও নৌযান মালিকেরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।নৌযান মালিকেরা জানান, কয়েক মাস ধরে সাগরে ইলিশের দেখা না মিললেও হঠাৎ করে গত সপ্তাহে বাংলাদেশ জলসীমায় পচাখালীর বাতিরদিয়ায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত এক সপ্তাহে প্রায় সাত শ ছোট-বড় মাছ ধরার নৌকা সাগরের কয়েকটি চ্যানেল থেকে লাখ লাখ টাকার ইলিশ ধরেছে। কিন্তু ১৯ মে সকালে নাসাকা বাহিনীর চারটি ট্রলার হঠাৎ করে পচাখালীর বাতিরদিয়া চ্যানেলে ঢুকে বেপরোয়াভাবে ২০-২৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় তারা অস্ত্রের মুখে বাংলাদেশি জেলেদের চ্যানেল থেকে তাড়িয়ে দেয়। সেন্ট মার্টিন দ্বীপের আমির হোসেন ও শাহপরীর দ্বীপের জামাল হোসেন অভিযোগ করেছেন, নাসাকা বাহিনী তাঁদের মাছ ও জাল লুট করে নিয়ে যায়।শাহপরীর দ্বীপের জেলে বশির আহমদ (৩৮) ও ফরিদ আলম (৪২) জানান, ‘নাসাকা বাহিনী মিয়ানমারের জেলেদের ইলিশ ধরার সুযোগ করে দিতেই এমন আচরণ করছে। বাতিরদিয়া চ্যানেলে তারা বাংলাদেশি জেলেদের মাছ শিকার করতে দিচ্ছে না।’ সেন্ট মার্টিন দ্বীপের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘কয়েকদিন ধরে এখানকার জেলেরা মাছভর্তি ট্রলার নিয়ে সাগর থেকে ঘাটে ফিরে আসছে। কিন্তু কিছু কিছু জেলে সাগরে নাসাকা বাহিনীর হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।’ সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান জানান, ‘বিগত তিন বছরে নাসাকা বাহিনীর গুলিতে শাহপরীর দ্বীপের পাঁচ জেলে মারা যাওয়ার পাশাপাশি দুই শতাধিক জেলে আহত হয়েছেন।’ শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিসারিঘাটের ফিশিং ট্রলার সমিতির সাধারণ সম্পাদক মৌলভি মোহাম্মদ আয়ুব বলেন, ‘মিয়ানমারের নাসাকা বাহিনী সাগরে বাংলাদেশি জেলেদের ইলিশ ধরতে বাধা দিচ্ছে। মাছ না পেলে জেলে ধরে নিয়ে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। এভাবে চলতে থাকলে স্থানীয় জেলেরা মাছধরা যেকোনো সময় বন্ধ করে দিতে পারে।’ নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে সাগরে প্রতিদিন মিয়ানমারে কিছু মাছধরার নৌযান বাংলাদেশের জলসীমায় ঢোকার চেষ্টা করে। কিন্তু নৌবাহিনীর টহল জাহাজ প্রতিদিনই এসব নৌযানকে তাড়িয়ে দেয় বলে তিনি জানান। বাংলাদেশ কোস্টগার্ড সেন্ট মার্টিন দ্বীপ অঞ্চলের কর্মকর্তা (ইনচার্জ) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ জেলেদের কাছ থেকে এখনো পর্যন্ত পাইনি। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে স্থানীয় জেলেদের উচিত কোস্টগার্ডকে জানানো।’টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজিত কুমার বড়ুয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখনো থানায় আসেনি।’