সাগরের ভাঙনে বিলীন হচ্ছে মহেশখালীর দুই গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙছে সাগর। বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলের জমি। ছবিটি মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের সরইতলা গ্রাম থেকে তোলা l প্রথম আলো
ভাঙছে সাগর। বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলের জমি। ছবিটি মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের সরইতলা গ্রাম থেকে তোলা l প্রথম আলো

বঙ্গোপসাগরের ভাঙনের মুখে বিলীন হতে বসেছে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের সরইতলা ও হামিদখালী গ্রাম। এতে প্রায় ৩০০ পরিবার আশ্রয়হীন হয়েছে। ২০টি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসন করা হলেও বাকিরা সহযোগিতা পায়নি। বেড়িবাঁধ সংস্কারেরও উদ্যোগ নেওয়া হয়নি।
৭ মার্চ সরইতলা গ্রামে গিয়ে দেখা গেছে, সরইতলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের অল্প দূরেই ভাঙছে সমুদ্র। গ্রামে ১৮১টি পরিবারের মধ্যে এখন আছে মাত্র ১৪টি পরিবার। উত্তর-পূর্ব দিকের বসতবাড়িগুলো বিলীন হয়ে গেছে সাগরের ভাঙনে। কয়েকটি বাড়ির চিহ্ন হিসেবে আছে নারকেলগাছ। ভাঙনের মুখে বসতভিটা ফেলে অন্যত্র আশ্রয় নিয়েছেন বাসিন্দারা।
একই অবস্থা হামিদখালি গ্রামের। গ্রামের প্রায় ১০০টি পরিবারের মধ্যে এখন টিকে আছে ২৫টি পরিবার। ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি। ভাঙনকবলিত এলাকার মানুষজন জানান, দুই বছর আগে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ বিলীন হয়ে যাওয়ায় এই দুই গ্রামে সাগরের ভাঙন তীব্রতর হয়েছে। গ্রাম দুটির অধিকাংশ মানুষ ঘরবাড়ি ও জমি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
সরইতলা ও হামিদখালিতে নিয়মিত যাতায়াত করেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এমন দুজন স্বাস্থ্যকর্মী জানান, দুই গ্রামে অন্তত সাড়ে তিন শ পরিবারের বসবাস ছিল। ভাঙনের কারণে প্রায় তিন শ পরিবারই উদ্বাস্তু হয়েছে। বেড়িবাঁধের ওপর বসবাসরত লোকজনও ঝুঁকিতে আছে। ধলঘাটা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মো. আমান উল্লাহ বলেন, ২০০৪ সালের মাঠপর্যায়ে জরিপ অনুযায়ী সরইতলা গ্রামে ১৮১ পরিবারের বসবাস ছিল। ভাঙন শুরু হওয়ায় বর্তমানে আছে মাত্র ১৪টি পরিবার।
এ ছাড়া বেড়িবাঁধের ওপর বসবাসরত ৪০টি পরিবারও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দুই বছর আগে সরইতলায় প্রায় দুই কিলোমিটার বাঁধ সাগরে বিলীন হয়ে গেছে। এ কারণে এ জায়গায় চলছে এখন জোয়ার-ভাটা।
স্বাস্থ্যকর্মী শিব শংকর পাল বলেন, হামিদখালিতে বসবাসরত ১০০ পরিবারের মধ্যে অন্তত ৮০টি পরিবার ঘরবাড়ি হারিয়েছে। সাগরের জোয়ারের সময় গ্রামটি প্লাবিত হচ্ছে।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আতা উল্লাহ বোখারী বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে উপজেলার ধলঘাটা ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়। এ সময় গৃহহারা হয় এক হাজার পরিবার। পরে ১৯৯৭ সালে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত আনে। এরপর সিডর, বিজলি ও আইলার আঘাত সইতে হয়েছে এই এলাকার বাসিন্দাদের। দুর্যোগ থেকে গ্রামের বাসিন্দাদের রক্ষা করতে ২০১১ সালের জুন মাসে ১৩ কোটি টাকা ব্যয়ে ধলঘাটা ইউনিয়নের সুতরিয়া থেকে মাতারবাড়ি সাইরার ডেইলের পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার বাঁধ ও ১ দশমিক ২২ কিলোমিটার সিসি ব্লক নির্মাণ করা হয়। কিন্তু দুই বছর আগে জলোচ্ছ্বাসের কবলে পড়ে সিসি ব্লক ও বাঁধ সাগরে বিলীন হয়ে যায়।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার দায়িেত্বরত সমর চন্দ্র দে বলেন, ১৯৯১ সালের আদমশুমারি জরিপ অনুযায়ী, সরইতলা গ্রামে ২৬৮টি পরিবার ছিল। পরে ২০০১ সালের জরিপে পাওয়া যায় ১৮৪টি পরিবার। আর সর্বশেষ জরিপ ২০১১ সালে ছিল মাত্র ১৪১টি পরিবার। কিন্তু সম্প্রতি ভাঙনের ফলে বেশির ভাগ পরিবারই ঘরবাড়ি হারিয়েছে। বর্তমানে এখানে কেবল ১০-১২টি পরিবার বসবাস করছে। একই অবস্থা হামিদখালি গ্রামেরও।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ইতিমধ্যে শাপলাপুর আশ্রয়ণকেন্দ্রে পুনর্বাসন করা হয়েছে। বাকিদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।