সাগরের সঙ্গে না পেরে শহরে ভাসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স যখন হাঁটি হাঁটি পা পা, তখন থেকেই সাগরের সুরে বাঁধা পড়ে শুক্কুর মিয়ার জীবন। কুতুবদিয়ার কইয়ারবিল ইউনিয়নে তাঁর বাড়ি। সাগরের ঢেউয়ের তালে তালে খেলতে খেলতেই তাঁর বেড়ে ওঠা। ঈশান কোণে যখন মেঘ জমে, সমুদ্র তখন খ্যাপে ওঠে। তা নিয়ে মাথা ঘামানোর সময় কই শুক্কুর মিয়ার, সাগর ক্ষেপলে ডরানোর কী আছে? তাঁরা যে সমুদ্রের সন্তান! আর ১৯৭০ সালের প্রলয়ংকরী ঝড়ে জীবনজয়ের স্মৃতি তো ভোলেননি। কিন্তু এক কালরাতের ছোবলে সমুদ্রের সেই সন্তান সব হারিয়ে নাগরিক জীবনের ঘানি টানছেন। সেই রাতের কথা তিনি বলেন আর কাঁদেন—‘বেয়ানত্তুন রেডিও ১০ নম্বর সিগনালর হতা হঅর, হঅদ্দে নিরাপদ আশ্রয় লইতাম। সাগরর বুকত ঘর, সাগরর হাতত আঁরার পরান, তুয়ানর ডরে আর হডে যাইয়ুম?’ (সকাল থেকে বেতারে ১০ নম্বর মহাবিপদ সংকেতের কথা প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে নিরাপদ আশ্রয়ে চলে যেতে। কিন্তু সাগরের বুকে বসত, সাগরের হাতে আমাদের প্রাণ, ঝড়ের ভয়ে আর কোথায় যাব?) ঘর না ছাড়ার পরিণতি কী হয়েছিল? শুক্কুর মিয়া আঞ্চলিক ভাষায় যা বললেন তা এমনই—রাত বাড়তেই পূর্বদিক থেকে ধেয়ে আসে ঝড়। পাহাড়ের সমান পানির ঢেউ আছড়ে পড়ল উপকূলে। তিনি স্ত্রী-সন্তান, মা, বড় ভাইয়ের পরিবার নিয়ে অবস্থান করছিলেন ঘরে। প্রথম ধাক্কাতেই অনেকটা উড়ে গেল বেড়ার ঘরটা। গাঢ় অন্ধকারে ভেসে যেতে লাগল বাড়ির মানুষগুলোও। শুধু মায়ের হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন শুক্কুর। ঝড়ের তাণ্ডবে মায়ের অসার দেহটা আগলে রেখে একটা বড় গাছের ডাল আঁকড়ে থাকলেন। চোখের সামনে বোনকে ভেসে যেতে দেখে তার চুল হাতে পেঁচিয়ে আটকাতে চাইলেন, তাতে হারিয়ে গেলেন মমতাময়ী মা। দিনের আলো ফুটলে একটি বড় গাছের ওপর ঝুলন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করলেন শুক্কুর। চারদিকে ধ্বংসের ক্ষত। বেশির ভাগ মানুষের দেহে কোনো কাপড় নেই, মহিলা আর শিশুদের লাশের দিকে তাকানো যাচ্ছে না। শুক্কুর তখন পাগলের মতো খুঁজছেন মা আর স্বজনদের। তিন মাইল দূরে মাকে পেলেন জীবিত। কিন্তু দুই ছেলে, ভাইয়ের পাঁচ ছেলে আর বেড়াতে আসা বোনের স্বামী ও তিন ভাগ্নিকে হারিয়ে ফেললেন চিরতরে। সব হারিয়েও মাকে নিয়ে বাঁচেন শুক্কুর। আবার ঘর বাঁধেন, নতুন করে সংসার সাজান। মহাজনের নৌকায় পাড়ি জমান উত্তাল সমুদ্রে। জাল ফেলে রুপালি মাছের ঝিলিকে রঙিন হয় স্বপ্ন। কিন্তু মরীচিকার মতো মিলিয়ে যায় স্বপ্ন। দুটো ঝড় মোকাবিলা করা শুক্কুর পরাজিত হয় বয়সের কাছে। বেড়িবাঁধের ওপর ঘরখানাও গিলে খেতে চায় সাগর। অবশেষে সাগরের সঙ্গে যুদ্ধে ক্ষান্ত দেন শুক্কুর, দিনবদলের আশায় ছুটে আসেন চট্টগ্রাম শহরে। প্রথমে মাছ বিক্রি, গত ডিসেম্বরে চাকরি নেন দক্ষিণ মধ্যম হালিশহরের এইচআর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপ রিপেয়ার্স ওয়ার্কশপে। শুক্কুর জানান, ৭০-এর ঘূর্ণিঝড়েও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বড় ভাই ও দাদি মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার তাঁদের খাসজমি দিয়েছিল। কিন্তু সেই জমির কিছু সাগরে খায়, আর কিছু অংশ খান প্রভাবশালী লোকজন। তাই জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের মতো ভিটে-বাড়ি ছেড়ে শহরের ভাসমান মানুষের খাতায় নাম লিখিয়েছেন তিনি।