সাগরের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌবিজ্ঞান পড়ুয়া শিক্ষার্থীদের দৃষ্টি অনেক দূরে! ছবি: সংগৃহীত
নৌবিজ্ঞান পড়ুয়া শিক্ষার্থীদের দৃষ্টি অনেক দূরে! ছবি: সংগৃহীত

উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে কখনো রংধনু দেখেছেন? কিংবা কুয়াশায় মোড়া সাগরে একটু একটু করে উঁকি দেওয়া নতুন সকাল? এসব রোমাঞ্চ কীভাবে আমার প্রাতিষ্ঠানিক পড়ালেখার অংশ হয়ে গেল, সে গল্পই আজ বলব।
উচ্চমাধ্যমিকের পর অধিকাংশ শিক্ষার্থীর চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার ইচ্ছে থাকে। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ‘মেগাশিপ’ নামে একটি প্রতিবেদন আমাকে একটা অন্য রকম স্বপ্ন দেখার রসদ জুগিয়েছিল। তাই পড়ালেখার বিষয় হিসেবে বেছে নিয়েছিলাম দুই বছর মেয়াদি ‘নটিক্যাল সায়েন্স’ বা নৌবিজ্ঞান। ভর্তি হয়েছিলাম কেমব্রিজ ম্যারিটাইম কলেজে (সিএমসি)।
নৌবিজ্ঞান বিষয়টা অনেকের কাছেই পরিষ্কার নয়। এ সম্পর্কে একটু বলে নেওয়া প্রয়োজন। ধরুন, একটা জাহাজ মালামালসহ চট্টগ্রাম নৌবন্দর থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছে দিতে হবে। সুবিশাল সমুদ্রে কোনো নির্দিষ্ট ‘পথ’ নেই, নির্দেশনা দেখানো ‘সাইনবোর্ড’ নেই। বরং ঝড় আছে, অজানা ভয় আছে। সব সামাল দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হয় হিসাব-নিকাশ করে। আর এই হিসাবটাই আমাদের নৌবিজ্ঞানে শেখানো হয়। সেই সঙ্গে জাহাজ ও জাহাজের মালামাল ব্যবস্থাপনাও আমাদের শেখানো হয়। ভেবে দেখুন, এ মুহূর্তে অসংখ্য জাহাজ সাগরে ভাসছে। প্রতিটি জাহাজেই একাধিক নাবিক, ব্যবস্থাপক কিংবা কর্মী প্রয়োজন হয়, যাঁরা নৌবিজ্ঞানে পড়েছেন। এ বিষয়ে পড়ালেখায় যে অপার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা অনেকেই জানি না।
কলেজে শুরুর দিকে কঠোর ‘প্রি সি ট্রেইনিং’ (সমুদ্র-পূর্ববর্তী প্রশিক্ষণ) আমাদের সমুদ্রযাত্রার উপযোগী করে তুলেছিল। ভোর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলত ক্লাস। ২০১১ সালের মাঝামাঝিতে শুরু হয়ে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে এসে আমার ‘প্রি সি ইন নটিক্যাল সায়েন্স’ শেষ হয়। এরপর এসটিসিডব্লিউ (স্ট্যান্ডার্ডস অব ট্রেইনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচকিপিং) কোর্সে অংশগ্রহণ করি। দুই মাসে আটটি এসটিসিডব্লিউ কোর্স শেষ করে আমি সিডিসি (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) এর জন্য আবেদন করি। সমুদ্রযাত্রীদের জন্য সিডিসি হলো অনেকটা পরিচয়পত্র বা ভিসার মতো। কেমব্রিজ ম্যারিটাইম কলেজের সহযোগিতায় ২০১৪ সালের জানুয়ারিতে সিডিসি পাই। সিডিসি পাওয়ার মাত্র নয় দিনের মধ্যে কোরিয়ার জাহাজ, এমভি হাং–আ ভেনাসে শিক্ষানবিশ অফিসার ডেক ক্যাডেট হিসেবে যোগদান করি।

কোরিয়ার ‘এমভি হাং–আ ভেনাস’ জাহাজে লেখক
কোরিয়ার ‘এমভি হাং–আ ভেনাস’ জাহাজে লেখক

প্রায় ১২ মাস কাটিয়েছি সমুদ্রে। শুরুতে হংকং, তারপর বুসান, সাউথ কোরিয়া...এভাবে একের পর এক চলছিল দেশভ্রমণ। ডেক ক্যাডেটের নির্দিষ্ট কোনো দায়িত্ব না থাকলেও তাকে প্রায় সব ধরনের কাজ করেই অভিজ্ঞতা অর্জন করতে হয়। কোরিয়ান সহকর্মীদের সহায়তায় ধীরে ধীরে আমি জাহাজের ক্যাপ্টেনের আস্থা অর্জন করেছিলাম। ইংরেজিতে একটা কথা আছে, ‘আ স্মুথ সি নেভার মেইড আ গুড সেইলর’। অর্থাৎ শান্ত সমুদ্র কখনোই ভালো নাবিক তৈরি করে না। একজন ভালো নাবিক হয়ে উঠতে আমাকেও তাই অনেক ধকল পোহাতে হয়েছে। তবু এখন বিশ্বাস করি, নৌবিজ্ঞানে পড়ার ভাবনাটাই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। এই সেক্টরের চাকরিতে বেতন খুবই আকর্ষণীয়। এমনকি শিক্ষানবিশ হিসেবে কাজ করেও আমি বেশ ভালো অঙ্কের পারিশ্রমিক পেয়েছি।
আমি খুব সৌভাগ্যবান, আমার শিক্ষাপ্রতিষ্ঠানই আমার চাকরির দায়িত্ব নিয়েছিল। শুধু আমার নয়, এখন পর্যন্ত ক্যামব্রিজ ম্যারিটাইম কলেজের আমিসহ ৭৫ জন শিক্ষার্থী বিভিন্ন আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে চাকরির কাজের পেয়েছে। আমার জানামতে, ক্যাডেটদের চাকরির নিশ্চয়তার জন্য ছয়টি জাহাজ কোম্পানির সঙ্গে সিএমসির চুক্তি আছে। বিস্তারিত: www.cmcollege.com।
১২ মাস অন বোর্ড ট্রেইনিং শেষ করে এখন ‘গ্লোবাল ম্যারিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম’ কোর্স করছি। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে সিওসির (পারদর্শিতা সনদ) তৃতীয় ধাপের পরীক্ষা দিয়েছি। এই সনদ পেলেই আবারও কোরিয়ান জাহাজে যোগ দেব। তবে এবার আর শিক্ষানবিশ নয়, ‘থার্ড অফিসার’ হিসেবে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগির ফিরে যাব আমার প্রিয়, রোমাঞ্চকর নীল সমুদ্রে।