সাঙ্গ হলো রাখাইনদের বর্ষা উৎসব
কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগানে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে চলে প্রাণের মেলা। আলাদা দলে নানা রকম খাবার-দাবার নিয়ে মহানন্দে মেতেছে অসংখ্য নারী-পুরুষ। শিশু-কিশোর, তরুণ-তরুণী এমনকি বুড়ো-বুড়িরাও বাদ যাননি এ আনন্দ-আয়োজন থেকে। নাচ, গান, হইচইসহ নানা আয়োজনে বদলে গেছে সৈকতের চেহারা। এমন দৃশ্য দেখে বাইরের যে কেউ মনে করতে পারেন এটি মিয়ানমার, থাইল্যান্ড কিংবা কোনো ভিন দেশের সমুদ্রসৈকত। আসলে গত দুই মাস ধরে সৈকতের মোটেল শৈবালসংলগ্ন ঝাউবাগানে চলছিল রাখাইনদের বর্ষা উৎসব। গত জুনের প্রথম শুক্রবার এ উৎসব শুরু হয়। সেই থেকে সপ্তাহের প্রতি শুক্রবার এখানে চলে রাখাইনদের মন রাঙানো বর্ষা উৎসব। ২৩ জুলাই ছিল উৎসবের শেষ দিন। কয়েকজন রাখাইন জানালেন, প্রতি বছর বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমার আগে (আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস) প্রায় আড়াই মাস সমুদ্রসৈকতে রাখাইনরা এ উৎসব করে থাকে। কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিন অং জানান, একসময় কক্সবাজারের রাখাইন তরুণ-তরুণীরা নানা রকমের খাবার-দাবারসহ চলে যেতেন হিমছড়ির অরণ্যে। সারা দিন আনন্দে মেতে ওঠার পর বাড়ি ফিরতেন সন্ধ্যায়। গত কয়েক বছর ধরে সৈকতের ঝাউবাগানে এ উৎসব পালন করা হচ্ছে। শুক্রবার সৈকতের ঝাউবাগানে দেখা যায়, কেউ নাচছেন, কেউ গাইছেন, আবার অনেকে ব্যস্ত তাদের নিজস্ব খাবার-দাবার নিয়ে। গোল করে বসে আলাদা আলাদা দলে অসংখ্য প্রাণ মেতে উঠেছেন অন্য রকম আনন্দে। প্রতিটি দলে মুঠোফোনে বাজছে হরেক গান। সেই গানের সঙ্গে চলছে তরুণ-তরুণীদের নাচ। অনেকেই নানা মুখরোচক খাবারের সঙ্গে পান করছেন হাল্কা মদ। ঝাউবাগান থেকে ঝাঁপ দিচ্ছেন সমুদ্রে। একসঙ্গে নারী-পুরুষের সমুদ্র স্নান উৎসবের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। উৎসবে অন্য সমপ্রদায় ও পর্যটকদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। ঢাকা থেকে স্ত্রীসহ উৎসবে যোগ দিতে আসেন টেক্সটাইল প্রকৌশলী খিংমং। তাঁর বাড়ি বরিশালে। শ্বশুর বাড়ি কক্সবাজারের রামু। খিংমং বলেন, ‘শালিকাদের মুখে অনেকবার শুনেছি এ উৎসবের কথা। এখানে মানুষের এত আনন্দ, এত উচ্ছ্বাস দেখে সত্যিই আমি অভিভূত।’শহরের ফুলবাগ এলাকার তরুণ উসিবু রাখাইন জানান, রাখাইনদের ধর্মীয় উৎসবের সঙ্গে এ উৎসবের কোনো সম্পৃক্ততা নেই। শুধু আনন্দ-উৎসবে মাতার জন্য এ আয়োজন। তরুণী মেয়ী ও নীলা জানালেন, এ উৎসবের সঙ্গে বর্ষা এবং বৃষ্টির রয়েছে গভীর সম্পর্ক। যেদিন বৃষ্টি বেশি হয় ওই দিন আনন্দও হয় বেশি। তাই এ উৎসবের নাম বর্ষা উৎসব। উৎসবের শেষ ভাগে হয় সমুদ্রস্নান। সারা দিন ঝাউবাগানে নেচে গেয়ে দিনের শেষে সমুদ্রস্নান সেরে বুকভরা প্রশান্তি নিয়ে বাড়ি ফেরেন সবাই। উমে, বুবু, ক্যাছেন, মালাসহ একদল তরুণী একে অন্যের হাত ধরে ঘুরছিলেন উৎসবস্থলে। তাঁরা উৎসবকে রাঙালেন একটু অন্য ভাবে। অনেকে বর্ষা উৎসব বললেও তাঁদের মতে, এটি বর্ষাকালীন বনভোজন। যেখানে প্রাণভরে আনন্দ করা যায়। উমে বলেন, ‘সাংগ্রেপোয়ে বা জলকেলি উৎসবের পর এ উৎসবে সর্বোচ্চ আনন্দ করা যায়।’ বুবু বলেন, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, বৃষ্টি ঝরুক আর নাই ঝরুক শেষ দিনে প্রচুর আনন্দ এবং লোকসমাগম হবেই। তবে আজ বৃষ্টি হওয়ায় প্রচুর মজা হয়েছে।’ বান্দরবান থেকে আসা তরুণী মাছানু রাখাইন উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন, ‘এটি রাখাইনদের আরেক সাংগ্রে, যেন বৃষ্টির সঙ্গে জলকেলি। কক্সবাজারের রাখাইনরা এ উৎসব পালন করলেও বর্তমানে তা শুধু কক্সবাজারের রাখাইনদের মাঝে সীমাবদ্ধ নেই। জেলার মহেশখালী, চকরিয়া, উখিয়া, টেকনাফ, রামু ছাড়াও বান্দরবান, নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম, রাঙামাটি, খাগড়াছড়ি থেকেও লোকজন এ উৎসবে যোগ দিচ্ছেন।