সাজগোজে নারীকে টেক্কা দিচ্ছেন ব্রিটিশ পুরুষেরা!

‘সাজলে-গুজলে নারী আর লেপলে-পুছলে বাড়ি’র মতো প্রবাদ খুঁজলে হয়তো দুনিয়ার প্রায় সব সংস্কৃতিতেই পাওয়া যাবে। সাজগোজ নিয়ে সময় কাটানো কিংবা রূপচর্চায় ব্যস্ত থাকা নিয়ে নারীকে দুকথা শোনানোর সুযোগ পেলে তা ছাড়েও না কেউ। কিন্তু পাশার ছক কি উল্টে যেতে শুরু করেছে? নারী নয়, দুনিয়াজুড়েই এখন নাকি পুরুষের রূপচর্চা, ফ্যাশন আর স্টাইলের রাজত্বই দ্রুত বিস্তার লাভ করছে! এমনকি রূপসচেতনতায় ব্যস্ততা নিয়ে নাকি সঙ্গিনীর সঙ্গে খিটিমিটিও বেঁধে যাচ্ছে ব্রিটিশ পুরুষদের। যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম সাম্প্রতিক এক জরিপের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের আসবাব নির্মাতা প্রতিষ্ঠান ‘বেটা লিভিং’ পরিচালিত এক জরিপে দেখা গেছে ব্রিটেনের গড়পরতা পুরুষেরা প্রতিদিন প্রায় ৫৬ মিনিট সময় ব্যয় করেন আয়নায় নিজেকে দেখা নিয়ে। পুরুষের এই ‘নার্সিসিজম’ বা ‘আত্মপ্রেম’ ছাড়িয়ে গেছে দেশটির নারীদেরও। নারীরা গড়ে প্রতিদিন আয়নার সামনে ব্যয় করেন ৪৩ দশমিক ৫ মিনিট।
সংস্থাটির মুখপাত্র ব্যারি রাউর্কে বলেছেন, ‘পুরুষদের নিজেদের একটা রূপের রাজত্ব সমাজে এখন আর কোনো অবিশ্বাস্য অদ্ভুত ঘটনা হিসেবে দেখা হয় না। বাস্তবেই এখন দোকানপাটে, হাটে বাজারে শত শত মেনস ওনলি প্রসাধন সামগ্রী আছে।’

‘বেশির ভাগ ক্ষেত্রেই পুরুষেরা সিদ্ধান্ত নেন যে বাথরুম এক্সেসরিস কি হবে না হবে—তাঁরা এটাও নিশ্চিত করতে চান যে আয়নাটা তাঁদের প্রয়োজন মেটাবে কি না।’ তিনি আরও বলেন, শেভ করা কিংবা দাঁত মাজার সময় নিজেকে দেখে নেওয়া, বাইরে থেকে ফিরে হাত-মুখ ধোয়া আর আয়নায় নিজেকে দেখা এটা তো সবার জন্যই সাধারণ বিষয়। আর ২০১৪ সালে এসে আধুনিক পুরুষেরা এখন আরও সরাসরিই নিজের রূপচর্চার বিষয়টি নিয়ে ব্যস্ত থাকছেন, এ নিয়ে রাখডাকেরও কিছু নেই।

জরিপের পরিসংখ্যান বলছে ব্রিটিশ পুরুষেরা এখন গড়ে প্রতিদিন আয়নার সামনে ব্যয় করেন প্রতিদিনের প্রায় ৫৬ মিনিট। গড়পরতায় হিসেবটা মোটামুটি এ রকম—
১. সকালবেলা ঘুম থেকে উঠে পরিচ্ছন্ন হওয়া, শেভ করায় ১৬ দশমিক ৫ মিনিট
২. গাড়ির আয়নায় গড়ে ৫ মিনিট
৩. কর্মক্ষেত্রের টয়লেটে, পানশালায়, মোটরগাড়ি সার্ভিস স্টেশনে বা ব্যায়ামাগারে গড়ে ১৫ মিনিট
৪. দোকানপাটের জানালা বা আয়নায় ৪ দশমিক ৫ মিনিট
৫. কম্পিউটার বা ট্যাব বা মোবাইল ফোনের স্ক্রিনে গড়ে ৭ মিনিট
৬. রাতে ঘুমাতে যাওয়ার আগে, দাঁত মাজার সময় গড়ে ৮ মিনিট

জরিপকারী সংস্থাটি জানিয়েছে, ‘সত্’ ব্রিটিশ পুরুষদের ৫২ ভাগই স্বীকার করেছেন, তাঁরা রূপচর্চায় মনোযোগী। রূপসচেতন এই পুরুষেরা আরও জানিয়েছেন, এ নিয়ে সঙ্গিনীর সঙ্গে সমস্যা হচ্ছে এবং তাঁদের নারী সঙ্গীরা পুরুষদের প্রাত্যহিক রুটিন নিয়ে প্রশ্ন তুলছেন। পুরুষদের ‘গোসলখানার অভ্যাস’ পাল্টে যাচ্ছে এবং নারীরা তাতে বিরক্ত হচ্ছে। আর সমাজের প্রচলিত ধ্যানধারণাগুলো ভেঙে পুরুষদের এভাবে নিজের রূপ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াটাকেও ‘সহজভাবে নিতে পারছেন না’ অনেক নারীই।
এদিকে কিছু পুরুষ অবশ্য জানিয়েছেন তাঁরা আসলে ‘রূপচর্চার জন্য নয়’ বরং গৃহস্থালি কাজে ফাঁকি দেওয়ার জন্যই নাকি বাথরুমে বেশি সময় কাটান। জরিপে অংশ নেওয়া ৩৫ ভাগ পুরুষই এমনটা দাবি করেছেন।