সাজগোজের ছোট্ট জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ফ্ল্যাটবাড়ির শোবার ঘর কিংবা বাথরুমের পরিসর খুব বেশি হয় না। আবার পোশাক পরিবর্তন ও সাজসজ্জার জন্য আলাদা একটা জায়গারও দরকার হয়। কিছুটা মাথা খাটিয়ে চাইলেই কম পরিসরেই সাজসজ্জার জায়গা (ড্রেসিং ইউনিট) তৈরি করতে পারেন। এমনটা বললেন অন্দরসাজের প্রতিষ্ঠান ফারজানা’স ব্লিসের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা গাজী। ফারজানা আরও বলেন, ড্রেসিং ইউনিটের পরিসরটা খুব বড় হতে হবে, তা নয়; বরং সুন্দরভাবে তাক ও আয়নার ব্যবহারেই তা দারুণ কাজের হয়ে উঠতে পারে। সাধারণত শোবার ঘর ও বাথরুমের মাঝের জায়গাটা বেছে নেওয়া হয় সাজের জায়গা হিসেবে। সে ক্ষেত্রে দরজার সামনে বড় একটা আয়না লাগানো যেতে পারে। তাহলে ছোট ঘরটা বড় দেখাবে। ড্রেসিং ইউনিটের জায়গাটা বাথরুমের চেয়ে অপেক্ষাকৃত উঁচু হলেই ভালো। এতে বাথরুমের পানি ভেতরে চলে আসবে না। আবার এই জায়গার মেঝেতে কার্পেট বিছিয়ে দেওয়া যেতে পারে। পোশাক ও প্রসাধনসামগ্রী রাখার জন্য কেবিনেট বা তাক দরকার। খোলা অথবা কাচ দিয়ে ঢাকা—উভয় ধরনের কেবিনেট থাকলেই ভালো। ছোট পরিসরের জায়গা বুঝে তিনকোনা, চারকোনা কেবিনেট ব্যবহার করা যায়। চাইলে ছোট আকারের ড্রেসিং টেবিলও রাখতে পারেন। বসার জন্য রাখা যেতে পারে মাঝারি উচ্চতার টুল বা মোড়া। তাকের ওপর ছোট বাক্সে মেকআপের উপকরণ রাখতে পারেন; তাতে ধুলা পড়বে না। বাথরুম ও ড্রেসিং ইউনিটের জায়গাটা যেহেতু একসঙ্গে, তাই দেয়ালের রং একই ধরনের হলে ভালো। বাথরুমের দেয়ালে সাধারণত টাইলস ব্যবহার করা হয়। এই রঙের সঙ্গে মিলিয়ে ড্রেসিং ইউনিটের দেয়ালে হালকা কোনো রং ব্যবহার করতে পারেন। এই হালকা রঙের বিপরীতে গাঢ় রঙের পর্দা ব্যবহার করা যায়। সিনথেটিক কিংবা নেটের পর্দা হলে তা ভিজলেও সহজেই শুকিয়ে যায়। তবে বাথরুমে শাওয়ার এনক্লোজার থাকলে পানি বাইরে আসতে পারে না। সে ক্ষেত্রে মোটা সুতি পর্দা ব্যবহার করা যেতে পারে। চাইলে সবুজের আবেশ আনতে ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। যাঁরা ফুল ভালোবাসেন, তাঁরা কাঁচা ফুল কিংবা বড় ফুলদানিতে শুকনো ফুলও রাখতে পারেন।ড্রেসিং ইউনিটে বাড়তি আলোর ব্যবস্থা থাকতে হবে। এ ক্ষেত্রে অনেকেই লাল ও সাদা আলো পছন্দ করেন। তবে নিজেকে সাজাতে সাদা আলো হলে ভালো হয়। ড্রেসিং টেবিলের ওপর আয়নার সামনে আলো লাগলে আরও ভালো।