সাজছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে পয়লা বৈশাখ উদ্যাপনের প্রস্তুতি। ক্যাম্পাস সাজানো হচ্ছে বর্ণিল সাজে। মূল ফটক, এক নম্বর ফটক, শহীদ মিনার থেকে উত্তর-দক্ষিণ সবখানেই আবহমান বাংলার ঐতিহ্যের রেখা। গতবার এক দিনের অনুষ্ঠান হলেও এবার দুই দিন হতে পারে বলে জানা গেছে। বৈশাখের আয়োজন সম্পর্কে উপাচার্য আবু ইউসুফ বলেন, ‘এবার পয়লা বৈশাখের আয়োজনে থাকবে লোকজ সংস্কৃতির ছোঁয়া। আশা করছি পুরো চট্টগ্রামের মানুষ এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।’ আয়োজক কমিটি সূত্রে জানা যায়, পুরো আয়োজনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা। প্রথম দিন পয়লা বৈশাখ হবে মূল অনুষ্ঠান। এতে থাকবে পুতুলনাচ, লাঠিখেলা ও কাবাডি, বলীখেলা, গরুর লড়াই, হাতি প্রদর্শনী, মোরগ লড়াই, লোকজ মেলা, ঘুড়ি উৎসব প্রভৃতি। সন্ধ্যায় থাকবে কিরণচন্দ্র ও চন্দনা মজুমদারের গান। দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেলা। এবার এক লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন প্রক্টর মোহাম্মদ জসিম উদ্দিন।সাংবাদিকতা বিভাগের ছাত্র প্রবীর চৌধুরী বলেন, ‘পয়লা বৈশাখ নিয়ে সবার মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। প্রতিবারই সবাই ছুটে যান ডিসি হিলে। কিন্তু আমাদের এই ক্যাম্পাসেও যে বিশাল আয়োজন হতে পারে তা গতবার প্রমাণ হয়ে গেছে।’আইন বিভাগের ছাত্রী তাবাসুম চাঁদনী বললেন, ‘আমরা অপার হয়ে বসে আছি পয়লা বৈশাখের অনুষ্ঠানের জন্য।’