সাজটা অফিসের জন্যই
অফিসের একজন প্রধান কর্মকর্তা আপনি। তাই ব্যক্তিত্ব ও পদমর্যাদার সঙ্গে মানানসই পোশাক পরা চাই। সকালে উঠেই অফিসে যাওয়ার তাড়া। কিন্তু রোজকার ভাবনা একটাই ‘পোশাকটা কী হবে, শাড়ি?’ রোজ কি আর তা পরতে ভালো লাগে! সালোয়ার-কামিজ? ফ্যাশনটা কী হবে তাহলে! নাকি জিনস আর কুর্তা? ব্যক্তিত্বের সঙ্গে মিলবে তো? সবই পরতে পারেন, কেবল কয়েকটি কথা মাথায় রেখে। তাহলে সেটা আপনার ব্যক্তিত্বের সঙ্গেও যেমন মানানসই হবে, তেমনি তাল মেলাবে হাল ফ্যাশনের সঙ্গে। এরপর সাজ আর গয়নার দিকে চাই একটু মনোযোগ। সিটি স্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্র্যান্ড ব্যবস্থাপক সামিয়া আফরিনের কথাই শুনি। ‘ফ্যাশন আর স্বস্তি—এ দুটি বিষয় মাথায় রেখে শাড়ি থেকে শুরু করে ট্রাউজার-শার্ট বা কুর্তা সবই পড়া যায় অফিসে। তবে যা-ই পরেন চোখ রাখতে হবে পোশাকের রঙের দিকে। হালকা রঙের মানানসই পোশাকই আমার পছন্দ। সঙ্গে খেয়াল রাখি পোশাকরে ফিটিংয়ের দিকেও। কুর্তার সঙ্গে স্লিপার বা বেল্টসহ স্যান্ডেল কিংবা ট্রাউজার ও শার্টের সঙ্গে পরি শু। যেহেতু অনেক কিছুই রাখতে হয় ব্যাগে, তাই ব্যাগটা একটু বড় হওয়াই ভালো। আর মুখে হালকা ফেস পাউডার, লিপস্টিক আর কাজল।’ রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের কিছু কথা আপনাকে সাহায্য করবে নিজেকে সাজানোর ব্যাপারে। অফিসের সাজে রাখতে হবে একটা পেশাদার ভাব। অফিসে যাওয়ার আগে একটু নজর দিন নিজের দিকে। বেছে নিতে পারেন সালোয়ার-কামিজ, পরতে পারেন শাড়ি আবার পরতে পারেন শর্ট পাঞ্জাবি বা লম্বা ব্লেজার। অফিসে খুব রঙচঙে পোশাক না পরাই ভালো। সালোয়ার-কামিজ বা শাড়ি পুরোপুরি সুতি না হয়ে বরং সিনথেটিক হোক। সুতির পোশাক সারা দিন ঠিক রাখা বেশ কষ্টের। তার পরও যদি সুতি কাপড় পরা হয়, তাহলে মাথায় রাখতে হবে পোশাকটা যেন ইস্ত্রি করা হয় এবং কাপড়টা ভালো হয়। খাটো পাঞ্জাবি বা কুর্তা পরলে দেখবেন হাত ও গলা যেন ভালোভাবে ফিট হয় কিন্তু দেহের মাপটা একটু ঢিলাঢালা থাকে। এবার নজর দিন পায়ের দিকে। ব্লেজার, খাটো পাঞ্জাবি বা সালোয়ার-কামিজের সঙ্গে মানিয়ে যেতে পারে বেল্টসহ জুতা অথবা শু। আর শাড়ির সঙ্গে পরতে পারেন একটু হিল জুতা। চুলে সব সময় খোঁপা, বেণি বা ব্যান্ড দিয়ে আটকে রাখলে ভাল। খোলা চুল বা ভেজা চুলে অফিসে না যাওয়াই ভালো। ব্যাগ নিতে পারেন জুতার সঙ্গে মিলিয়ে। কালো বা বাদামি ব্যাগ বেশ মানিয়ে যায় অফিসের সঙ্গে। তবে পোশাকের রঙটা গাঢ় ও অনুজ্জ্বল হলে হাল ফ্যাশনের উজ্জ্বল ব্যাগ নিতেই পারেন। অফিসের মেকআপটা হালকা হওয়ায় ভালো। হালকা লিপস্টিক, আইলাইনার, মাশকারা, পাউডার নিলেই পরিপূর্ণ দেখাবে আপনাকে। হাতে একটা ঘড়ি আপনার মধ্যে একটা প্রফেশনাল লুক এনে দেবে। সঙ্গে পরতে পারেন ছোট্ট একটা লকেটসহ চেইন, মুক্তার সেট, পোশাকের সঙ্গে মিলিয়ে কোনো গয়না, হাতে একটা আংটি বা ব্রেসলেট। ব্যস, আর কী চাই?বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংবাদ উপস্থাপক শাহনাজ চৌধুরী বলেন, ‘সংসার, পেশা—সব সামলিয়ে প্রতিদিন শাড়ি বা আনুষ্ঠানিক পোশাক পরা যায় না। ব্যস্ত জীবনে ফতুয়া ও প্যান্ট অনেকটা স্বাচ্ছন্দ্য এনে দেয়। ফ্যাশনেবল ও উজ্জ্বল রংয়ের পোশাক পছন্দ করি, কিন্তু সেটা অবশ্যই আমার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে পরি। পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ ও জুতা পরি। ছোট পাথরের গয়না ভালো লাগে। এ ছাড়া আমার প্রায় সব পোশাকের সঙ্গে মিলিয়ে ঘড়ি আছে।’ফ্যাশন হাউস ইনফিনিটির পরিচালক ও প্রধান ফ্যাশন ডিজাইনার নাইমুল হক খান মনে করেন, অফিসে শাড়ি, সালোয়ার কামিজ বা শার্ট-প্যান্টের সঙ্গে ব্লেজার পরতে পারেন। যদি পরেন কুর্তা বা শর্ট পাঞ্জাবি তাহলে এর সঙ্গে নিতে পারেন ছোট স্কার্ফ। আর এর সঙ্গে পরতে পারেন গ্যাবাডিন বা হালকা রংয়ের ডেনিম প্যান্ট। অফিসে পরবেন বলেই পোশাকটা অনুজ্জ্বল হতে হবে, মোটেও তা নয়। চলতি ট্রেন্ডের সব পোশাকই পরতে পারেন অফিসেও। সেই সঙ্গে ব্যক্তিত্বের কথাটা মাথায় রাখলেই আপনি পরিপূর্ণভাবে তৈরি অফিসের জন্য।কৃতজ্ঞতা: দি ওয়েস্টিন, ঢাকা