সাজা
ঘরের মাচা নিয়ে আমার ছিল রাজ্যের কৌতূহল। প্রায়ই দেখতাম, মা কী সব পেড়ে আনে মাচা থেকে। সাধ থাকলেও কিন্তু আমি মাচায় উঠতে পারতাম না। কারণ, আমি ছিলাম ছোট। তখন তৃতীয় কি চতুর্থ শ্রেণীর ছাত্র।একদিন দুপুরবেলা সুযোগ বুঝে অতিকষ্টে মাচায় গিয়ে উঠলাম। দেখি, গোটা মাচা পেঁয়াজ, রসুন, আলু দিয়ে ভর্তি। আর কিছুই নেই। নিরাশ হয়ে নেমে আসছিলাম, একটা জিনিসের ওপর চোখ পড়তেই তো আমি থ। দেখি, কোণে একটা কাঁঠাল ভেঙে পড়ে আছে। কাঁঠালটা আকারে ছোট আর মাটির তৈরি। পরে বুঝেছি, সেটা ছিল মাটির ব্যাংক। যা-ই হোক, কাঁঠালটা নাড়তে গিয়ে ওর ভেতর যখন বেশ কয়েকটা টাকা আবিষ্কার করলাম, তখন আমার আনন্দ দেখে কে!একটা টাকা নিয়ে তখনই দে-ছুট স্কুলমাঠে। তখন আইসক্রিমওয়ালারা স্কুলে স্কুলে আইসক্রিম বেচত। কয়েক দিন বেশ খাওয়া চলল। কিন্তু এর ফল যে উল্টো হবে জানতাম না। আমার কাকাতো ভাইটা প্রায়ই আইসক্রিম খাওয়ার সময় জুল জুল করে চেয়ে থাকত। আমি তাকে বুড়ো আঙুল দেখিয়ে আইসক্রিম চুষতাম। হঠাৎ একদিন আমার বড় ভাই এসে আমাকে ক্যাঁক করে চেপে ধরলেন, ‘অ্যাই বানর, ব্যাংক থেকে তুই টাকা নিয়েছিস না?’আমি অবাক হওয়ার ভান করলাম। ‘টাকা? আমি নিয়েছি? দূর, তা নিতে যাব কেন, আমি তো...’কিন্তু সেসব বলে কি আর পার পাওয়ার জো আছে। দাদা ততক্ষণে আমার লম্বা কান দুটো খপ করে ধরে ফেলেছেন। ধরেই কান টানাটানি আর চড়-থাপড়ের সে কী বহর! আমি তো কেঁদে-কেটে একেবারে হুলুস্থুল বাধিয়ে তুললাম। তুলবই না কেন, পাক্কা চোরকেও বোধহয় ওভাবে কেউ কোনো দিন প্যাঁদায়নি।আর না পেরে দাদা যখন রণে ভঙ্গ দিয়েছেন তখন দেখি, আমায় দেখে আমার কাকাতো ভাইটা ফিক ফিক করে হাসছে, আর হাততালি দিয়ে গড়াগড়ি দিচ্ছে। মনে মনে হয়তো এও বলছে যে ‘ক্যামন, আমায় যেমন দেখিয়ে দেখিয়ে আইসক্রিম খেতিস, এখন বোঝ মজা!’আমার যা রাগ হলো, সে আর কী বলব।গোঁসাই চাঁদ বর্মণখানসামা, দিনাজপুর।