সাজা মওকুফের কারণসমূহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই গণমাধ্যমের খবরে জানা গেল, বেশ কিছু শীর্ষ সন্ত্রাসীসহ নানা অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ করে দেওয়া হচ্ছে! সংখ্যাটা মোটেও কম নয়, প্রায় ৫৩ জন (সূত্র: প্রথম আলো, ২৮ জুলাই ২০১৭)। ‘অত্যন্ত কোমল’ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাজা মওকুফের আসল কারণগুলো খুঁজে বের করেছেন আহমেদ খান

জলাবদ্ধতা
ঢাকা ও চট্টগ্রাম জলাবদ্ধ। প্রবল বর্ষণ ও কেবল কথাসর্বস্ব নগরপিতা হেতু এই জলাবদ্ধতায় সাধারণ নাগরিকের জীবন যখন অতিষ্ঠ, তখন কীভাবে কেউ ‘জেলেবদ্ধ’ হয়ে আয়েশে থাকতে পারে? এ প্রসঙ্গে বুকপানিতে ডুবে হাফ হাতড়ে হাফ সাঁতরে অফিসগামী জনাব জামি বলেছেন, ‘ওরা একবার বাইরে আইসা দেখুক। দেখব, এদ্দিন কী মজাতেই না জেলে আছিল! ঢাকা আর চট্টগ্রাম এখন যেকোনো জেলের চেয়ে বেশি কষ্টের জেলখানা!’

সেবার জন্য বেরিয়ে যাও
আমাদের স্কুল-কলেজের গেটে যেমন লেখা থাকে—শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও; কর্তৃপক্ষ নিশ্চয়ই সে কথা মাথায় রেখেছে। অপরাধীদের যথেষ্ট শিক্ষাদান করা গেছে ভেবে এখন তাদের সেবার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে নিবেদিত ‘সেবক’ কান কাটা জগলু বলেছেন, ‘ম্যালা দিন একলা একলা এলাকার সেবা কইরা আসতেছি! এইবার ভাই বেরাদররা মিইল্যা সেবা করতে চাই।’

শান্তিপ্রিয়তা
যেসব আসামির সাজা মওকুফ করা হচ্ছে তাঁরা আসলে জেলের শান্তিতে বিঘ্ন ঘটাচ্ছিলেন। জেলখানার পরিবেশ নষ্ট করে এমন কোনো কিছুই নিশ্চয়ই কারা কর্তৃপক্ষ মেনে নেবে না। তাই জেলখানার গুলবাগিচা আগাছামুক্ত করতেই এহেন সিদ্ধান্ত!

মওকুফ নয় সাজা বৃদ্ধি
জেলে সময়মতো খেতে দেওয়া হয়, ঘুমানোর সুযোগ আছে পর্যাপ্ত, ফুলবাগান আর খোলা মাঠও আছে। জেলে আসলে প্রচুর সুযোগ-সুবিধা। সে তুলনায় জেলের বাইরে আমাদের সমস্যার যেন কোনো শেষ নেই। আজ বৃষ্টি তো সাত দিন পানিবন্দী, যানজট থেকে শুরু করে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি লাগাতার বেড়েই চলেছে। কমে চলেছে মানুষের জানমালের নিরাপত্তা। আসলে জেলের বাইরেই বসবাস করা কষ্টের। যাদের সাজা মওকুফ করা হয়েছে তাদের আসলে সাজা বাড়ানো হয়েছে। কারণ, তারা এখন আমাদের মতোই ভোগ করে চলবে দুর্ভোগ। সাজা মওকুফ হওয়া দুর্ভাগাদের জন্য তাই দীর্ঘশ্বাস ফেলে জনৈক বলেন, ‘জেলে ছিল ভালো ছিল বের হয়ে দেখবে শান্তি নাই...শান্তি নাই! ওরা বলবে, কোনবা পথে আবার জেলখানাতে যাই!’