সকালের উচ্ছ্বাস শেষ। এবার প্রস্তুতি দুপুরের জন্য। ঈদের দিনে দুপুরের দিকে পরিবারের সঙ্গেই সময়টা কাটে মূলত। খাওয়ার আয়োজন সামলাতে গিয়ে সাজ ঠিক রাখা মুশকিল। তবুও উৎসব বলে কথা! হালকাভাবেই হোক দুপুরের সাজ। ঈদের দুপুরের সাজ নিয়ে রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নি দিয়েছেন কিছু পরামর্শ।

দুপুরে বাসায় থাকলে নানা ধরনের কাজ করতে হয়। তাই অনেকেই পছন্দ করেন সালোয়ার-কামিজ। বাইরে দাওয়াতে গেলে শাড়ি পরা যেতে পারে। তবে সে ক্ষেত্রে সালোয়ার-কামিজ বা শাড়ি যেটাই হোক না কেন সুতি কাপড়ের হলেই ভালো।
এবার আসি মেকআপে। দিনের বেলার সাজে খুব সতর্ক হতে হয়। দুপুরের গরমে বেজ মেকআপ বেশি না দেওয়াই ভালো। হালকা মেকআপে আপনার স্নিগ্ধতা ফুটে উঠবে। বেসের ওপরে হালকা পাউডার লাগাতে পারেন। গরমে যেহেতু মুখ ঘামে, তাই লিকুইড ফাউন্ডেশন না লাগানোই ঠিক হবে। এতে মুখ তৈলাক্ত হয়ে যেতে পারে। তবে দাগের জন্য ফাউন্ডেশন পাউডার দিলে দাগ হালকা হবে।

হালকা রঙের পোশাক পরলে চোখও হালকা করে সাজাতে হবে। গোলাপি, সোনালি বা হালকা কোনো সুন্দর রঙের আইশ্যাডো পরতে পারেন। শাড়ি পরলে চোখে কাজল ভালো লাগবে। সালোয়ার-কামিজের সঙ্গে আইলাইনার ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার করেন না কেন তা হতে হবে পানি নিরোধক এবং সর্বশেষ দিতে হবে পানি নিরোধক মাসকারা। ব্যস শেষ হবে চোখের সাজ।
ঠোঁট রাঙাতে হালকা রংই বেছে নিতে পারেন। হালকা সোনালি, গোলাপি, পিচ, বাদামি আপনার ত্বকের রং বুঝে ব্যবহার করুন। ম্যাট লিপস্টিক ব্যবহার করাই ভালো।
ঈদের দিন অবশ্যই চুল ভালোমতো শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন। সালোয়ার-কামিজের সঙ্গে চুল ব্লো করে খোলা রাখতে পারেন বা হালকা ডিজাইন করে বেণি করতে পারেন। শাড়ি পরলে খোঁপাই ভালো। সঙ্গে বেলি বা হালকা ঘ্রাণের ফুল পরতে পারেন। কপালে রাখুন ছোট টিপ।
দুপুরে কানে রুপার বা মুক্তার দুল পরতে পারেন। শাড়ি পরলে কানের দুলের সঙ্গে গলায় ছোট মালা বেশ মানানসই। হাতে পরতে পারেন পোশাকের রং বুঝে হালকা কিছু চুড়ি।