সাজে বৈশাখ

বাঙালির প্রাণের উৎসব বৈশাখ কড়া নাড়ছে দোরগোড়ায়। রোদের দাবদাহ আর গরম আবহাওয়াকে উপেক্ষা করে লাল-সাদার আবেদনকে সঙ্গী করে আর সব রঙের মিশ্রণে রঙিন বৈশাখকে স্বাগত জানাই আমরা। আপনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? শাড়ি, কামিজ অথবা কুর্তাটি স্বভাবতই বেশ রঙিন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজের পরিকল্পনাটাও সেরে নিয়েছেন তো?

উৎসবের শুরু সকাল থেকে, পরনে রঙিন পোশাক আর গরমটাও বেশ, তাই সাজটা যতটা সম্ভব কোমল রাখুন। প্রথমেই সূর্যের রশ্মি থেকে ত্বককে বাঁচাতে সানব্লক ক্রিম লাগিয়ে নিন অথবা এসপিএফসমৃদ্ধ প্রসাধনী বেছে নিন। সাজকে দীর্ঘস্থায়ী করতে আর ঘাম থেকে বাঁচতে শুরুতে প্রাইমার ব্যবহার করতে পারেন। বেস মেকআপ হালকা করতে চাইলে শুধু বিবি/সিসি ক্রিম ব্যবহার করুন। আবার ময়েশ্চারাইজার ব্যবহারের পর শুধু কনসিলার দিয়েও ত্বকের দাগছোপগুলো ঢেকে নিতে পারেন। এরপর হালকাভাবে কম্প্যাক্ট বা প্রেসড পাউডার বুলিয়ে নিন। ফাউন্ডেশন ব্যবহার করতে চাইলে তা তেল ও পানিনিরোধক কি না দেখে নিন।

চেহারায় একটু বাদামি উজ্জ্বলতা নিয়ে আসা এই গরমের চলতি ট্রেন্ড, তাই ত্বকের সঙ্গে মিলিয়ে কনট্যুরিং করুন। অর্থাৎ ত্বকের রঙের চাইতে গাঢ় শেডের পাউডার বা ক্রিম ব্যবহার করে মুখের আকার ঠিক করে নিন। কনট্যুরিংয়ে হাত কাঁচা হলে দু-তিন দিন আগে থেকে একটু অনুশীলন করে নিন। গোলাপি বা শীতল শেডের ব্লাশঅন না লাগিয়ে কিছুটা পিচ বা উষ্ণ শেডের ব্লাশঅন পরুন।
চোখের সাজ শুরুর আগেও প্রাইমার ব্যবহার করুন, যাতে তা গরমে গলে না যায়। পোশাকের সঙ্গে মানিয়ে চোখের রং পছন্দ করুন। স্মোকি সাজটা দিনের জন্য কিছুটা পুরোনো চল, তাই এ বছরে নতুন কিছু পরুন। এক বা দু-তিন রঙের মিশ্রণ করতে পারেন অথবা চোখের কোল ঘেঁষে কাজলের সঙ্গে পছন্দের রংটা মিশিয়ে দিতে পারেন। কাজল অথবা আইলাইনার চোখের ওপরে-নিচে ইচ্ছেমতো পরতে পারেন কিন্তু শেষে চোখের পাপড়িতে কয়েক পরত মাশকারা লাগিয়ে নিতে ভুলবেন না। ঠোঁটের রং চোখের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে পরুন। এ সময়ের জন্য ম্যাট লিপস্টিকই সবচেয়ে উপযুক্ত হবে।
সবশেষে হাইলাইটার দিয়ে চেহারার উঁচু অংশগুলো হাইলাইট করে নিন আর সম্ভব হলে মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করুন। খুব ভোরে বের হলে চুল ছেড়ে বেরোতে পারেন, দিন বাড়ার সঙ্গে সঙ্গে চুলটা খোঁপা করে একটু স্নিগ্ধ স্পর্শ দেওয়ার জন্য ফুল বা মালা গুঁজে নিতে পারেন। সন্ধের দিকে চোখের সাজটা গাঢ় রঙের আইশ্যাডো দিয়ে গাঢ় করে নিন আর সঙ্গে গাঢ় কোনো লিপস্টিকও পরে নিতে পারেন।
বাইরে যাওয়ার সময় হাত ব্যাগে পাউডার, আয়না, চিরুনি, লিপস্টিক আর পানি নিয়ে নিন, যাতে প্রয়োজনমতো সাজটা ঠিক করে নেওয়া যায়। সারা দিনে খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখুন। ভাজা-পোড়া না খেয়ে স্বাস্থ্যকর খাবার খান। প্রচুর পানি পান করুন। তাজা ফল এ সময়ে বাইরে অহরহ পাওয়া যায় সুতরাং খিদে পেলে সে রকম কিছু খেয়ে নিন, তাতে সারা দিন সতেজ থাকবেন। আর বাড়তি সতেজতার জন্য ব্যবহার করতে পারে আপনার পছন্দের সুগন্ধি।
পুরোনো কথা, তাও আবার বলব, ত্বকের সমস্যা এড়াতে দিনের শেষে মেকআপ ভালোভাবে পরিষ্কার করাটা খুবই জরুরি। বেবি অয়েল, জলপাই তেল অথবা মেকআপ ক্লিনজার দিয়ে হালকা ম্যাসাজ করে মেকআপ তুলে ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন আর এরপর এক্সফোলিয়েট করে ফেসপ্যাক লাগিয়ে নিন। চুলে স্টাইলিং স্প্রে ব্যবহার করলে প্রথমে তেল দিয়ে তা মালিশ করে তারপর শ্যাম্পু করে ফেলুন।
লেখক: ব্লগার, গ্রিনস্টোরি