সাজে ব্রাশের খেলা

সুস্বাদু রান্নায় যেমন রয়েছে হাতের কারিশমা, তেমনি সুন্দর মেকআপেও রয়েছে ব্রাশের খেলা। সুন্দর ও ছিমছাম সাজাটা অনেক সহজ করে দেয় যথাযথ মেকআপ ব্রাশ ব্যবহার।
হারমনি স্পার আয়ুর্বেদ রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, নিখুঁত সাজের জন্য ভালো মানের প্রসাধনীর পাশাপাশি গুরুত্ব দিতে হবে মেকআপ ব্রাশটিকেও। সাজের ধরন অনুযায়ী তাই নির্বাচন করে নিতে হয় যথাযথ ও মাপমতো ব্রাশ।
মেকআপের ব্রাশ ও এর যথাযথ ব্যবহার নিয়ে রাহিমা সুলতানার পরামর্শ রইল।
কাজের ধরন অনুযায়ী আপনার মেকআপ ব্রাশ নির্বাচন করুন। ফাউন্ডেশন, কমপ্যাক্ট পাউডার, প্যানকেক—এগুলোর কাজ প্রায় এক হলেও এদের ব্যবহারের ব্রাশগুলো অবশ্যই আলাদা হবে। আলাদা হবে কাজল, আইশ্যাডো ও লিপস্টিকের ব্রাশগুলোও। ব্লাশন কিংবা শাইনিং পাউডারের আলতো ছোঁয়ার ব্রাশেও থাকবে ভিন্নতা। সাজের শুরুতে ত্বকের খুঁতগুলো ঢেকে দিতে কনসিলারের ব্রাশ হিসেবে বেছে নিন সরু ও চিকন মাথার ব্রাশ। এবার সেটি ত্বকের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে ব্যবহার করুন হালকা একটি স্পঞ্জের ব্রাশ।

ত্বকে ফাউন্ডেশন লাগাতে নিন চ্যাপটা ধরনের ব্রাশ। এটি আকারে একটু বড় হলে ভালো হয়। এতে পুরো মুখে সহজেই ফাউন্ডেশন মিশিয়ে নিতে সহজ হবে। এবারে মুখমণ্ডলের গড়ন ঠিক করে নেওয়া বা কনটুরিংয়ের জন্য আপনাকে বেছে নিতে হবে গোলাকৃতির ছোট ব্রাশ। এর আগে যাঁরা প্যানকেক ব্যবহার করতে চান, তাঁরা স্পঞ্জের কিংবা একটু ভারী ফোমের ব্রাশ ভিজিয়ে ব্যবহার করতে পারেন।
চোখের সুন্দর সাজের জন্য স্পঞ্জের আইশ্যাডো ব্রাশই যথেষ্ট নয়; চোখের নিচে আইশ্যাডোর পরশ বোলাতে লাগবে চ্যাপটা ও সরু আই ব্রাশ। চোখের পাতায় আইশ্যাডো লাগাতে বেছে নিন ত্রিকোণাকৃতির আই ব্রাশ। ভ্রুর নিচে হাইলাইট করতে চুলের তৈরি ব্রাশ হলেও চলবে। তবে স্পঞ্জ ব্রাশে এটি বেশি ভালো হয়। চোখের সাজকে চোখের সঙ্গে মিশিয়ে নিতে লাগবে গোলাকৃতির ব্রাশ।
ভ্রু সুন্দরভাবে উপস্থাপনের জন্য আপনার প্রয়োজন পড়বে একপাশে চিরুনি ও অন্য পাশে সরু লম্বা দানার বা চুলের (ব্রিসল) ব্রাশ। কাজল দেওয়ার জন্য যত পাতলা ব্রাশ হয়, ততই ভালো।
মাসকারার ব্রাশ অন্যান্য ব্রাশ থেকে তুলনামূলক শক্ত হবে। তবে খুব সূক্ষ্ম যেন না হয়।
সাজের ক্ষেত্রে মনের মতো চেহারা গড়ে নিতে নাকের দুপাশে ব্যবহার করুন চুলের তৈরি চ্যাপটা সরু ব্রাশ আর চেহারার কাটা ভাব ফুটিয়ে তুলতে গালের জন্য লাগবে গোলাকার, তবে তুলনামূলক কম সরু ব্রাশ। ব্লাশন লাগাতে বেছে নিতে পারেন বড় গোলাকার একটি ব্রাশ। ঠোঁট আঁকার জন্য সরু ও ছোট ব্রাশ আর লিপস্টিক লাগাতে চ্যাপটা ও কিছুটা বড় চুলের ব্রাশ বেছে নিন। আর লিপগ্লস লাগাতে কোমল স্পঞ্জের ব্রাশ তো সঙ্গেই থাকে। সাজের শেষে মোটা একটি গোলাকার ব্রাশ দিয়ে পুরো মুখে শাইনিং পাউডারের আলতো ছোঁয়াও নিশ্চয়ই বাকি রইল না।

তবে ব্রাশের কাজের ধরন যা-ই হোক না কেন, খেয়াল রাখতে হবে এটি যেন ভালো উপাদানে তৈরি হয় এবং ত্বকের জন্য কোমল হয়।
ফাউন্ডেশন ও পাউডার লাগানো ব্রাশের ব্যবহার হবে ঘড়ির কাঁটার মতো করে। ব্লাশনের ব্রাশটা যাবে নিচ থেকে ওপরের দিকে। কাজল পরতে হবে চোখের ভেতর থেকে বাইরে। আইশ্যাডোর ব্রাশের ব্যবহার হবে চোখের মাঝখান থেকে। এটি ডান থেকে বাঁয়ে যাবে। ঠোঁটের ব্রাশের ব্যবহারও মাঝখান থেকেই হবে। মাসকারার ব্রাশের ব্যবহার হবে ওপরের দিকে।
আশপাশের প্রসাধনীর দোকানগুলোতে ঢুঁ মারলেই পেয়ে যাবেন সঠিক মেকআপ ব্রাশ।

আপনি চাইলে আলমাস সুপার শপ ও প্রিয়-এর শোরুমগুলোতেও খুঁজে যেতে পারেন। এ ছাড়া ঢাকার চাঁদনী চক ও গাউছিয়ার প্রসাধনীর দোকানগুলোয় মেকআপের ব্রাশের খোঁজে আসতে পারেন। যাঁরা ঘরে বসেই পেতে চান মেকআপের ব্রাশ, তাঁরা ফেসবুকের বিউটি ও ফ্যাশন পেজগুলোয় চোখ রাখতে পারেন। সেখানে ছবি দেখে ফরমাশ দেওয়ারও সুযোগ পেয়ে যাবেন।
পাঁচ বা সাতটি ব্রাশের সেট পাবেন ১৫০ থেকে ২৫০ টাকায়। ১০ থেকে ১২টি ব্রাশের সেটের দাম পড়বে ৩২০ থেকে ৫৫০ টাকা। আপনি পৃথকভাবে ব্রাশ কিনতে পারেন ২০ থেকে ১৫০ টাকায়ও।