সাজেক ভূমিরক্ষা কমিটি ও নারী সমাজের সম্মেলন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন সাজেক ভূমিরক্ষা কমিটি ও সাজেক নারী সমাজের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর সকাল ১০টায় উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত সম্মেলনে দুটি সংগঠনের কমিটি গঠন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাজেক ভূমিরক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু চাকমা। এতে বক্তব্য দেন, ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবদন্ত ত্রিপুরা, হিল ইউমেন্স ফেডারেশনের সাবেক নেত্রী সোনালী চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শিখা চাকমা, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শান্তিপ্রভা চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরুপা চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান অতুলাল চাকমা, যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, ছাত্রনেতা অঙ্কন চাকমা ও সাজেক ভূমিরক্ষা কমিটির সহসভাপতি প্রদীপ চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, সাজেক ইউনিয়নের আদিবাসীদের উচ্ছেদের পাঁয়তারা করা হচ্ছে। এ কারণে সাজেক ভূমিরক্ষা কমিটি ও সাজেক নারী সমাজ গঠন করা হয়েছে। এখন পর্যটনের নামে সাজেকের ভূমি বেদখল হতে চলছে বলে বক্তারা অভিযোগ করেন।
পরে জ্ঞানেন্দু চাকমাকে সভাপতি, বিনয় চাকমাকে সাধারণ সম্পাদক ও বিটো চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট সাজেক ভূমিরক্ষা কমিটি গঠন করা হয়। অন্যদিকে নিরুপা চাকমাকে সভাপতি ও জ্যোৎস্না রানি চাকমাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট সাজেক নারী সমাজের কমিটি গঠন করা হয়।