সাজেকে কমলার ফলন ভালো, দাম কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ পাতার ফাঁকে ঝুলছে হলদে কমলা। যেদিকে চোখ যায় শুধু কমলাগাছ। গাছে গাছে কাঁচা-পাকা কমলা। চাষিরা পাকা কমলা ছিঁড়ে ভরছেন ঝুড়িতে। ঝুড়ি ভরে গেলেও ভরছে না তাঁদের মন। কারণ অনেক কষ্টে ফলানো কমলার দাম মিলছে না। সময়মতো বাজারজাত করতে না পারায় পানির দরে বিক্রি করতে হচ্ছে। এক জোড়া কমলা বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র তিন টাকা!বাঘাইছড়ির দুর্গম সাজেক পাহাড়ের ছয়নালছড়া ও ব্যাটলিং মৌজায় কমলার ভালো ফলন হলেও চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। কমলা বিক্রি করে খরচও উঠে আসছে না। পরিবহন সমস্যার কারণে কমলা বাজারজাত করা যাচ্ছে না, আর এ কারণে ভালো দাম পাচ্ছেন না বলে জানান কয়েকজন চাষি। অন্যদিকে কৃষি বিভাগেরও কোনো সহযোগিতা তাঁরা পাচ্ছেন না বলে জানান।সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এল থাংয়া পাংখোয়া এ ব্যাপারে বলেন, ‘এ ইউনিয়নের জমি কমলাচাষের উপযোগী, চাষও হচ্ছে বেশ। এখানকার কমলা মিষ্টি রসে ভরা। কিন্তু যোগাযোগ সমস্যার কারণে বাজারজাত করতে না পারায় চাষিরা লাভের মুখ দেখছেন না। যোগাযোগ-ব্যবস্থা উন্নত করা গেলে এবং সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে সাজেকের কমলা দিয়ে পুরো দেশের চাহিদা মেটানো যাবে।’ ২১ অক্টোবর সরেজমিনে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূল থাকায় সাজেক পাহাড়ে বসবাসকারী অধিকাংশ পরিবার কমলাবাগান করছেন। আগে তাঁরা জুমচাষ করতেন। কিন্তু নানা কারণে জুমচাষ লাভজনক না হওয়ায় কমলাচাষে ঝুঁকছেন। বর্তমানে সাজেকে অর্ধশতাধিক বাগান আছে বলে কৃষি কার্যালয় সূত্রে জানা যায়। ছয়নালছড়া গ্রামের বুদ্ধ মনি চাকমা বলেন, ‘আমি নিজের উদ্যোগে কারও সহযোগিতা ছাড়াই কমলাবাগান করছি। বাগানে দুহাজার কমলাগাছ রয়েছে। এখানে কোনো কৃষি কর্মকর্তা ভয়ে আসেন না। যোগাযোগ-ব্যবস্থা উন্নত হলে এবং সরকারের পৃষ্ঠপোষকতা পেলে কমলাচাষ করে আমরা লাভবান হতে পারতাম।’ বুদ্ধ মনি চাকমা আরও বলেন, ‘২০০৯ সালে ২২ হাজার কমলা ১২ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি। এ বছর বিক্রি শুরু করেছি। এ পর্যন্ত ৪০০ কমলা বিক্রি করেছি এক হাজার টাকায়। ক্রেতা পেলে পুরো বাগানের কমলা বিক্রি করে দেব।’এক চাষি বলেন, একটি কমলা দেড়-দুই টাকায় বিক্রি করতে হচ্ছে। শত শত কমলা ঝরে পড়ে নষ্ট হচ্ছে। বাজারজাত করাটাই আসল সমস্যা, এক-দুই দিন পায়ে হেঁটে কাঁধে করে নিয়ে মাচালং ও বাঘাইছড়ি বাজারে বিক্রি করতে হয়। জানা যায়, ২০০৪ সালে বাঘাইহাট-সাজেকের কংলাক পর্যন্ত ৩৬ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। গত ছয় বছরে মাত্র ২০ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। এতে প্রথমে ৪৫ কোটি ও পরে ৭০ কোটি টাকা নির্মাণব্যয় ধরা হয়। এ সড়ক নির্মিত হলে খাগড়াছড়ি ও রাঙামাটি সদরে সাজেকে উৎপাদিত কমলা সহজে বাজারজাত করা যাবে। ব্যাটলিং মৌজার ননাধন ত্রিপুরা বলেন, ‘আমি সাজেকে রাস্তা হবে শুনে ১০ বছর আগে কমলাবাগান করি। কিন্তু এখনো রাস্তা হলো না। বাজার দূরে হওয়ায় এক জোড়া কমলা তিন টাকায় বিক্রি করছি।’ মোন আদামের (গ্রাম) শান্তি বিকাশ চাকমা জানান, ‘আগে পুরো সাজেকে কমলাবাগান ছিল। পরিবহনের সমস্যার কারণে চাষিরা কমলাচাষে কিছুটা নিরুৎসাহিত হচ্ছেন। সময়মতো বাজারে নিতে না পারায় হাজার হাজার কমলা নষ্ট হয়ে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সাজেকের মাটি উর্বর হওয়ায় উৎপাদিত কমলা মিষ্টি, রসও বেশি। নিরাপত্তার কারণে সাজেকে যাওয়া সম্ভব হয় না। তবে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, ‘শুনেছি সাজেকের কমলা খুবই মিষ্টি। দুর্গম এলাকা হওয়ায় সেখানে যাওয়া হয় না। আগামী মাসে সাজেকের কমলা দেখতে যাওয়ার চেষ্টা করব।’