সাজেকে চিকিৎসাসেবা বঞ্চিত ২০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম চারটি ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব এলাকায় প্রতিবছর ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয়। এ ছাড়া নারী, শিশু ও বয়স্ক সবারই রয়েছে পুষ্টিহীনতা। প্রসূতি নারী ও শিশুরা টিকা পায় না। রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের একটি চিকিৎসক দলের সঙ্গে সাজেক গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সম্প্রতি ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেওয়ায় গত ২৯ থেকে ৩১ জুলাই রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও ইউএনডিপির স্বাস্থ্যকর্মীরা যৌথভাবে সাজেক ইউনিয়নের বিভিন্ন স্থানে চিকিৎসা শিবিরের আয়োজন করে। চিকিৎসকেরা স্থানীয় বাসিন্দাদের ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন। চিকিৎসা শিবিরের নেতৃত্ব দেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা বিনোদ শেখর চাকমা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তা এন্ড্রু বিশ্বাস।
বিনোদ শেখর চাকমা বলেন, নানা সমস্যার কারণে লোকজনের কাছে সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হয় না। দুর্গম এলাকা বলে টিকাদান কর্মসূচি পরিচালনা খুবই কঠিন। এসব এলাকায় এসে স্বাস্থ্যকর্মীরা কাজ করলেও যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় টিকা নিয়ে আসা সম্ভব হয় না। পাশাপাশি টিকাদানকেন্দ্র অনেক দূরে হওয়ায় মায়েরা শিশুদের নিয়ে সেখানে যান না। দুর্গম এলাকার অধিকাংশ শিশু পুষ্টিহীনতার কারণে ঠিকভাবে বেড়ে উঠতে পারছে না। বিভিন্ন বয়সী লোকজনের অপুষ্টি, পেপটিক আলসার, বাতরোগ, পেটের পীড়া, চর্মরোগসহ নানা রোগ রয়েছে।
ব্র্যাকের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তারা জানান, মালেরিয়া নিয়ন্ত্রণে জুমচাষিদের কাছে ওষুধে ডোবানো মশারি বিতরণ কার্যক্রমও ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। বিচ্ছিন্ন দুর্গম পাহাড়ের বাসিন্দাদের কাছে মশারি পৌঁছায় না। খবর দেওয়া হলেও তাঁরা অনেকে মশারি নিতে আসেন না।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাজেক ইউনিয়নের ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সরাসরি সড়ক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। সাজেকের বহু স্থান থেকে সবচেয়ে কাছের বাজার মাচালংয়ে আসতে ছয় ঘণ্টা থেকে দুদিন পর্যন্ত সময় লাগে। তবে বর্ষার তিন মাস কাছলং নদীপথে নৌকায় যাতায়াত করা যায়।
সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কালাচোগা চাকমা বলেন, এসব এলাকায় প্রায় সারা বছর লোকজন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। সম্প্রতি এর প্রকোপ বেড়েছে। তবে ম্যালেরিয়ায় কোনো লোকের মৃত্যুর খবর তাঁর কাছে নেই।
৫ নম্বর নম্বর ওয়ার্ডের সদস্য নতুন জয় চাকমা বলেন, এখানে বিভিন্ন সময়ে স্বাস্থ্যকর্মীরা আসেন। তবে দুর্গম পাহাড়ে বসবাসকারী লোকজন নানা কাজে ব্যস্ত থাকায় চিকিৎসা ও পরামর্শের জন্য স্বাস্থ্যকর্মীদের কাছে যান না।
স্বাস্থ্য শিবিরে চিকিৎসা নিতে আসা নারীরা চিকিৎসকদের জানান, তাঁরা নিজেরা টিকা নেননি। আর শিশুদেরও টিকা দেননি। টিকা দেওয়ার দিন–তারিখও জানেন না। দুর্গম এলাকায় বসবাসের কারণে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া সম্ভব হয় না। ফলে, শিশুরা টিকা পায় না।
সাজেক ইউপির চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, দুর্গম এলাকার মানুষ দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাদের সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনাও খুবই কঠিন কাজ। কারণ, তারা বসবাস করে বিচ্ছিন্নভাবে। এমনকি টিকা দিবসের সময় খবর দেওয়া হলেও অনেকের কাছে খবর পৌঁছায় না। নারী ও শিশুদের টিকার আওয়তায় আনতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।