বাঘাইহাট সেনা জোনের মতবিনিময় সভায় বক্তারা
সাজেকের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে
সাজেক এখন দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে ৯ মার্চ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। সভায় বক্তারা সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম ও মৌজা প্রধান এবং স্থানীয় বাসিন্দাদের ভূমিকা রাখার আহ্বান জানান।
বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার সিদ্দিকির সভাপতিত্বে মাচালং সেনা ক্যাম্প সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সাজেকের জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য দেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, রুইলুই মৌজার হেডম্যান লাল থাংয়া লুসাই, মাচালং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিসেন্ট চাকমা, রুইলুইপাড়া হোটেল ব্যবসায়ী অনিত্য ত্রিপুরা ও মাচালং এলাকার বাসিন্দা আর্জেন্ট চাকমা।
সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সাজেকে নানা ধরনের উসকানিমূলক কার্যক্রম চালাচ্ছে। এসব বন্ধ করতে সবাইকে সতর্ক থাকতে হবে। বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার সিদ্দিকি বলেন, যারা উন্নয়ন চায় না, তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত। তাদের প্রতিরোধ করতে গেলে এলাকার জনপ্রতিনিধি এবং মৌজা ও গ্রামপ্রধানদের সহযোগিতা প্রয়োজন। সাজেকে রুইলুই পর্যটনকেন্দ্র গড়ে ওঠায় স্থানীয় শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে পর্যটন আরও বাড়বে।