সাজেকের পথে ঝোপঝাড় ডেকে আনছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝোপঝাড়ে ঢাকা পড়েছে সড়ক। দেখা যায় না বিপরীত দিক থেকে আসা গাড়ি ও রাস্তার বিপজ্জনক বাঁক। সাজেকের রুইলুই ভ্যালির এই সড়কে তাই ঘটছে দুর্ঘটনা l প্রথম আলো
ঝোপঝাড়ে ঢাকা পড়েছে সড়ক। দেখা যায় না বিপরীত দিক থেকে আসা গাড়ি ও রাস্তার বিপজ্জনক বাঁক। সাজেকের রুইলুই ভ্যালির এই সড়কে তাই ঘটছে দুর্ঘটনা l প্রথম আলো

আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে পৌঁছাতে হয় ভূস্বর্গখ্যাত রাঙামাটি জেলার বাঘাইছড়ির সাজেকে। তবে বুকে হিম ধরানো এই পথে নতুন বিপত্তি হিসেবে দেখা দিয়েছে
ঝোপঝাড়। সাজেকের বাঘাইহাট থেকে রুইলুই পর্যটনকেন্দ্র পর্যন্ত ৩৪ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে ঝোপঝাড়ের কারণে রাস্তা সরু হয়ে গেছে। পাশাপাশি সড়কের বাঁক দেখতে সমস্যায় পড়ছেন যানবাহন চালকেরা। এ কারণে ঘটছে দুর্ঘটনা।
বাঘাইহাটের গাড়িচালকেরা জানান, কেবল ৩ আগস্ট এক দিনেই বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। সড়কের ধাবআদাম ও আট নম্বরপাড়া এলাকায় একটি জিপগাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ ছাড়া সিজক ও ৯ নম্বর এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এ সড়কে দুর্ঘটনার শিকার আহত ব্যক্তিদের খাগড়াছড়ি সদরে নিয়ে যাওয়া হয়। এ কারণে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র পাওয়া যায়নি। তবে সাজেকের মোটরসাইকেল ও চাঁদের গাড়ির চালকেরা বলছেন, সম্প্রতি এমন দুর্ঘটনায় অন্তত ২০-২৫ জন আহত হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ২০০৪ সালে সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) সাজেকের বাঘাইহাট থেকে রুইলুই পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করে। এতে শুরুতে ৭০ কোটি টাকা ব্যয় ধরা হলেও পরবর্তীকালে আরও ১০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়। ২০১৩ সালের শেষে দিকে নির্মাণকাজ শেষ হয়। প্রতিবছর সড়কের দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করা হলেও এ বছর এখনো তা করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, বাঘাইহাট থেকে রুইলুই সড়কে বেশির ভাগ অংশে ঝোপঝাড়ে ঢাকা পড়েছে। বিশেষ করে উলুছড়া, টাইগার টিলা, ধাবআদাম, আট নম্বরপাড়া ও নয় নম্বর পাড়াসহ বেশ কয়েকটি এলাকা সড়কের দুই পাশ ঝোপঝাড়ে ঢেকে গেছে।
জিপ চালক মো. নুরু বলেন, সড়কে এমনিতেই অসংখ্য বাঁক রয়েছে। এসব বাঁক ঝোপে ঢাকা পড়ায় চালকেরা দেখতে পান না। অনেক সময় দুটি গাড়ি মুখোমুখি পড়ে যায়। ঈদের পর দিন থেকে সড়কে কমপক্ষে অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে। ঝোপ পরিষ্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা হবে বলে তিনি জানান।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা প্রথম আলোকে বলেন, বাঘাইহাট-রুইলুই সড়কটি খুব মজবুত ও মসৃণ। কোথাও তেমন ভাঙাচোরা নেই। কিন্তু সড়কের দুই পাশ ঝোপঝাড়ে ঢাকা পড়ায় চলাচলের অসুবিধা হচ্ছে। এ কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।
সেনাবাহিনীর বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্নেল মো. আলী হায়দার সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘সড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে গিয়ে যানচলাচলের অসুবিধা হচ্ছে। এটা আমাদের নজরেও এসেছে। বিষয়টি আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নকে (ইসিবিকে) জানানো হয়েছে। তারা দ্রুত জঙ্গল পরিষ্কার করার পদক্ষেপ নিচ্ছে।’