রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের অধিকাংশ শিশু পোলিও টিকা কার্যক্রমের বাইরে রয়ে গেছে। দুর্গম এলাকা হওয়ায় এ অঞ্চলের শিশুরা স্বাস্থ্যসুবিধা পায় না।জানা গেছে, ১৭ নভেম্বর একই পরিবারের তিন শিশু সত্য দত্ত চাকমা (১২), কুশল দত্ত চাকমা (৯) ও প্রীতি দত্ত চাকমাকে (৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এই শিশুদের মধ্যে পোলিও রোগের লক্ষণ শনাক্ত করেছেন চিকিৎসকেরা।তবে তাদের পোলিও হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তাঁরা। নিশ্চিত হওয়ার জন্য এদের মল পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।শিশুদের বাবা নাগরচান চাকমা বলেন, ‘দুই বছর আগে বড় ছেলে সত্য দত্তের পা হঠাৎ অবশ হয়ে যায়। এরপর পরিবারের আরও দুই শিশুর শরীরে এমন লক্ষণ দেখা দেয়।’সাজেকের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সড়কের পাশে বসবাসকারী পরিবারগুলো ছাড়া এলাকার অধিকাংশ শিশু পোলিওর টিকা পায়নি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সৈয়দ আরিফ উদ্দিন বলেন, ‘লক্ষণ দেখে মনে হচ্ছে তিন শিশুর পোলিও হয়েছে। তবে নিশ্চিত হতে ইতিমধ্যে তাদের মল পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাদের পোলিও রোগ হয়েছে বলা যাচ্ছে না।’ সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘এই ইউনিয়নে ৫০ হাজার লোকের মধ্যে ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এসব এলাকায় কোনো শিশুকে পোলিও টিকা দেওয়া হয় না। দ্রুত ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।’