সাজেকের ২০ গ্রামে পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গম সাজেকের ২০ গ্রামে পানীয় জলের তীব্র সংকট চলছে। এমনিতে ছড়া, ঝরনা আর কুয়ার পানিই এখানকার বাসিন্দাদের পানীয় জলের ভরসা। এসব উৎস থেকেও এখন পানি পাওয়া যাচ্ছে কম।স্থানীয় লোকজন জানান, এবার ঠিকমতো বৃষ্টি না হওয়ায় পানির স্তর নিচে নেমে গেছে। তাই ছড়া-ঝরনায় পানিপ্রবাহ নেই বললেই চলে। গ্রাম থেকে দুই-তিন কিলোমিটার দূরে কয়েকটি কুয়ায় পানি পাওয়া গেলেও সেগুলো দুর্গন্ধযুক্ত। ফলে এলাকার লোকজন স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, বলপেয়ে, নতুন জৌপুই, পুরান জৌপুই, নিউ থাংমাং, ব্যাটলিং, তারুমপাড়া, কমলাপুর, লংত্যাং, অরুণপাড়া, কাচ্ছ্যাপাড়া, শিয়ালদাই, গন্ডাছড়া, থলছড়া, এগজ্যাছড়ি, মোন আদাম, ধাব আদাম, হলকপাড়া, নিমুইপাড়া, হগড়া হেজিং ও দুলুছড়ি গ্রামে পানীয় জলের সংকট দেখে দিয়েছে।ধাব আদাম গ্রামের চিত্তরঞ্জন চাকমা বলেন, ‘আমরা চরম পানীয় জলের সংকটের মধ্যে রয়েছি। পানির অভাবে আমি এক সপ্তাহ ধরে গোসল করিনি। অনেক কষ্ট করে নারীরা পানি সংগ্রহ করছেন।’শিয়ালদাইপাড়া মৌজার প্রধান জৌপুই থাং ত্রিপুরা বলেন, ‘প্রতিবছর এ মৌসুমে চরম পানিসংকট দেখা দেয়। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর একটু বেশি। দুই থেকে তিন কিলোমিটার দূরে গিয়েও পানি পাওয়া যাচ্ছে না।’ সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উতুলাল চাকমা বলেন, ‘সাজেকে ২০ গ্রামে অর্ধলক্ষাধিক মানুষ পানীয় জলের সংকটে রয়েছে। তাদের একমাত্র ভরসা এলাকার ঝরনা ও ছড়ার পানি। কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি মিলছে না।’ এ প্রসঙ্গে বাঘাইছড়ি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুল রাজ্জাক বলেন, ‘ওইসব গ্রামে নলকূপ বসানোর কোনো সুযোগ নেই। তারা যুগ যুগ ধরে ছড়া কিংবা ঝরনার পানি ব্যবহার করে আসছে। প্রতিবছর এ মৌসুমে পানীয় জলের চরম সংকট দেখা দেয়।’ উল্লেখ্য, গত বছর পানীয় জলের সংকট দেখা দেওয়ায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোনের উদ্যোগে রুইলুইপাড়া ও কংলাকপাড়ায় দুটি কুয়া স্থাপন করে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়। কিন্তু এ ২০ গ্রামের অবস্থান এখান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।